‘এবার চারার জন্নি ধান গাড়া যাবি না’
ঘন কুয়াশা ও তীব্র শীতের কারণে বোরো ধানের বীজতলা শীতজনিত রোগে আক্রান্ত হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে বোরো বীজতলা হলুদ বর্ণ হয়ে গেছে। অনেক বোরো চারা নষ্ট হয়ে যাওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। বীজ না পাওয়ায় তাঁরা নতুন করে বীজতলা তৈরি করতে পারছেন না। তাঁরা চারা সংকটের আশঙ্কা করছেন। বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর বগুড়া জেলায় এক লাখ ৯০ হাজার হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জন্য ১১ হাজার ৭০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। বগুড়ার নন্দীগ্রাম উপজেলার সিধইল গ্রামের কৃষক বাবু মিয়া, ফোকপাল গ্রামের সোহরাব আলী ও মোখলেছ উদ্দিন, রিধইল গ্রামের ফজলুর রহমান, কাথম গ্রামের শফিকুল ইসলাম, হাটলাল গ্রামের আবদুর রহিম ও পৌর এলাকার রব মণ্ডল জানান, এবার তীব্র শীতের কারণে বীজতলার অনেকটাই নষ্ট হয়ে গেছে। আর যে বীজতলার চারা ভালো রয়েছে, তা আর বড় হচ্ছে না। নন্দীগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা আনোয়ারুল আলম জানান, তীব্র শৈত্যপ্রবাহের কারণে কিছু বীজতলা নষ্ট হয়েছে। এবার এক হাজার ১০০ হেক্টর বীজতলা তৈরি করা হয়েছে। বগুড়ার কাহালু উপজেলায় তালিকাভুক্ত ৫৫ হাজার কৃষকের ১৯ হাজার ১০০ হেক্টর জমিতে বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। কিন্তু উপজেলার অনেক বীজতলার চারা মড়কে আক্রান্ত হওয়ায় চাষিরা দিশেহারা হয়ে পড়েছেন। কৃষি অফিসের তথ্যমতে, এবারের নির্ধারিত লক্ষ্যমাত্রার ধান চাষের জন্য ৯৫০ হেক্টর বীজতলার চারা প্রয়োজন। কিন্তু বীজতলা করা হয়েছে এক হাজার ৯৫ হেক্টর জমিতে। ৫০ হেক্টর জমির বীজতলা পাতামড়ক রোগে আক্রান্ত হয়েছে। কৃষি বিভাগের মাঠপর্যায়ের কর্মকর্তাদের ভাষ্যমতে, এ বছর চারা সংকটের আশঙ্কা নেই। তবে সরেজমিনে দেখা গেছে, বীজতলার চারা নষ্ট হওয়া সম্পর্কে কৃষি অফিস ও চাষিদের তথ্যের কোনোই মিল নেই। উপজেলার শিকড় গ্রামের কৃষক আ. মান্নান জানান, তাঁর আট শতক জমির বীজতলার সব চারাই মরে গেছে। কাটনাহারের জিল্লুর, ধাওয়াপাড়ার নুরুলসহ একাধিক চাষি জানান, তাঁদের বীজতলার অধিকাংশ চারাই মরে গেছে। এলাকার বিভিন্ন মাঠ ঘুরে দেখা গেছে, বেশির ভাগ বীজতলার চারা হলুদ বর্ণ হয়ে মরে যাচ্ছে। বগুড়ার সোনাতলা উপজেলায় এ বছর ৫৫০ হেক্টর জমিতে বোরো বীজতলা তৈরি করা হয়েছে। কিন্তু সেখানেও বীজতলা তীব্র শীতের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলা কৃষি কর্মকর্তা তাহেরুল ইসলাম জানান, বীজতলা নষ্ট হলেও বোরো চাষে চারা সংকট হবে না। সব এলাকায় নয়, কিছুু এলাকায় সামান্য কিছু বীজতলায় চারা নষ্ট হয়েছে। বগুড়ার আদমদীঘি উপজেলায় ৩৫০ হেক্টর বীজতলার মধ্যে ৪০ ভাগ বীজতলা শীতজনিত রোগে নষ্ট হয়ে গেছে বলে জানিয়েছেন এলাকার চাষিরা। বিশেষ করে রক্তদহ বিল এলাকার বীজতলাগুলো এবারও ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। পুশিন্দা গ্রামের চাষি জসিম শেখ বলেন, ‘এবার চারার জন্নি ধান গাড়া (রোপণ) যাবি না। ইংকা শীত বাবা আগে দেকোনি।’ বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শস্য উত্পাদন বিশেষজ্ঞ একরামুল হক শীতজনিত রোগে বোরো বীজতলা আক্রান্ত হওয়ার কথা স্বীকার করে জানান, এতে চাষিদের ভয় পাওয়ার কিছু নেই। কারণ সামান্য কিছু বোরো বীজতলা নষ্ট হলেও ধান চাষে সমস্যা হবে না।