‘এবার, নয়তো কখনোই নয়’
বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাবনা কতটুকু?লিওনেল মেসি: আর্জেন্টিনা বরাবরই বিশ্বের অন্যতম ঐতিহ্যবাহী ফুটবল দল। অবশ্য এটা আমার কাছে খুব বেশি অর্থবহ নয়। আমার হিসাবটা সহজ-সরল। আমাদের একটা ভালো দল আছে, যে দলটার পক্ষে বিশ্বকাপে অনেক দূর পর্যন্ত যাওয়া সম্ভব। আমাদের এবারের আসরের অন্যতম ফেবারিট ধরা হচ্ছে, সেটা যে যুক্তিসংগত কারণেই, তা প্রমাণের সুযোগ এসেছে। তবে আমাদের কিন্তু প্রত্যেক প্রতিপক্ষকেই সমীহ করতে হবে। আমরা যদি সেরা দলও হই, সেটি আমাদের মাঠে খেলে প্রমাণ করতে হবে। দ্বিতীয় রাউন্ডে যাওয়ার জন্য গ্রুপের সেরা দুটো জায়গা নিয়ে দারুণ একটা লড়াই জমে উঠবে বলেই আমার বিশ্বাস। কোচ ডিয়েগো ম্যারাডোনাকে নিয়ে তো অনেক সমালোচনা। আপনার নিজের মত কী?মেসি: ম্যারাডোনা অনেক বড় মাপের ফুটবল ব্যক্তিত্ব। প্রত্যেক আর্জেন্টাইনের কাছে তিনি একজন কিংবদন্তি। জাতীয় দলে আমরা সবাই তাঁর ওপর আস্থা রাখি। আমাদের দৃঢ়বিশ্বাস, ম্যারাডোনা বেঞ্চ থেকে আমাদের নেতৃত্ব দেবেন। খেলোয়াড় আর কোচ মিলেই একটা দল। সম্মিলিতভাবে লড়াই করাটাই মূল। গত বছরের চেয়ে এবার তো আরও দুর্দান্ত ফর্মে আছেন। স্বপ্নের মতো কাটছে সবকিছু।মেসি: হ্যাঁ, আরও একটা দুর্দান্ত মৌসুম গেল। তবে আমি যা অর্জন করেছি, তাতেই তৃপ্ত নই। বয়সে আমি এখনো অনেক তরুণ। অভিজ্ঞতা অর্জনের জন্য আরও অনেক বিষয় পড়ে রয়েছে আমার সামনে। আমার পক্ষে আরও উন্নতি করা সম্ভব। কদিন আগে বলেছিলেন, কিংবদন্তি হতে গেলে বিশ্বকাপ জিততে হয়। সেই শর্তটা এবার পূরণ করতে পারবেন?মেসি: কিংবদন্তি হতে গেলে, গ্রেট খেলোয়াড়ের তালিকায় নাম লেখাতে চাইলে আপনাকে অবশ্যই বিশ্বকাপ জিততে হবে। আমার বয়স সবে ২২। এদিক দিয়ে ভেবে দেখলে আমার জন্য সবকিছু একটু বেশি আগাম হয়ে গেছে। তবে আমি মাথাটা ঠান্ডাই রাখছি। আপনার চূড়ান্ত ফুটবলীয় স্বপ্ন কী?মেসি: অবশ্যই বিশ্বকাপ জেতা। ২০০৬ বিশ্বকাপে মাত্র একটা ম্যাচে আমি শুরু থেকে মাঠে নেমেছিলাম। আমি তো অবশ্যই আরও বেশি খেলতে চাই। তাই ২০১০ বিশ্বকাপের জন্য আমার তর সইছে না। আমার মনে হয়, আমাদের দলে অসাধারণ প্রতিভাধর কিছু খেলোয়াড় আছে। ভাগ্য আর সাহস সঙ্গী হলে আমরা এবার শিরোপা জিততে পারি। দলে এত প্রতিভাবান খেলোয়াড় থাকার পরও বড় কোনো ট্রফি কেন জিততে পারছে না আর্জেন্টিনা?মেসি: গত বিশ্বকাপে আমাদের যে দলটা খেলেছে, সেটার পক্ষে কিন্তু শিরোপা জেতা সম্ভব ছিল। কেন আমরা পারিনি, সেই ব্যাখ্যা আমার কাছে এখনো পরিষ্কার নয়। জার্মানির বিপক্ষে (কোয়ার্টার ফাইনালে) আমরা কিন্তু জয়ের প্রান্তেই ছিলাম। পেনাল্টি শ্যুট-আউটে যে ভাগ্যের পরশ লাগে, সেটি আমরা পাইনি। এখন দলে নতুন যুগের সূচনা হয়েছে। দলে অনেক তরুণ খেলোয়াড়ও আছে। এবার বিশ্বকাপ বাছাইপর্বেও কিন্তু আর্জেন্টিনাকে সংগ্রাম করতে হয়েছে।মেসি: হ্যাঁ, বাছাইপর্ব আমাদের জন্য খুবই কঠিন ছিল। বাছাইপর্ব পেরিয়ে যেতে আমাদের অনেক কষ্ট করতে হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত আমরা লক্ষ্য অর্জন করেছি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, সঠিকভাবে প্রস্তুতি নিয়ে সম্ভাব্য সেরা অবস্থায় বিশ্বকাপে যাওয়া। এবার আর্জেন্টিনার গ্রুপটা কেমন হয়েছে?মেসি: আমার কাছে তো গ্রুপটাকে কঠিনই মনে হয়। বিশ্বকাপের মতো আসরে যেকোনো দলকেই হালকাভাবে নেওয়া ভুল। প্রতিটি দেশই নিজেদের উজাড় করে দিয়ে খেলে। প্রত্যেকেই ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ ছুড়ে দেয়। দ্বিতীয় রাউন্ডে যেতে চাইলে তাই আমাদের অবশ্যই সর্বোচ্চ চেষ্টাটাই করতে হবে। ক্লাবের ফর্মটা জাতীয় দলের হয়ে রূপান্তরিত করাটা আপনার জন্য আসলে কতটা কঠিন?মেসি: আসলে আমি চাপমুক্ত হয়ে খেলতে অভ্যস্ত। মাঠে যখন নামি (বার্সেলোনার হয়ে), তখন আমার ওপর সেভাবে চাপ থাকে না। আশা করি, জাতীয় দলে আমি সেই স্বাধীনতাটা পাব। হয়তো আর্জেন্টিনার হয়ে খেলার সময় আপনাআপনি একটা চাপ চলে আসে বলেই আমি আমার মতো খেলতে পারি না। অবসর সময়টা আপনি কীভাবে কাটান? মেসি: আমি আর দশটা সাধারণ মানুষের মতোই। যখন খেলা থাকে না, বন্ধু-পরিবারের সঙ্গে সময় কাটাতে পছন্দ করি। কখনো কখনো কম্পিউটার গেমস খেলি। রেস্তোরাঁয় খেতে চলে যাই। আমি আসলে কখনোই চাকচিক্য বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত নই। পেশাদার ফুটবলে টাকাটা একটা উপলক্ষ মাত্র, যার ফলে ভালোভাবে জীবন ধারণ করা সম্ভব। কিন্তু পেশাদার ফুটবল না খেললে আমি হয়তো খেলার আনন্দেই ফুটবল খেলতাম। মেসি বনাম রোনালদো লড়াইটা তো বিশ্বকাপেও হবে।মেসি: অনেকবারই বলেছি, রোনালদোর সঙ্গে নিজের তুলনা আমি মোটেও পছন্দ করি না। আমরা দুজনে সম্পূর্ণ আলাদা ধরনের খেলোয়াড়। বার্সেলোনা আর আর্জেন্টিনার হয়ে অবদান রাখতে পারলেই আমি খুশি। রোনালদো অবিশ্বাস্য এক ফুটবলার। ওর খেলা দেখার জন্য আমি টিকিট কাটতেও রাজি। আমি ওয়েইন রুনিরও খুব ভক্ত।ভাষান্তর রাজীব হাসান