ইরাকে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলে খেলে কাল দেশে ফিরল বাংলাদেশ দল। চার ম্যাচে কোনো পয়েন্ট নেই। গোল হজম করতে হয়েছে ১৬টি। ফলাফল কেন এত খারাপ হলো? কারণটা জানাচ্ছেন এই দলের সঙ্গে ম্যানেজার হয়ে যাওয়া সাবেক জাতীয় ফুটবলার ইকবাল হোসেন। বাংলাদেশ দল জয়-ড্র দূরে থাক, চার ম্যাচে একটি গোল পর্যন্ত করতে পারল না। এমন হলো কেন?ইকবাল হোসেন: মূল কারণ, আমাদের প্রস্তুতি ভালো ছিল না। নেপালে অনূর্ধ্ব-১৬ সাফ ফুটবলে খেলার পর মাত্র ১০-১২ দিনের অনুশীলন হয়েছে। এত অল্প প্রস্তুতি নিয়ে এভাবে আসলে কোথাও যাওয়া উচিত নয়। নেপালে সফরসহ অন্তত মাস দুয়েক একসঙ্গে ছিল দলটা। তার পরও কি মনে হচ্ছে না, এবার ফলাফল একটু বেশিই খারাপ হয়েছে?ইকবাল: নেপালে খেলে আসা দলের পাঁচ-ছয়জন এই সফরে ছিল না। তার ওপর ভ্রমণ-ক্লান্তি। ৪০ ঘণ্টা করে লেগেছে যাওয়া-আসায়। প্রচণ্ড গরমের মধ্যে খেলতে হয়েছে। বেলা দুইটায় তিনটি ম্যাচ খেলেছি। সে এক ভয়াবহ অভিজ্ঞতা। গরমের মধ্যে এই প্রথম খেলেনি বাংলাদেশের তরুণেরা। সমস্যাটা আসলে কোন জায়গায় ছিল?ইকবাল: সমস্যাটা হয়েছে, ওখানে তাপমাত্রা ছিল ৪০-৪৫ ডিগ্রির মধ্যে। খেলা হয়েছে বেলা দুইটায়। এই গরমে হাঁসফাঁস অবস্থা হয়েছে ছেলেদের। একমাত্র তৃতীয় ম্যাচটি ইরানের সঙ্গে বিকেল পাঁচটায় খেলা হয়েছে। ম্যাচটা আমরা ৩-০-তে হারলেও এদিনই সবচেয়ে ভালো খেলেছি। আরেকটা কথা, আমাদের দল ক্রমান্বয়ে উন্নতি করেছে। ভালো খেলেও যদি ৩-০, তাহলে প্রতিপক্ষ দল খুবই শক্তিশালী বলতে হবে...ইকবাল: ভীষণ শক্তিশালী। আমরা তো ওখানে গিয়ে অন্যদের সম্পর্কে জেনে অবাক। ইরানের এই অনূর্ধ্ব-১৬ দলটাই নাকি অনূর্ধ্ব-১২ থেকে টানা খেলে আসছে। ইরাক, কাতার ও ফিলিস্তিনও এই টুর্নামেন্টের জন্য কমপক্ষে পাঁচ-ছয় মাস করে প্রস্তুতি নিয়েছে। ওদের সঙ্গে মূল পার্থক্যটা কোথায় মনে হলো?ইকবাল: পার্থক্য অনেক। স্কিল-স্ট্যামিনায় ওরা এগিয়ে। উচ্চতায়ও একটা বড় পার্থক্য। ইরাক, ইরানের খেলোয়াড়দের অনেকে আমার সমান লম্বা! এদের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের ছেলেদের পক্ষে ৯০ মিনিট খেলাই কঠিন। ফিলিস্তিনকে ২০০৭ সালে অনূর্ধ্ব-১৬ ফুটবলে বাংলাদেশ ৮-০ গোলে হারিয়েছিল। এবার সেই ফিলিস্তিনের কাছে ২-০ হার! বাংলাদেশের তো বড় ধরনের অবনমন হয়েছে...ইকবাল: ফিলিস্তিন অনেক এগিয়ে গিয়েছে। আগের সেই ফিলিস্তিন নেই। ওরা পরিকল্পিতভাবে এগোচ্ছে। তবে প্রস্তুতি ভালো হলে ফিলিস্তিনের সঙ্গে বোধ হয় হারতে হতো না। তা ছাড়া খুব সামান্য ভুল করে অনেক গোল খেতে হয়েছে। ইরাকে এমনিতে এখন কী অবস্থা। যুদ্ধটুদ্ধ-গোলাগুলির ভয় ছিল?ইকবাল: যাওয়ার আগে ভাবছিলাম, ইরাক যুদ্ধবিধ্বস্ত দেশ। কী না কী হয়! কিন্তু দেখলাম, ওসবের কিছু নেই। খেলাটা হয়েছে বাগদাদ থেকে অনেক দূরে কুর্দিস্তানে। এলাকাটা নির্জন। লোকজন বেশ বন্ধুভাবাপন্ন। মাঠ, পরিবেশ...এসব কেমন ছিল?ইকবাল: পরিবেশ ভালো। তবে মাঠটা খারাপ। ঘাস ছিল না। আমাদের খেলোয়াড়েরা পড়ে গিয়ে টুকটাক ভালোই আঘাত পেয়েছে। এখন বাফুফের কাছে আপনি কী রিপোর্ট দেবেন?ইকবাল: ফেডারেশনকে আমি বলব, বিদেশে টিম পাঠানোর আগে যেন দীর্ঘ মেয়াদে ভালো প্রস্তুতি নেওয়া হয়। এ ছাড়া উন্নতির সংক্ষিপ্ত কোনো রাস্তা নেই। এএফসির বয়সভিত্তিক ফুটবলে বাংলাদেশ বরাবরই ভালো করে এসেছে। এখন এই ভাটার টান দেখে আপনি কতটা হতাশ?ইকবাল: হতাশ হওয়ার কিছু নেই। চেষ্টা করলে ফল আসবেই। আমি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। বলেছি, তোমরা ভালো একটা রেজাল্ট দিলে আমি ফেডারেশন থেকে তোমাদের জন্য কিছু চাইতে পারতাম। যা-ই হোক, এই সফর থেকে শিক্ষা নিয়ে এখন সামনে পা বাড়াতে হবে।