‘এভাবে লিগ চলতে পারে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লম্বা লম্বা বিরতি আর বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ—দুটোই হাত ধরাধরি করে চলছে লিগের জন্মলগ্ন থেকে। এবারও লিগ শুরু হতে না-হতেই বিরতি পড়েছে। ফুটবলাররা মনোযোগ হারাচ্ছেন। লিগের আকর্ষণও নষ্ট হচ্ছে। এসব নিয়ে হতাশা প্রকাশ করলেন মোহামেডানের অধিনায়ক মতিউর মুন্না  খেলা তো ৩০ নভেম্বর থেকে বন্ধ হয়ে আছে অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কা যাওয়ায়। সময় কাটছে কীভাবে?মতিউর মুন্না: সময় কি আর কাটে! অফুরন্ত সময়। সবার মধ্যেই গা ছাড়া মনোভাব এসে গেছে। এটা ফুটবলারদের জন্য ক্ষতির। ফিটনেস কমে যাচ্ছে সবারই। ক্লাবও বিদেশিদের বসিয়ে বসিয়ে বেতন দিচ্ছে।  কিন্তু বাফুফে বলছে, দল বিদেশে পাঠালে ক্লাবগুলো নাকি খেলতে চায় না। তাহলে বাফুফে কী করবে?মতিউর: বাফুফে দল বিদেশে পাঠাক, কিন্তু একটা শিডিউল তো থাকতে হবে। কোনো শিডিউল নেই, হুটহাট করে দল বাইরে পাঠিয়ে ফেডারেশন বলছে, লিগ বন্ধ। এভাবে তো একটা লিগ চলতে পারে না।  তাহলে সমাধানের পথ কী?মতিউর: দেখুন, জাতীয় দলের ম্যাচ কি অন্য দেশের ফুটবলাররা খেলে না? বার্সেলোনায় মেসিরা তো সবই খেলছেন। লিগ, আর্জেন্টিনার ম্যাচ, চ্যাম্পিয়নস লিগ—কই, সেখানে তো লিগ বন্ধ হয় না। যত সব সমস্যা আমাদের দেশেই। ভালো লাগে না আর এসব।  অন্যরাও কি আপনার মতো হতাশ?মতিউর: হ্যাঁ, সবাই হাল ছেড়ে বসে আছে। সামনে কোনো টার্গেট তো নেই। শুনেছি, মোহামেডানের পরের ম্যাচ হতে পারে ১৫ ডিসেম্বর। আমার ধারণা, ওই ম্যাচও পেছাবে। কারণ, বিজয় দিবসের অনুষ্ঠান হবে না বঙ্গবন্ধু স্টেডিয়ামে? হিসাব করে দেখলাম, গত তিন মাসে আমরা মানে মোহামেডান ম্যাচ খেলেছে মাত্র ছয়টি! ফেডারেশন কাপে চারটি, লিগে দুটি। মাসে গড়ে দুটি ম্যাচ। কষ্ট করে বেশি খেলতে হচ্ছে না...। কী বলেন? মতিউর: আরে, রাখেন তো আপনার মজা। লিগ শুরু হয়েছে গত ১৩ নভেম্বর। শেখ রাসেল সবচেয়ে দুর্ভাগা, ওরা এখন পর্যন্ত লিগে ম্যাচ খেলেছে মাত্র একটি। আবাহনী, শেখ জামাল, মুক্তিযোদ্ধা একটু ভাগ্যবান। ওরা পেয়েছে তিনটি করে ম্যাচ। অনূর্ধ্ব-২৩ দল শ্রীলঙ্কা থেকে ফিরলে লিগ শুরু হবে। কিন্তু আবার যে বন্ধ হবে না, কোনো গ্যারান্টি নেই। খেলোয়াড় হিসেবে কতটা যন্ত্রণায় আছি বুঝবেন না।  জাতীয় বা বয়সভিত্তিক দল বিদেশে না পাঠালে আমরাই তো ফেডারেশনের সমালোচনা করি। আবার পাঠালে সমস্যা। ফেডারেশন তাহলে কোন দিকে যাবে?মতিউর: একটা পরিকল্পনা থাকা জরুরি হয়ে পড়েছে। পরিকল্পনাহীনভাবে চলার দিন শেষ। বিদেশে দল পাঠানোর বিরুদ্ধে নই আমি বা আমরা। কিন্তু তার জন্য লিগের বারোটা বাজানোর কোনো মানে হয় না। আপনি দেখেন, মোহামেডানের খেলা কবে সমর্থকেরা জানে? জানে না। কাজেই তারা মাঠে আসার আগ্রহই তো হারিয়ে ফেলেছে।  জাতীয় দল পাঠালে নাহয় একটা কথা। কিন্তু অনূর্ধ্ব-২৩ দল বাইরে গেলেও নাকি ক্লাবগুলো খেলতে রাজি হয় না। ক্লাবগুলোর কি দায়িত্ব নয় খেলা চালিয়ে যাওয়া? মতিউর: এবার শ্রীলঙ্কা যাওয়া অনূর্ধ্ব-২৩ দলে মোহামেডানের খেলোয়াড় পাঁচজন। তাদের ছাড়া মোহামেডানের পক্ষে খেলা সম্ভব নয়। অন্য দলগুলোর অবস্থা কী জানি না। এক-দুজন হলে খেলা চালিয়ে নেওয়া যায় মনে হয়। সমস্যা হয়েছে, আমাদের দেশে খেলোয়াড় তো কম। এবার লিগে ম্যাচও কমে গেছে (১৬টি)। আসলে কী হচ্ছে, কিছুই বুঝতে পারছি না।  ঘরোয়া ফুটবলে আপনার তো প্রায় কুড়ি বছর চলছে। এই পর্যায়ে এসে তরুণদের কেমন দেখছেন?মতিউর: তরুণদের কথা আর কী বলব। খেলা না থাকায় ওরা ছুটি চায়, বাড়ি যেতে চায়। বুঝুন মনোযোগটা কোথায়!