‘এবার করলাম জোড়া গোল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশে স্ট্রাইকার-সংকটের মধ্যে যেন আলোর ঝলকানি। ইনজুরি কাটিয়ে দীর্ঘদিন পর মাঠে ফিরে নিয়মিতই গোল পাচ্ছেন মোহাম্মদ রবিন। কাল তো দুই গোল করে পিছিয়ে পড়া আবাহনীকে তুলে নিলেন সুপার কাপের ফাইনালে। কিশোরগঞ্জের এই তরুণ টিকে থাকতে চান অনেক দিন আজ (কাল) মুক্তিযোদ্ধার বিপক্ষে আপনার দল দুবার পিছিয়ে পড়ে আপনার গোলেই ম্যাচে ফিরল। তারপর টাইব্রেকারে জয়। কেমন লাগছে?মোহাম্মদ রবিন: অসাধারণ লাগছে। ভাষায় প্রকাশ করতে পারব না। দল আমার দুই গোলে ম্যাচে ফিরেছে। সামনে কোটি টাকার হাতছানি। পারফরম্যান্সটা ধরে রাখতে চাই। আপনি গোল পাওয়া মানে আবাহনীর জন্য স্বস্তি। পারবেন ফাইনালেও জ্বলে উঠতে?রবিন: চেষ্টা তো করবই। এখন ফিট মনে হচ্ছে নিজেকে। পায়ে একটু সমস্যা থাকায় জাতীয় দলের হয়ে গত ম্যাচটা খেলতে পারিনি। আশা করি, আর সমস্যা হবে না। ফাইনালেও আবাহনীর সমর্থকদের মুখে হাসি ফোটাতে আপ্রাণ চেষ্টা করব। এই রকম জোড়া গোল শেষ কবে করেছেন মনে আছে?রবিন: (কিছুক্ষণ ভেবে) সম্ভবত মোহামেডানে থাকতে। এটা বছর তিনেক আগের কথা। ইনজুরির কারণে গত মৌসুমটা তো খেলতেই পারলাম না। এবার লিগে ছয়টি ম্যাচ খেলে ৪টি গোল করেছি। এই মৌসুমে জোড়া গোল আজই (কাল) প্রথম করলাম। তাহলে কি বলা যায়, সুপার কাপের এই সেমিফাইনাল দিয়ে রবিন ফিরে এল সেরা ফর্মে?রবিন: তা বলতে পারেন। তবে ঘটনা হলো, আমি তো এখন আর স্ট্রাইকিংয়ে খেলি না। দল আমাকে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে ব্যবহার করে। আজও তা-ই করেছে। তা এই ম্যাচের জন্য আপনার প্রস্তুতিটা কেমন ছিল? রবিন: আমি অনেক প্রস্তুতি নিয়েছিলাম। নিজেকে তুলে ধরার একটা চ্যালেঞ্জ তো সবার মধ্যেই থাকে। আমারও ছিল। আমি চেষ্টা করেছি যে করেই হোক দলকে জেতাতে। সেটি পেরেছি বলে এখন আত্মবিশ্বাসটা অনেক বেড়েছে। বাংলাদেশে তো স্ট্রাইকার-সংকট চলছে অনেক দিন ধরে। আপনি কি কিছুটা হলেও এই সংকট দূর করতে পারবেন?রবিন: সামনে কী হবে, বলতে পারব না। তবে আমি জাতীয় দলের হয়ে খেলতে চাই। আমি মনে করি, স্ট্রাইকার-সংকট বলেকয়ে দূর হবে না, যদি না বিদেশি খেলোয়াড় কোটা কমানো হয়। কিন্তু ক্লাবগুলো তো দেশি স্ট্রাইকারদের ওপর আস্থা রাখতে পারে না। এই আস্থা ফেরানোর কাজটা তো আপনাদেরই করতে হবে...রবিন: তা তো অবশ্যই। তবে একটা জিনিস দেখেন, আমাদের দেশে যেসব বিদেশি স্ট্রাইকার খেলে, তাদের বেশির ভাগেরই কী অবস্থা। সমস্যা আমাদের ক্লাবগুলোর। আমাদের ওপর কনফিডেন্স রাখতে হবে। সেটা রাখার মতো অবস্থায় আপনারা যেতে পেরেছেন?রবিন: আমি মনে করি, যেতে পেরেছি। খারাপ তো করছে না কেউ। মাঝেমধ্যে সমস্যা হয় ঠিকই, আবার আমরাও দলকে জেতাতে পারি। গত সুপার কাপে চ্যাম্পিয়ন মোহামেডানে খেলেছেন। আরেকটা সুপার কাপে সেই মোহামেডানই আবাহনীর প্রতিপক্ষ। কী ভাবছেন এই মুহূর্তে...রবিন: ভাবছি, এবারও আমি চ্যাম্পিয়ন দলে থাকব। গতবার সুপার কাপের সেমিফাইনালে একটা গোল করেছিলাম। এবারও জোড়া গোল। আবাহনী-মোহামেডান সুপার কাপ ফাইনাল এবারও জমবে ভালো। ইনজুরির সময়টা আপনার জন্য কঠিন ছিল। কীভাবে সেই সময়টা পেরিয়ে এলেন?রবিন: অনেক কঠিন ছিল সেটি। বাড়িতে পর্যন্ত যেতে পারিনি। আমাদের দেশে ভালো ডাক্তার নেই, ভালো ফিজিও নেই। খেলোয়াড়েরা সিস্টেমের জন্য অনেক কিছু বোঝে না। তার জন্য মাসের পর মাস ইনজুরিতে পড়ে থাকে খেলোয়াড়েরা।