কোচ নেই। নিজেদের মতো করে প্রস্তুতি নিয়ে দক্ষিণ এশীয় জুনিয়র টেবিল টেনিসে খেলতে যাচ্ছে বাংলাদেশ দল। টাকা নেই, তাই ২০-২২ জুলাইয়ের টুর্নামেন্টে সবাই যাচ্ছে সড়কপথে। এত প্রতিকূলতা পেরিয়েও পদক জয় করতে চায় টিটি খেলোয়াড় জাভেদ আহমেদ দক্ষিণ এশিয়ান জুনিয়র টেবিল টেনিস খেলতে কাল দিল্লি যাচ্ছ। কেমন প্রস্তুতি হলো?জাভেদ আহমেদ: আমাদের প্রস্তুতি তুলনামূলকভাবে কমই হয়েছে। কয়েকজন মোটামুটি প্রস্তুতি নিয়েছে, কয়েকজনের ছিল পরীক্ষা। আমি উত্তরায় একা একা অনুশীলন করেছি। গত বছর দলগতভাবে ব্রোঞ্জ জিতেছিলে। এবার কী লক্ষ্য?জাভেদ: এবার আমরা রুপা জিততে চাই। আসলেই কি রুপা জয়ের সম্ভাবনা আছে?জাভেদ: দক্ষিণ এশিয়ার টেবিল টেনিসে সেরা দল ভারত। ওদের হারিয়ে সোনা জয়ের কথা ভাবা অবাস্তবই মনে হয়। আমাদের প্রধান লক্ষ্যই থাকবে শ্রীলঙ্কা ও নেপালকে হারানো। এই দুই দলকে হারানো সম্ভব, আর সেটা পারলে রুপা নিশ্চিত। গত জুন মাসে তোমরা কয়েকজন তো থাইল্যান্ডে গিয়ে ট্রেনিং করে এসেছ। জাভেদ: অন্তু, জোবায়ের, হূদয়, হিমেল আর আমি—এই পাঁচজন থাইল্যান্ডে ট্রেনিংয়ের জন্য গিয়েছিলাম। আমরা বিমানে খেলছি। এক সপ্তাহের এই ট্রেনিংয়ের ব্যবস্থা করে দেন বিমানের পাইলট মাসুদ আহমেদ স্যার। আমরা প্রতিদিন সেখানে এক বেলা প্র্যাকটিস করেছি। থাইল্যান্ডের সেরা খেলোয়াড়েরা একটা টুর্নামেন্টে ব্যস্ত ছিল, কিন্তু দ্বিতীয় সারির অনেক খেলোয়াড় ওই ক্যাম্পে ছিল। জার্মানির কয়েকজনও ছিল। সবার সঙ্গে আমাদের বন্ধুত্ব হয়ে যায় মাত্র কয়েক দিনেই। আমরা ওদের সঙ্গে ক্যাম্পের শেষ দিন একটা ম্যাচ খেলেছি। ওই ম্যাচে আমরা জিতেছি। থাইল্যান্ডে ট্রেনিংটা কি ভালো লেগেছে?জাভেদ: ভালো লেগেছে। থাই কোচ ফিজিক্যাল ফিটনেস ও ম্যাচ টেম্পারামেন্টের ওপর বেশি জোর দিতেন। আমার খেলা দেখে খুব প্রশংসা করেছেন কোচ। খেলতে গেলে অল্পতেই রেগে যাই আমি। এটা খুব খেয়াল করতেন তিনি। আমাকে আলাদা ডেকে নিয়ে বলতেন, ঠান্ডা মাথায় খেল, দেখবে অনেক ভালো করবে। তাহলে তো দিল্লির এই টুর্নামেন্টে ট্রেনিংটা বেশ কাজে দেবে?জাভেদ: অবশ্যই। আমরা ঢাকায় সেভাবে প্র্যাকটিস করতে পারিনি। কারও পরীক্ষা ছিল, কেউ নিজে নিজে অনুশীলন করেছে। তবে থাইল্যান্ডে যেটুকু শিখেছি সেটা আমাদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। গতবারের মতো এবারও সড়কপথে দিল্লিতে যাচ্ছ। খেলার সময় ক্লান্ত হয়ে পড়বে না?জাভেদ: আমরা প্রথমে বাসে যাব কলকাতা। সেখান থেকে ট্রেনে দিল্লি। এত লম্বা ভ্রমণ—খেলায় তো এর একটা প্রভাব পড়েই। তবে আমাদের অভ্যাস হয়ে গেছে। একটু খারাপ লাগে। কষ্ট হয়। কিন্তু কী করা! ফেডারেশনের টাকা নেই। ফেমাস গ্রুপ স্পনসর করছে বলে যেতে পারছি। ফেমাস গ্রুপের চেয়ারম্যান নিজে উদ্যোগী হয়ে দলের আসা-যাওয়ার খরচ দিচ্ছেন। নড়াইল জেলাকে বলা হয় টেবিল টেনিসের সূতিকাগার। সেই নড়াইলের ছেলে হিসেবে টিটি খেলোয়াড়ই কি হতে চেয়েছিলে?জাভেদ: ক্রিকেটার মাশরাফির বাড়ি থেকে কয়েক গজ হাঁটলেই আমাদের বাড়ি। জায়গাটার নাম মহিষখোলা। মাশরাফি ভাইকে দেখে ভাবতাম যদি আমিও এমন ক্রিকেটার হতে পারতাম। কিন্তু ক্রিকেটের মাঠে আমাকে যেতেই দিতেন না আমার এক বড় ভাই। আমাদের বাড়ির পাশের টেবিল টেনিস ক্লাবে জোর করে নিয়ে যেতেন ভাইয়া। আস্তে আস্তে আমারও টেবিল টেনিসটা ভালো লেগে গেল।