‘এভাবে চলতে থাকলে ব্যবসাই ছাড়তে হবে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘হরতালের দোহাই দিয়ে এভাবে দেদারসে গাড়ি পোড়াতে থাকলে এ ব্যবসাই বন্ধ করতে হবে। এ ছাড়া অন্য কোনো উপায় নেই। একদিকে সরকারের পক্ষ থেকে গাড়ি চালাতে বলা হচ্ছে, অন্যদিকে হরতাল-সমর্থকেরা গাড়ি পোড়াচ্ছেন। আমরা কোন দিকে যাব।’ আজ বুধবার বেলা দেড়টার দিকে মতিঝিলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনের পেছনের বক্স কালভার্ট সড়কে দাঁড়িয়ে থাকা একটি স্টাফ বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় ঘটনাস্থলে উপস্থিত থাকা বাসের মালিক মো. দেলোয়ার হোসেন এ মন্তব্য করেন।দেলোয়ার হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) কর্মকর্তা-কর্মচারীদের অফিসে আনা-নেওয়ার জন্য বাসটি ব্যবহার করা হতো। অন্যদিনের মতো আজ সকালে আইসিবির কর্মকর্তা-কর্মচারীদের অফিসে পৌঁছে দিয়ে বাসটি বাফুফে ভবনের পেছনে দাঁড়িয়ে ছিল। বেলা দেড়টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসটিতে আগুন দেয়। আগুনে বাসটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহযোগিতা বাসের স্টাফরা আগুন নিয়ন্ত্রণে আনেন।দেলোয়ার হোসেন আরও জানান, ‘বাসটির বিমা করা হয়েছে। তবে এটা থার্ড পার্টি বিমা হওয়ায় কোনো দাবি করা যায় না। তাই যে ক্ষতি হয়েছে তা আমারই পকেট থেকে যাবে।’ ‘এভাবে চলতে থাকলে ব্যবসা গুটানো ছাড়া অন্য কোনো উপায় থাকবে না’— বলেও মন্তব্য করেন তিনি।বাসটির সহকারী লিটন জানান, বাসটি বাফুফে ভবনের পেছনে দাঁড়িয়ে ছিল। তিনি ও অন্যরা পাশেই ছিলেন। হঠাত্ বাসের মধ্য থেকে ধোঁয়া বের হতে দেখেন তাঁরা। তখন তিনি ও অন্য বাসের স্টাফ স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনেন।এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বি এম ফরমান আলী জানান, দুর্বৃত্তরা দাঁড়িয়ে থাকা অবস্থায় বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনে।