‘এভাবে বেশি দিন থাকব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজে জাতীয় দলের খেলোয়াড় ছিলেন, কোচিং করিয়েছেন। এখন নির্বাচক কমিটির চেয়ারম্যান মামুন উর রশীদকে নিতে হচ্ছে জাতীয় দলের ব্যর্থতার দায়। এশিয়ান গেমসে হকি দলের ব্যর্থতা ও হকির সামগ্রিক পরিস্থিতি নিয়ে কথা বলেছেন মামুন উর রশীদ এশিয়ান গেমসে দলের পারফরম্যান্স কেমন মনে হচ্ছে?মামুন উর রশীদ: সার্বিক বিবেচনায় তো হতাশাজনকই। তবে যে প্রস্তুতি, যে ম্যানেজমেন্ট ও যেমন অগোছালোভাবে এশিয়ান গেমস খেলতে গেছে বাংলাদেশ দল, তাতে এর চেয়ে বেশি কিছু আশা করা কঠিন। প্রস্তুতি নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন। কিন্তু বেশির ভাগ খেলোয়াড়কে তো ইউরোপে নিয়ে যাওয়া হয়েছিল প্রস্তুতির জন্য।মামুন: খেলোয়াড়দের ব্যক্তিগত দক্ষতা ও পরবর্তী জীবনের সুযোগ বাড়াতে এই ইউরোপ সফর হয়তো কাজে লাগবে। কিন্তু জাতীয় দলের জন্য এই সফর তেমন কাজে এসেছে বলে মনে হয় না। কেন?মামুন: দেখুন, জাতীয় দলের অনুশীলন মানে, খেলোয়াড়দের একসঙ্গে নিয়ে টানা অনুশীলন। এই অনুশীলনে খেলোয়াড়দের মধ্যে সমন্বয়, পরস্পরের সঙ্গে বোঝাপড়া, কোচের সঙ্গে বোঝাপড়া গড়ে ওঠার কথা। কিন্তু ইউরোপে গিয়ে ভিন্ন ভিন্ন ক্লাবে অনুশীলন করে সেটা নিশ্চয়ই হয়নি। দেশে তো একসঙ্গে অনুশীলন করার সুযোগ ছিল?মামুন: তা আর হলো কই? জার্মানি থেকে খেলোয়াড়েরা ফেরার পর কয়েক দিন অনুশীলন হলো। কোচ এলেন পরে। এসে সাত দিন পরই আবার ছুটিতে গেছেন। এটা কি বিশ্বাস করা যায় যে, এশিয়ান গেমসের মতো একটা আসরে একটা জাতীয় দল দিন বিশেক একসঙ্গে প্র্যাকটিস করে খেলতে গেছে! কিন্তু এশিয়ান গেমসের পারফরম্যান্সের দায় তো কোচ নিচ্ছেন না। তিনি বলছেন, এ দল তাঁর নয়, আপনার গড়া...মামুন: এ কথার জবাব কী দেব! কোচ জার্মানি থেকে যে ১৪ জন খেলোয়াড়ের সুপারিশ করে পাঠিয়েছিলেন, তাঁর ১৩ জনকেই আমরা দলে রেখেছি; আমার কাছে ই-মেইল আছে, চাইলে দেখাতে পারি। আর দল মামুন একা করে না। পাঁচ সদস্যের একটা নির্বাচক কমিটি আছে। আমি সেই কমিটির চেয়ারম্যান মাত্র। কমিটির সুপারিশ করা দল ফেডারেশনের নির্বাহী কমিটি পাস করে তারপর ঘোষণা করা হয়।  ওদিকে খেলোয়াড়েরা বলছেন, কোচের কৌশল ঠিক নয়।মামুন: হ্যাঁ, পত্রিকায় পড়েছি। ভারতের সঙ্গে ম্যাচে কোচ কী চাইছিলেন, সেটা আমি পরিষ্কার না। তবে খেলোয়াড়েরা যদি রক্ষণাত্মক খেলার সিদ্ধান্ত নিয়ে থাকে, সেটা সঠিক ছিল বলে মনে হয়।  কোচ আবার বলছেন, খেলোয়াড়েরা তাঁর কথামতো না খেলায়, তিনি এই পরাজয়ের দায় নেবেন না।মামুন: এ কথা বলে উনি নিজেকে হালকা করেছেন। খেলোয়াড়েরা তাঁর কথামতো খেলছে না, এটা তো তাঁরই ব্যর্থতা। দলকে কথা শোনানোর কাজটা কোচেরই করতে হবে।  খেলোয়াড় হিসেবে বাংলাদেশের হকিকে যেখানে রেখে গিয়েছিলেন, এখন কোনো উন্নতি দেখতে পাচ্ছেন?মামুন: একটুও না। বরং পিছিয়েছে। ৩০ বছর ধরে এশিয়ান গেমসে এই ৬-৭ নম্বরের জন্য লড়াই করছে দল, এখনো তাই করছে। যে এশিয়ান কাপ বাছাইতে চ্যাম্পিয়ন ছিলাম, সেখানে আমরা যাচ্ছেতাই পারফর্ম করে এবার পঞ্চম হয়েছি। একে অগ্রগতি বলবেন! এত কিছুর পরও তাহলে কেন এই কোচই চালিয়ে যাচ্ছেন?মামুন: এটা নিয়ে আমি মন্তব্য করতে পারি না। এটা দেখা ফেডারেশনের দায়িত্ব। ফেডারেশন, কোচ—সব মিলিয়ে হকি তাহলে কেমন চলছে?মামুন: এটাকে চলা বলে না। সবাই দায়সারাভাবে পদটা ধরে রেখেছেন। ফেডারেশনে নেতৃত্ব বলে কিছু নেই। এত অপছন্দের মধ্যে আপনি কীভাবে আছেন?মামুন: আমি তো একবার চলেই গিয়েছিলাম। তার পরও ফিরে ভেবেছিলাম কিছু ভালো হতেও পারে। কিন্তু কোনো আশা দেখছি না। এভাবে বেশি দিন থাকব না।