বাফুফের সঙ্গে তাঁর সম্পর্কটা শীতল হয়ে পড়েছে। বাংলাদেশের ফুটবল উন্নয়নে টেকনিক্যাল ডাইরেক্টর হিসেবে প্রায় দুই বছর আগে যাঁর নিয়োগ, জাতীয় দলের সাবেক সেই গোলরক্ষক এখন বলতে গেলে আর দশজনের মতোই তিক্ত অভিজ্ঞতা নিয়ে বিদায়ের অপেক্ষায়। এসব বিষয় নিয়েই মুখোমুখি হলেন সাহীদুর রহমান সান্টু শুনলাম বাফুফের সঙ্গে আপনার সম্পর্কটা নাকি এখন বেশ খারাপ?সাহীদুর রহমান সান্টু: এসব নিয়ে আমি কিছু বলতে চাই না। তবে একটা ঘটনা ঘটেছে। কী সেটা?সান্টু: কলম্বো থেকে আমার নামে একটা আমন্ত্রণপত্র এসেছিল। এটা হলো, ফিফার বিচ ফুটবল-বিষয়ক একটা সেমিনার। আজই (গতকাল) এটা হওয়ার কথা। সেমিনারটা টেকনিক্যাল ডাইরেক্টরদের। কিন্তু বাফুফের সেক্রেটারি সাহেব বিষয়টা আমাকে জানানইনি। আপনাকে না জানিয়ে অন্য কাউকে পাঠিয়েছে?সান্টু: অন্য কাউকে পাঠিয়েছে কি না জানি না। সমস্যা হলো, সেমিনার আয়োজকেরা আমার নাম না দেখে একটা চিঠি পাঠিয়েছে বাফুফের কাছে। ওই চিঠিতে সেক্রেটারি সাহেবের কাছে জানতে চাওয়া হয়েছে সেমিনারে কেন টেকনিক্যাল ডাইরেক্টর অংশ নিচ্ছে না। এসব নিয়ে একটু কথাচালাচালি হয়েছে। আমি মনঃকষ্ট পেয়েছি। আপনি তো ফিফার কাছে চিঠিও লিখেছেন এ বিষয়ে...সান্টু: হ্যাঁ, আমি চিঠি লিখে বলেছি, সেমিনারে যাওয়ার আমন্ত্রণ আমাকে জানানো হয়নি। বাফুফের প্রেসিডেন্ট সাহেবকেও জানিয়েছি। প্রতি উত্তর পাইনি। আপনাকে নাকি বিদায় দিচ্ছে বাফুফে?সান্টু: এটা আমিও শুনছি। চারদিকে নানা গুজব। আমি তো ভুল কিছু করিনি। অক্টোবর পর্যন্ত চুক্তি আছে আমার। তারপর চলে যাব। তার মানে চুক্তি নবায়নে আর আগ্রহী নন আপনি? পদত্যাগ করার চিন্তাভাবনা আছে? সান্টু: আমি কাজ করতে এসেছি। কাজ করতে না পারলে এভাবে থেকে লাভ কী। তবে পদত্যাগ নিয়ে আপাতত ভাবছি না। গত দুই বছরে আপনার কাছ থেকে তেমন কাজ তো আমরা দেখলাম না।সান্টু: আমি কী করতে চেয়েছি সেই কাগজপত্র আমার কাছে আছে। আমি এসব দিয়েছিলাম ফেডারেশনকে। আপনাদের সঙ্গে যখন বসব, তখন ওই কাগজপত্র দেখাব এবং বলব কেন ফেডারেশন ওগুলো করেনি। এখনো ফেডারেশনের অধীনে থাকায় এ বিষয়ে কিছু বলব না। আপনি বাফুফের টেকনিক্যাল ডাইরেক্টর। আপনাকে এই পদে নিয়োগ দিয়ে দেশের ফুটবল আসলে কী পেল?সান্টু: আমি কিছু দিতেই এসেছিলাম। মহিলা ফুটবল নিয়ে কাজ করেছি। ক্লাব ডেভেলপমেন্ট, তৃণমূল ফুটবল উন্নয়ন নিয়ে কর্মসূচি ছিল আমার। সঠিকভাবে দায়িত্ব পালন করতে পেরেছেন মনে করেন?সান্টু: আমি যেভাবে চেয়েছি সেটা হয়নি। যখনই কিছু করার প্রসঙ্গ এসেছে, ফেডারেশন বলেছে টাকা নেই। আমি অনেক জায়গায় গিয়ে বাচ্চাদের খেলা দেখেছি। ওখানে তাদের খেলার পোশাক দেওয়ার কথা, দিতে পারিনি। কারণ, টাকা নেই। তাহলে আপনার এই দুই বছর সময়ে দেশের ফুটবল উন্নয়নে সত্যিকার অর্থে কী হয়েছে?সান্টু: প্রথম বছরে আশাবাদী ছিলাম। কিন্তু দ্বিতীয় বছরটা কঠিন কেটেছে। খুব কঠিন। এই দুই বছরে কী হয়েছে, আপনারা তো দেখছেন। কিছুই তো নেই। এখন সবকিছু এত খুলে বলতে পারব না। বাফুফের পাট চুকিয়ে আপনি মোহামেডানের কোচ হবেন শোনা যাচ্ছে?সান্টু: মোহামেডান প্রস্তাব দিয়েছে। তাদের বলেছি, বাফুফের সঙ্গে চুক্তি শেষ না হওয়া পর্যন্ত কিছু বলতে পারব না। বাফুফে থেকে বের হয়ে গেলেও সব তো আর শেষ নয়। পরিবার আমেরিকায় রেখে কেন এখানে পড়ে আছি, বুঝতেই পারছেন। ব্যক্তিগতভাবে হলেও দেশের ফুটবল উন্নয়নে কিছু করতে চাই আমি।