‘এভাবে শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়’
অবিশ্বাস্য হলেও সত্যি, শেখহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বর্তমানে একজন শিক্ষক আছেন। স্থানীয় বাজারের পশু চিকিৎসক এনামুল হক তৃতীয় ও চতুর্থ শ্রেণীর ক্লাস নেন। পশু চিকিৎসক হলেও ছাত্রছাত্রীরা তাঁকে শিক্ষক হিসেবেই মান্য করে। এ ছাড়া তাদের উপায়ও নেই। সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের এই বিদ্যালয়ে দুই শিফটে ক্লাস নেওয়া হয়। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা ২৬৮ জন। পাঁচজন শিক্ষকের পদ থাকলেও প্রধান শিক্ষকসহ আছেন মাত্র দুজন। এর মধ্যে একজন মাতৃত্বকালীন ছুটিতে থাকায় প্রধান শিক্ষককেই সবকিছু সামলাতে হচ্ছে। প্রেষণে একজন শিক্ষককে পাঠানো হলেও দাপ্তরিক কাজে প্রধান শিক্ষককে শিক্ষা অফিসে যেতে হলে তাঁর পক্ষে সব ক্লাস সামলানো সম্ভব হয় না। তাই ২৬৮ জন শিক্ষার্থীর এই বিদ্যালয়ের হাল ধরেছেন এনামুলের মতো শিক্ষানুরাগী। জেলা শহর থেকে শেখহাটি প্রাথমিক বিদ্যালয়ের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনুকূল চন্দ্র রায় জানান, ছোট তিন কক্ষবিশিষ্ট এই বিদ্যালয়ে স্থান সংকুলান না হওয়ায় দুই শিফটে ক্লাস নিতে হয়। চাহিদানুযায়ী বেঞ্চ না থাকায় ছাত্রছাত্রীদের বসতে দেওয়া যায় না। তা ছাড়া এলাকার পাঁচটি বিদ্যালয়ের সমাপনী পরীক্ষা এখানেই আয়োজন করতে হয়। তখন মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতা নেওয়া লাগে। এভাবে প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন করা সম্ভব নয়।