কোচিং জীবন শুরু করতে না-করতেই ছেড়ে দিয়েছিলেন। শেখ জামালের সহকারী কোচ হয়ে আবার ফিরলেন জুয়েল রানা। এবার থাকবেন তো? ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে সোনাজয়ী বাংলাদেশ দলের অধিনায়ক এবার থাকার জন্যই ফিরেছেন শেখ জামালের সহকারী কোচ হয়েছেন দুই দিন আগে। তা কী মনে করে কোচিংয়ে ফিরলেন?জুয়েল রানা: আপাতত কোচিংয়ে ফেরার ইচ্ছা ছিল না। লাইসেন্স করে তবেই আসতে চেয়েছিলাম। তাহলে ফিরলেন যে? জুয়েল: কাদের ভাইয়ের (শেখ জামালের সভাপতি মনজুর কাদের) সঙ্গে খেলোয়াড়ি জীবনে সম্পর্ক ছিল। তিনি ফোন করে বললেন, আসো। বললাম, কোচদের সম্মান থাকে না, গিয়ে কী হবে। আমার তো কোচিং সনদও নেই। তবু উনি বললেন, আসো। কথা বলে ভালো লাগল। পেশাদার কোচ হতে গেলে এখন সনদ বাধ্যতামূলক। সেই সনদ কখন কীভাবে নেবেন?জুয়েল: এটাই ভাবনার বিষয়। আমি খেলা ছাড়ার পর আমাদের এখানে ‘সি’ লাইসেন্স কোর্স হয়নি। শুরুতে আমাকে ‘সি’ লাইসেন্সটা করতে হবে। তারপর ‘বি’ ও ‘এ’। দেখা যাক, কখন কী করতে পারি। গত মৌসুমের আগের মৌসুমের মারুফুল হকের সহকারী হিসেবে এক মাস মোহামেডানে কাজ করেছেন। তারপর লম্বা একটা বিরতি। এবার কি থাকবেন?জুয়েল: এবার থাকতেই এসেছি। মোহামেডান ছেড়েছিলেন কেন? জুয়েল: তখন আমার দাবি ছিল, কোচদের সঙ্গে চুক্তি হতে হবে। চুক্তি না হলে আইনি অধিকার থাকে না। মোহামেডান কর্মকর্তারা আমার সঙ্গে চুক্তি করেনি। তাই মাত্র এক মাস থেকেই ছেড়ে দিয়েছিলাম। ভালো কাজ করার মতো উপযুক্ত পরিবেশ কি তৈরি হয়েছে এখন? জুয়েল: আমি এখনো মনে করি, পরিবেশটা আসেনি। জাতীয় খেলোয়াড়েরা আসে না, কারণ বেতন খুবই কম। তা ছাড়া ক্লাব কর্তারা কোচের ওপর প্রভাব খাটায়। এগুলো অবশ্য আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য। শেখ জামালে কোচের স্বাধীনতা নেই বলে অভিযোগ করে গেছেন সার্বিয়ান কোচ জোরান কার্লোভিচ। সেখানে নাকি ক্লাব সভাপতিই সব। কাজ করতে সমস্যা হবে না?জুয়েল: সবকিছু আলোচনা করে নিয়েছি। ক্লাব সভাপতির কিছু বলার থাকলে আগে থেকে জানাবেন। যেহেতু টাকাপয়সা খরচ করেন, দলের ভালো-মন্দ জানার অধিকার তো তাঁর আছেই। এগুলো আগে থেকে অলোচনা করলে সমাধানযোগ্য। সম্প্রতি কাঠমান্ডুতে অনূর্ধ্ব-১৬ প্রথম সাফ ফুটবলে বাংলাদেশ দলের ম্যানেজার ছিলেন। নেপাল গিয়ে সেই ১৯৯৯-এর স্মৃতি মনে পড়েছে নিশ্চিয়ই?জুয়েল: ১৯৯৯ এর পর এবারই প্রথম গিয়েছি কাঠমান্ডু। আমরা জানতাম, কাঠমান্ডুর বাইরে খেলা হবে। নেপালে নামার পর জানলাম, ভেন্যু বদল হয়েছে। কাঠমান্ডুর বাইরে পর্যাপ্ত অনুশীলন মাঠ ছিল না। তাই দশরথে খেলা হয়েছে। ওখানে পা দেওয়া মাত্রই ভেসে উঠেছে ’৯৯-এর স্মৃতি। কিশোর ফুটবলারদের সঙ্গে এই সফর গিয়ে আপনার সামগ্রিক মূল্যায়ন কী?জুয়েল: যুব ফুটবল নিয়ে আমরা ধীরে এগোচ্ছি, অন্যরা দ্রুত এগোচ্ছ। নেপাল টিমটা ৩ বছর ব্রিটিশ কোচের অধীনে আছে। অন্যদেরও ভালো প্রস্তুতি ছিল। বেশি বয়সী খেলোয়াড় নিয়ে পাকিস্তান চ্যাম্পিয়ন হয়েছে। জুনিয়র পর্যায়ে পাকিস্তানে এখন অনেক টুর্নামেন্ট হচ্ছে, যেটা একসময় আমাদের এখানে হতো। ঢাকায় মেসিদের ম্যাচের প্রস্তুতি নিয়ে ভজকট অবস্থা চলছে। বাংলাদেশ ভালোভাবে ম্যাচটা করতে পারবে?জুয়েল: আবহাওয়া নিয়ে বড় চিন্তা দেখছি। দেখা যাক কী হয়। তবে এটি ভালোভাবে করতে পারলে আমাদের ফুটবলে পজিটিভ চিন্তাটা ফিরে আসবে। ওটাই বড় প্রাপ্তি।