‘এবার শেষ চেষ্টা করব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় জাতীয় দলের ওপেনার ছিলেন, ঘরোয়া ক্রিকেটেও বড় নাম ছিলেন। মাঝে যেন হারিয়েই যেতে বসেছিলেন। ছয় বছর পর আবাহনীতে ফেরা হান্নান সরকার বললেন ঘরোয়া ক্রিকেট ও নিজের ক্যারিয়ার নিয়ে দীর্ঘদিন পর বড় দলে এলেন...হান্নান সরকার: হ্যাঁ, অনেক দিন পর। এর আগে আবাহনী-মোহামেডান, দুই দলেই দুই মৌসুম করে খেলেছি। সর্বশেষ আবাহনীতেই খেলেছিলাম ২০০৩ সালে। তারপর ছয় মৌসুম পার হয়ে গেছে। এর মাঝে কলাবাগান, ওল্ড ডিওএইচএস, সূর্যতরুণে খেলেছি। এগুলোকে তো আপনারা বড় দল বলেন না (হাসি)।  মাঝের এই সময়টায় কি আবাহনী-মোহামেডান আগ্রহ দেখায়নি?হান্নান: একেবারে আগ্রহ দেখায়নি, সেটা বলা যাবে না। গত মৌসুমেই আবাহনীর সঙ্গে কথাবার্তা চলছিল। কিন্তু আমার একটু আত্মবিশ্বাস কম ছিল। ইমরুলকে সরিয়ে সেরা একাদশে নিয়মিত হতে পারব কি না, তা নিয়ে সংশয় ছিল।  এবার সে সন্দেহটা নেই?হান্নান: না। আমার সর্বশেষ কয়েকটা ইনিংসের পারফরম্যান্সে আমি আত্মবিশ্বাস ফিরে পেয়েছি। মনে হচ্ছে, নিয়মিত খেলতে পারব। আবাহনী-মোহামেডানের সঙ্গে বাকি দলগুলোর ব্যবধান কী?হান্নান: প্রথম কথা হলো, রাজনৈতিক ক্ষমতা পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই দুটি দলে কোনো পরিবর্তন হয় না। যেকোনো সরকারের আমলেই আবাহনী-মোহামেডান শক্তিশালী দল করতে চায়। ফলে দলের মধ্যে রাজনৈতিক অনিশ্চয়তা থাকে না, যেটা প্রিমিয়ারের অনেক দলের বড় সমস্যা। তবে বাকিদের সঙ্গে আবাহনী-মোহামেডানের মূল পার্থক্য পেশাদারিতে। যেমন?হান্নান: এই দুটি দলের কর্মকর্তা থেকে শুরু করে কোচ, খেলোয়াড় সবাই অনেক পেশাদার। এসব দলে খেললে খেলোয়াড়েরা পেশাদার আচরণ করতে বাধ্য হয়। সঙ্গে চাপও তো থাকে...হান্নান: হ্যাঁ, তা তো আছেই। বেশ চাপ। সমর্থকদের চাপ আছে। দুটি ক্লাবেরই নিজস্ব সমর্থক গোষ্ঠী আছে। ভালো পারফর্ম করার জন্য তারা এক ধরনের চাপ দেয়। আবার ক্লাব জার্সির একটা ঐতিহ্য আছে। এসব ক্লাব তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল করে। ফলে সেখান থেকে একটু সরে যাওয়া চলে না। আপনার আন্তর্জাতিক ক্যারিয়ার কি শেষ?হান্নান: এখন দেশের ক্রিকেটের যে অবস্থা, তাতে আমার জাতীয় দলের স্বপ্ন দেখা খুব কঠিন। গুড বা বেটার পারফরম্যান্স ছাড়া আর জাতীয় দলে ফেরা যাবে না, সেরাটা খেলতে হবে। সেটা সম্ভব কি না আমি সন্দিহান। তাহলে আশা ছেড়ে দিয়েছেন?হান্নান: প্রশ্নই আসে না। আশা আছে বলেই তো আবাহনীতে এসেছি। বড় দল, এখানে ফোকাস থাকে। বলতে পারেন, এবার শেষ চেষ্টা করব। এই মৌসুমে যদি সে রকম কিছু করতে পারি, আশা করব। নতুবা ক্যারিয়ারের পরিকল্পনাটা অন্যভাবে করব।  জাতীয় দল থেকে বাদ পড়া নিয়ে কোনো অভিযোগ আছে?হান্নান: ২০০৪ সালে বাদ পড়েছিলাম খারাপ ফর্মের কারণে। মাঝেমধ্যে মনে হয়, একটু অবিচারের শিকার হয়েছি। অন্তত দল থেকে বাদ দেওয়ার পর যেভাবে ছিটকে ফেলে দেওয়া হয়েছিল, সেটা ঠিক ছিল বলে মনে হয় না। ছিটকে ফেলা মানে?হান্নান: জাতীয় দল থেকে বাদ পড়ার পর ঠিক ৫ বছর আমার সঙ্গে বোর্ডের কোনো যোগাযোগ ছিল না। এই সময়ে বোর্ডের কোনো ক্যাম্পে পর্যন্ত আমাকে ডাকা হয়নি। এই লোকসানটা আসলে কার হয়েছে? আমাকে তৈরি করতে দেশের বোর্ডেরই তো বিনিয়োগ আছে। সেটা এভাবে নষ্ট করে ফেলাটা ঠিক কি না, কে জানে!