‘এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেপালে আজ শুরু হচ্ছে সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল টুর্নামেন্ট। তবে বাংলাদেশ যুবদলের সাফ অভিযান শুরু হবে ২৩ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে। এক মাসের প্রস্তুতি নিয়ে এই প্রতিযোগিতার খেলছে বাংলাদেশ। তার পরও বাংলাদেশের সাফল্যপ্রত্যাশী অধিনায়ক টুটুল হোসেন। জয়পুরহাটের তরুণ কাল কাঠমান্ডু থেকে টেলিফোনে জানাল দলের প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গে  অনুশীলনের সময় তুমি নাকি হাঁটুতে চোট পেয়েছ। এখন কী অবস্থা?টুটুল: ইনজুরি ততটা গুরুতর নয়। একটু আগেই ডাক্তারের কাছ থেকে এলাম। ডাক্তার বলেছেন ভয়ের কিছু নেই। আমার জন্য দোয়া করবেন। সব মিলিয়ে প্রস্তুতি কেমন হলো?টুটুল: প্রস্তুতি ভালোই হয়েছে। যদিও এক মাসের অনুশীলন যথেষ্ট ছিল না। আরেকটু বেশি সময় প্রস্তুতি নিয়ে এলে নিশ্চয়ই আরও ভালো হতো।  তোমাদের দলের দায়িত্বে জাতীয় দলের সহকারী কোচ রেনে কোস্টার। ডাচ কোচের অধীনে কেমন শিখছ তোমরা?টুটুল: প্রথম দিকে উনি বলতেন, এই দল নিয়ে আমি কীভাবে কী করব বুঝতে পারছি না। উনি দল নিয়ে মনে হয় একটু অসন্তুষ্ট ছিলেন। তবে এখন বলেন, আই অ্যাম হ্যাপি। উনি আমাদের খুব ভালোভাবে, ধৈর্য সহকারে সবকিছু শেখান। আমাদের সবারই শেখার খুব আগ্রহ। বাংলাদেশের গ্রুপে পড়েছে শক্তিশালী ভারত ও শ্রীলঙ্কা। কেমন সম্ভাবনা দেখছ দলের?টুটুল: গতবার আমরা সেমিফাইনালে হেরে গিয়েছিলাম। ওই দলে অবশ্য আমি ছিলাম না। তবে এটুকু বলতে পারি, আমাদের যা সামর্থ্য তার সবটুকু দিয়ে মাঠে খেলতে পারলে ভারতকে হারাতে পারব। আর শ্রীলঙ্কাকে গতবার বড় ব্যবধানেই হারিয়েছিল বাংলাদেশ। সেই আত্মবিশ্বাস থেকেই বলছি, এবারও ওদের হারাতে পারব। শুধু তা-ই নয়, আমরা এবার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছি।  আগে তো কখনো দেশের বাইরে খেলোনি মনে হয়?টুটুল: না। দেশের বাইরে এটাই আমার প্রথম আন্তর্জাতিক টুর্নামেন্ট। শুধু আমারই কেন, রেনে কোস্টারেরও এটা বাংলাদেশের পক্ষে প্রথম টুর্নামেন্ট। আমাদের দুজনের একটাই লক্ষ্য থাকবে টুর্নামেন্টটা কীভাবে স্মরণীয় করে রাখা যায়। এ জন্য শেষ রক্তবিন্দু দিয়ে হলেও চেষ্টা করব ভালো খেলতে। দেশের মানুষকে খুশি করতে।  আবাহনীর অনূর্ধ্ব-১৬ দলে খেলছ তুমি। গত মৌসুমে আবাহনীর জুনিয়র দল তো ভালো করতে পারেনি।টুটুল: আমি পাইওনিয়ারে খেলতাম খিলগাঁওয়ের হয়ে। আমাদের দল গত বছর চ্যাম্পিয়ন হওয়ার পরই আবাহনীতে ডাক পেয়েছি। এবার খারাপ করেছে আবাহনী, কিন্তু আগামী মৌসুমে নিশ্চয়ই আমরা ভালো করব। তোমার ব্যক্তিগত লক্ষ্য কী?টুটুল: মাত্র এক বছর হলো ঢাকায় এসে ফুটবল খেলছি। এত তাড়াতাড়ি অনূর্ধ্ব-১৬ দলে সুযোগ পাব ভাবিনি। তবে আমার নিজের ওপর আস্থা আছে। স্বপ্ন দেখি একদিন জাতীয় দলে খেলব। ছোটবেলা থেকে ফুটবলই পছন্দ করি। জয়পুরহাটের প্রত্যন্ত গ্রাম থেকে ফুটবলের কারণে এখানে আসতে পেরেছি। এখানে টিকে থাকতে চাই অনেক দিন। আমার ফুটবলে আসতে অনুপ্রেরণা জুগিয়েছেন শিমুল মামা, লিচু স্যার, টোটাম মামা। তাদের কাছে আমি কৃতজ্ঞ। তোমার প্রিয় খেলোয়াড় কে?টুটুল: আবাহনীর গোলরক্ষক সোহেল ভাইকে খুব পছন্দ করি। ক্লাবে থাকলে উনি আমাকে অনেক উপদেশ দেন। আর আমি যেহেতু ডিফেন্ডার তাই ওয়ালি ফয়সাল ভাইয়ার খেলা বেশি ভালো লাগে। আরও বেশি ভালো লাগে জেরার্ড পিকের খেলা। বার্সেলোনা আর স্পেনের খেলা থাকলে টিভির সামনে থেকে আমাকে নড়ানো যায় না।