‘এভাবে খেলা চলতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠে ফুটবলারদের নিরাপত্তা নেই। ম্যাচের পর কিছু ক্ষুব্ধ সমর্থক বিনা বাধায় মাঠে ঢুকে পড়ে। কাল শেখ জামালের কাছে হারের পর মোহামেডানের ডাগ-আউটে এ নিয়ে চরম বিশৃঙ্খলা। খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তাই শঙ্কিত মোহামেডান অধিনায়ক হাসান আল মামুন মাঠে তো আপনাদের কোনো নিরাপত্তাই নেই দেখা যাচ্ছে!হাসান আল মামুন: আপনারা নিজেরাই তো দেখলেন। যে যার মতো করে ম্যাচের পর মাঠে ঢুকে পড়ছে। এ ব্যাপারে কর্তৃপক্ষ ব্যবস্থা না নিলে আমরা ফুটবলাররা কী করতে পারি!  কিন্তু এভাবে চলতে থাকলে ক্ষুব্ধ সমর্থকদের হাতে তো খেলোয়াড়েরা শারীরিকভাবে আঘাত পেরে পারে?মামুন: সেই আশঙ্কা আছেই। সমর্থকদের বোঝা উচিত খেলার হারজিত থাকবে। এবার আমরা এমন দল নই যে, হারতে পারব না। আমাদের শক্তিটা বুঝতে হবে। যা-ই হোক, এসব ঘটনা আর যেন না হয় সেটাই চাই। আজ আপনাদের নাইজেরিয়ান স্ট্রাইকার উইলকক্স মাঠে একটা বাজে মিস করল। এ কারণে তাঁকে মাঠের ভেতরে ঢুকে খুঁজল সমর্থকেরা!মামুন: আমিও এটা মানতে পারছি না। মাঠে মিস হবে, আবার ভালো করবে, এটাই তো খেলা। তার জন্য সমর্থকেরা উত্তেজিত হয়ে পড়বে এটা ঠিক নয়। এখন তো আর আগের মতো দর্শক নেই। দু-এক শ আসে, তাদের অনেকেই পরিবেশটা উত্তপ্ত করে ফেলে। এটাকে কীভাবে দেখেন?মামুন: সমর্থকেরা উত্তেজিত হবে এটা স্বাভাবিক। কিন্তু আমার কথা হলো, তাদের মাঠে ঢোকার সুযোগ আমরা কেন দেব? এটা তো এত দিন দেখিনি। এটাই সবচেয়ে বিস্ময়ের ব্যাপার। যার যেখানে খুশি মাঠে ঢুকছে! মামুন: এটা পৃথিবীর কোথাও নেই। নিরাপত্তাবেষ্টনী টপকে মাঠে ঢোকা এই যুগে ভাবাই যায় না। অথচ আমাদের এখানে ব্যাপারটা কত সহজ! আজ যখন মোহামেডানের ক্ষুব্ধ সমর্থকেরা মাঠে ঢুকল, ঠিক ওই সময়ের কথা বলুন। একটু কি শঙ্কিত হয়ে পড়েছিলেন?মামুন: শঙ্কা তো লাগবেই। আমি এসব ঝড়ঝাপটা বহু দেখেছি। মুশকিল হচ্ছে জুনিয়রদের জন্য। তারা এসব দেখে ভয় পেয়ে ভালো খেলাটাই ভুলে যাবে। আপনার সতীর্থরা কী বলে? ওদের প্রতিক্রিয়াও নিশ্চয়ই আপনার মতো?মামুন: সবারই একই কথা। এভাবে খেলা চলতে পারে না। আমার প্রশ্ন, মাঠে ঢোকার জন্য অ্যাক্রিডিটেশন কার্ড দেয় ফেডারেশন। সেই কার্ড গলায় না থাকার পরও এভাবে লোকজন মাঠে ঢোকে কী করে! তাহলে ওই কার্ড দেওয়ার কী মানে আছে! ফেডারেশনের কথা বলছেন! তারা তো এসব নিয়ে নির্বিকার। কী বলবেন?মামুন: ফেডারেশনকে আরও সক্রিয় হওয়ার অনুরোধ করব। এভাবে যেকোনো দিন একটা দুর্ঘটনা ঘটে গেল দায়িত্বটা কে নেবে? ফেডারেশন ক্লাবগুলোকে নিয়ে বসুক। কারা মাঠে যাবে কারা যেতে পারবে না, এসব নিয়ে গাইডলাইন দিক। মাঠের মোহামেডান দুর্বল বলে সমর্থকদের বেশি প্রতিক্রিয়া দেখা যায়। তাদের উদ্দেশ্য কী, কিছু বলার আছে আপনার?মামুন: বলার একটাই আছে। ধৈর্য ধরুন। ফল খারাপ হলে মেনে নেওয়ার মানসিকতা থাকতে হবে। জানি, একটা আবেগ কাজ করে। দল হারলে তাদের খারাপ লাগে। কিন্তু সেটা প্রকাশেরও একটা সীমা থাকতে হবে।