বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কোচ নিগ্রহ বেড়েই চলেছে। সম্প্রতি মোহামেডান কোচ সাইফুল বারীর ওপর তাঁর দলের সমর্থকেরা হামলা করেছে। পরশু আবাহনী সমর্থকের ইটের আঘাতে মাথায় ব্যথা পেয়েছেন শেখ জামালের কোচ যোসেফ আপুসি। এটাকে বাংলাদেশের ফুটবলের জন্য বিপজ্জনক প্রবণতা বলছেন এই নাইজেরিয়ান কোচ কাল (পরশু) আবাহনী-সমর্থকের ছোড়া ইটে মাথায় আঘাত পেয়েছেন। ব্যথা কমেছে?যোসেফ আপুসি: ব্যথা একটু কমেছে। তবে জায়গাটা ফুলে আছে। আমার ভাগ্য আসলে ভালো। মাথা ফাটেনি। আসলে আমার মাথায় চুল বেশি তো, তাই চুলেই রক্ষা (হাসি)। রাতটা ঘুমাতে পেরেছেন?আপুসি: একেবারে ঘুমাইনি তা নয়। তবে ব্যথা থাকায় রাতটা ভালো যায়নি। এই রকম একটা ঘটনার পর আসলে আপনি জীবনের স্বাভাবিক ছন্দটা ক্ষণিকের জন্য হলেও হারিয়ে ফেলবেন। আপনি ম্যাচের পর সংবাদ সম্মেলন বক্সে আসছিলেন। হঠাৎ এমন দুর্ঘটনার শিকার হয়ে নিশ্চয়ই ঘাবড়ে গিয়েছিলেন?আপুসি: আমি ভাবতেই পারিনি, এমন একটা দুর্ঘটনায় পড়ব। সেটা ভাবার প্রশ্নই ছিল না। সংবাদ সম্মেলনে কী বলব, সেটা যখন ভাবছিলাম, হঠাৎ মাথায় উড়ে এল ইট। মাথাটা চেপে ধরলাম। অন্যরা এগিয়ে এসে আমায় নিয়ে গেল ড্রেসিং রুমে। থ্যাঙ্ক গড, আরও বড় দুর্ঘটনাও তো হতে পারত। সেটা হয়নি। আমি সুস্থ আছি, ভালো আছি। কিন্তু এই ঘটনাটা সবাইকে ভাবিয়ে তুলেছে। বাংলাদেশের ঘরোয়া ফুটবলে কোচরা আক্রান্ত হয়েই যাচ্ছেন। এটাকে কীভাবে দেখছেন?আপুসি: এ ধরনের দুর্ঘটনা সারা বিশ্বেই হয়। এটা নতুন কিছু নয়। কদিন আগে দেখলেন না, ম্যানচেস্টার ডার্বিতে ইউনাইটেডের ফার্ডিনান্ডকে কীভাবে এক দর্শক কয়েন মেরে আহত করল। এরকম বহু উদাহরণ আছে। কাজেই আমি এসব অস্বাভাবিক ঘটনা হিসেবে দেখি না। তা হয়তো ঠিক। কিন্তু বাংলাদেশে মাত্রাটা একটু বেশিই দেখা যাচ্ছে। আপনার কী মত?আপুসি: হ্যাঁ, মাত্রাটা বেশিই মনে হচ্ছে। শেখ জামালের বিপক্ষে এবারের ফেডারেশন কাপের ম্যাচে হারের পর সাপোর্টাররা টিটুকে মারল। সেদিন মাঠে আমি ছিলাম। ভীষণ খারাপ লেগেছে। এরপর আমার ওপর আঘাত এল। এখন যে করেই হোক, এ ধরনের দুর্ঘটনা বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে বাফুফের করণীয় কী?আপুসি: বাফুফের করণীয় অনেক। প্রথমত মাঠে দর্শকদের অবাধে ঢোকার পথ রুদ্ধ করা জরুরি। আমরা দেখছি, বঙ্গবন্ধু স্টেডিয়াম একেবারে অরক্ষিত। আমি বলব, মাঠে ঢোকার সময় দর্শককের শরীর ভালোভাবে তল্লাশি করা যেতে পারে। ম্যাচের পর শত শত লোক মাঠে ঢুকে যাচ্ছে। একই সঙ্গে দর্শককে বোঝাতে হবে, দল মাঠে খারাপ করতেই পারে। তার জন্য এমন কিছু করা উচিত নয়, যাতে অন্য কেউ আঘাত পায়। ফুটবল-দর্শকেরা অনেক হাঙ্গামা করে। এদের কীভাবে সচেতন করা যেতে পারে?আপুসি: সচেতনতামূলক কর্মকাণ্ড চালানো যেতে পারে। দর্শক যাতে বুঝতে পারে, তার ছোড়া একটা ইটের আঘাতে কেউ গুরুতর আহত হতে পারে। দেশে দেশে উগ্র দর্শকেরা কত রকম কাণ্ড করে, তার হিসাব নেই। বাংলাদেশেও এটা আছে। এই দর্শকদেরও উপলব্ধি করা দরকার, দল প্রতিদিন মাঠে জিতবে না। ফল মনমতো না হলেও যা খুশি করা ঠিক নয়, এটা দর্শকদের মাথায় ঢোকাতে হবে।আপনি যে দুর্ঘটনায় পড়লেন, এটা কি আপনার পরিবারের লোকেরা জানে?আপুসি: না, না, আমি ওদের বলিনি। বললে চিন্তা করবে। যা হয়েছে, আমি এর জন্য কাতর হয়ে বসে থাকব না। জীবন চলবে স্বাভাবিক গতিতেই। দল বাংলাদেশ লিগে প্রথম তিন ম্যাচেই জিতে আবাহনীর সঙ্গে ড্র করেছে। মাঠে আমার সময়টা কিন্তু ভালোই চলছে।