‘এবার ভালোই প্রস্তুতি নিয়েছি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত জুনে সর্বশেষ খেলেছেন কোরিয়াতে। মাঝে প্রায় দেড় মাস অলিম্পিকের কারণে সব রকমের গলফ বন্ধ ছিল। তবে আবারও ব্যস্ত হয়ে পড়ছেন গলফার সিদ্দিকুর রহমান। আগামী ডিসেম্বর পর্যন্ত তাঁর ঠাসা সূচিটা শুরু হচ্ছে ৩০ আগস্ট ওমেগা ইউরোপিয়ান মাস্টার্স দিয়ে। এ জন্য আজই সুইজারল্যান্ডের উদ্দেশে ঢাকা ছাড়বেন দেশসেরা গলফার। যাওয়ার আগে বললেন নিজের প্রস্তুতি ও অন্যান্য প্রসঙ্গে ওমেগা ইউরোপিয়ান মাস্টার্সের জন্য প্রস্তুতি কেমন হলো?সিদ্দিকুর রহমান: গত দেড় মাস যেহেতু দেশেই ছিলাম, তাই প্রস্তুতি ভালোই হয়েছে। এই টুর্নামেন্টে গত দুবার অংশ নিলেও ফলাফল তো প্রত্যাশামতো হয়নি (প্রথমবার র‌্যাঙ্কিংয়ের বাইরে, পরেরবার ১৭তম)। এবার প্রত্যাশা কেমন?সিদ্দিকুর: ইনশাল্লাহ, অনেক ভালো করব। কারণ, ভালোভাবেই প্রস্তুতি নিয়েছি। মাঝখানের এই বিরতির সময়টা কেমন কাটল?সিদ্দিকুর: সব কটি রোজা রেখেছিলাম। সময়টাও উপভোগ করেছি। সঙ্গে কয়েক দিন ভালোমতো প্র্যাকটিসও করেছি। সবচেয়ে বড় ব্যাপার হলো, তিন বছর পর এবার পরিবারের সঙ্গে ঈদ করতে পারলাম। এ জন্য খুবই ভালো লাগছে। ডিসেম্বর পর্যন্ত অনেক টুর্নামেন্টে খেলার আশা করছেন। কোনো বিশেষ পরিকল্পনা করে নামবেন?সিদ্দিকুর: সব সময় নিজের পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখার চেষ্টা করি। আর সেটার জন্য যা করণীয়, তা-ই করব। ওটা যদি ঠিকঠাকভাবে করতে পারি, তাহলে ভালোই করতে পারব। সামনে ঠাসা সূচির কারণে তো তাহলে দেশে আসার কমই সুযোগ পাবেন।সিদ্দিকুর: আমার মনে হয় না আসতে পারব। তবে আসতে হতেও পারে। ভিসা নিয়ে জটিলতা হচ্ছে। ভিসা করতে আসতে হতে পারে। এর আগে তো ভিসা জটিলতায় ইউএস ওপেনে খেলতে পারেননি। এই সমস্যা সমাধানের কি কোনো উপায় নেই?সিদ্দিকুর: বিষয়টা খুবই দুঃখজনক। এখানে খুব ধীরগতিতে চলে ভিসা-প্রক্রিয়া। আমি আসলে কিছুই বুঝতে পারছি না। আমাকে যদি সরকারি পর্যায়ে এ ব্যাপারে সাহায্য করা হতো, তাহলে খুব উপকার হতো। সরকার চাইলেই অনেক কিছু করতে পারে। কোন কোন দেশের ভিসা পেতে সমস্যা হচ্ছে?সিদ্দিকুর: এখনো মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্পেনের ভিসা পাইনি। কিন্তু একের পর এক টুর্নামেন্ট রয়েছে। ওই সব দেশের ভিসার জন্য অবশ্যই দেশে আসতে হবে এবং হয়তো বেশ কয়েকটা টুর্নামেন্ট মিস করতে হবে। ওই সব দেশে আমাদের বাংলাদেশি পাসপোর্ট দেখলেই ওদের মাথা খারাপ হয়ে যায়। ওরা সেটা নিতেই চায় না। বাংলাদেশের কেউই ওই সব দেশে গিয়ে ভিসা নিতে পারবে না। ক্রীড়া মন্ত্রণালয় বা এনএসসি (জাতীয় ক্রীড়া পরিষদ) যদি সাহায্য করত, তাহলে খুব ভালো হতো। এসব ক্ষেত্রে গলফ ফেডারেশন কি কোনো উদ্যোগ নেয়?সিদ্দিকুর: ফেডারেশন চেষ্টা করে। কিন্তু তেমন কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায় না। ইউরোপের ভিসা নিতে ১৫ দিন সময় দরকার। বলুন, আমার কি সম্ভব এভাবে ১৫ দিন সময় দেওয়া? ১৫ দিন মানে দুটি টুর্নামেন্ট বাদ। আমাকে এখন সবাই চেনে। আমি তো একজন খেলোয়াড়। আমাকে যদি ওরা দু-তিন বছরের মাল্টিপল ভিসা দিয়ে দেয়, তাহলে তো ক্ষতি নেই। এই ব্যাপারগুলো যদি সরকারি পর্যায়ে একটু দেখে, তাহলে আমার জন্য অনেক ভালো হয়।