‘এভাবে খেলতে আসব, ভাবিনি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি মূলত ওষুধের দোকানদার। যশোর নিউ মার্কেটে জননী ফার্মেসিতে বসে থাকলেও মন পড়ে থাকে সব সময় খেলার মাঠে। এবার যশোর ডিএফএর অধিনায়ক হিসেবে ফেডারেশন কাপে খেলতে ঢাকায় এসেছেন মুনির হোসেন (লাকি)। কাল আবাহনীর সঙ্গে হেরেও বেশ উৎফুল্ল দেখাল এই মিডফিল্ডারকে হেরেও আনন্দ করছেন কেন?মুনির হোসেন: আনন্দ করার কারণ আছে। আবাহনী নামটাই অনেক বড়। বড় বাজেটের একটা দলের সঙ্গে খেললাম। ওরা বাংলাদেশের নামকরা দল। ফেডারেশন কাপে চ্যাম্পিয়ন ছিল এর আগে, পেশাদার লিগের বর্তমান চ্যাম্পিয়ন। মোহামেডান, মুক্তিযোদ্ধার মতো দলের কাছে ঢাকার বাইরের অন্য দলগুলো ৬-৭ গোল খেয়ে গেছে, সেখানে আমরা মাত্র দুটো গোল খেয়েছি। সেই হিসাবে অনেক ভালো খেলেছি। যশোর ডিএফএ এই প্রথম ঢাকায় খেলছে। ভেবেছিলেন, এভাবে ঢাকায় খেলতে আসবেন?মুনির: এটা দারুণ একটা ব্যাপার। আমার খুবই ভালো লাগছে। আমরা এ জন্য বাফুফেকে অভিনন্দন জানাই। ঢাকার বাইরের দলগুলো নিয়ে যদি এ রকম আরও টুর্নামেন্ট করে, তাহলে আরও ভালো হবে। লোকাল খেলোয়াড়েরা উঠে আসতে পারবে। আমরা আসলে ভাবিনি, এভাবে খেলতে আসব। কী লক্ষ্য নিয়ে আপনারা ফেডারেশন কাপে খেলতে এলেন?মুনির: যতটা সম্ভব ভালো করাই আমাদের লক্ষ্য। আমাদের নতুন ডিএফএ কর্মকর্তারা চাইছিলেন, যেন ঢাকায় আমরা খেলতে পারি। তাই আমাদের দল গড়া হয়েছে। দল গড়েছেন কি স্থানীয় খেলোয়াড়দের নিয়েই?মুনির: হ্যাঁ। আমাদের সব খেলোয়াড় স্থানীয়। আরও ছয়জন ভালো মানের খেলোয়াড় ছিল। সেরা একাদশে খেলার মতো। তারা চট্টগ্রামে লিগ খেলতে গেছে। ওরা থাকলে আরও ভালো হতো। স্থানীয়ভাবে কেমন সাড়া পান খেলে?মুনির: সত্যি বলতে কি, অনেক দিন যশোরে খেলা হয় না। লোকাল লিগগুলো হয় দু-তিন বছর পর। নিয়মিত কোনো টুর্নামেন্টও হয় না। তাই সাড়াটাও কম। পেশাদার লিগে আসার কি স্বপ্ন দেখেন?মুনির: সুযোগ পেলে অবশ্যই আমরা পেশাদার লিগে আসব। আমাদের আসার আগ্রহ আছে। যশোর ডিএফএর সভাপতি সাহেব খুব আন্তরিক এ ব্যাপারে। উনি যদি সেই পর্যায়ে আমাদের নিতে পারেন, তাহলে খুব ভালো। তা ছাড়া আমাদের কোচ সাবেক খেলোয়াড় জামাল ভাই, কর্মকর্তা পলাশ ভাই আবাহনীতে খেলেছেন। তাঁরাই আমাদের অনুপ্রেরণা। তাঁরা চাইলে হবে। যশোরে ফুটবলচর্চা কেমন হচ্ছে?মুনির: আগে নিটল টাটা, শেরেবাংলা কাপ হতো। যশোর খেলত। এখন লোকাল বলতে শুধু শামসুল হুদা কাপ। লিগ অনিয়মিত, উঠতি ছেলেরা সন্ত্রাস আর নেশায় জড়িয়ে পড়ছে। দেখলে খুব খারাপ লাগে। এখন অবশ্য স্কুল ফুটবল হচ্ছে। এটা খুব ভালো উদ্যোগ।  তাহলে যশোরের ফুটবলের ভবিষ্যৎ কী?মুনির: ভবিষ্যৎ তো সেভাবে দেখছি না। সবাই ভাবে, ফুটবল খেলে কী লাভ? বাংলাদেশে নিয়মিত জেলা লিগ হোক, অনেক কর্মকর্তাই তা সম্ভবত চান না। তাই কেউ পেশাদারি হিসেবে ফুটবল খেলাটা নেওয়ার কথা ভাবতে পারে না। তিন বছর পর আমরা লিগ খেলব, এটা এই যুগে হতে পারে না। কোনো আশা না দেখে ফুটবল থেকে আমার অনেক বন্ধু মুখ ফিরিয়ে নিয়েছে। শুনেছি, আপনি একটি ওষুধের দোকান চালান। তা খেলার জন্য সময় বের করেন কীভাবে?মুনির: খেলাটা আসলে আমার রক্তে আছে। তাই সময় বের করে নিই। তা ছাড়া দুজন কর্মচারী আছে দোকানে। ওদের সঙ্গে সমন্বয় করে খেলতে যাই।