বাংলাদেশের প্রথম জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এরপর ধারাভাষ্য কক্ষে বসে দেখেছেন বাংলাদেশের অসংখ্য পরাজয় আর কিছু কিছু জয়ও। কিন্তু বদলে যাওয়া বাংলাদেশকে কীভাবে দেখছেন, সেটাই বললেন জাতীয় দলের সাবেক অলরাউন্ডার আতহার আলী খান মাঠে থেকে সরাসরি বাংলাদেশের জয়টা দেখেছেন, আপনার অনুভূতি কেমন?আতহার আলী খান: অবিশ্বাস্য একটা অনুভূতি। আমাদের জন্য তো ঐতিহাসিক একটা জয়। এই দিনের জন্য আমাদের অনেক অনেক অপেক্ষা করতে হয়েছে। সাকিবসহ পুরো দলকে অভিনন্দন। আমরা ভাবতে পারিনি দল এভাবে জিতবে। বিশ্বকে আমার দেখিয়েছি, আমরাও পারি। পুরো ক্রিকেট-বিশ্বেই এটা বড় একটা খবর হবে। আর এটা তো বিশ্বকাপের একটা পোশাকি মহড়াও হলো। আমার ক্রিকেট-জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। দল জিতে যাওয়ার পর কমেন্ট্রি বক্সে বসে কেমন লাগছিল? অন্য ধারাভাষ্যকারেরা কী বলছিলেন?আতহার: অদ্ভুত অনুভূতি! এই ধরনের অনুভূতি আমার আগে কখনো হয়নি। এর কাছাকাছি ভালো লাগা ছিল ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়ের পর। তবে যেহেতু ওয়েস্ট ইন্ডিজ দলটা পুরোপুরি শক্তিশালী ছিল না, তাই এতটা ভালো লাগেনি। প্রথম ম্যাচটা জয়ের পরই মনে হচ্ছিল এবার কিছু একটা হবে। দল যখন ভালো করে না, আমার কিন্তু খুব খারাপ লাগে। কমেন্ট্রি বক্সে মুখ কালো করে বসে থাকি। আজ ঠিক একই অনুভূতি, একই চেহারা ছিল নিউজিল্যান্ডের দুই ধারাভাষ্যকার ড্যানি মরিসন ও ক্রেইগ ম্যাকমিলানের। বাংলাদেশের প্রায় সব জয় তো আপনি ধারাভাষ্যকক্ষে বসে দেখেছেন। দল কতটা এগিয়ে বা কত দ্রুত এগোচ্ছে বলে মনে হয় আপনার?আতহার: এ মুহূর্তে, এখন বোঝা যাচ্ছে আমাদের দলটা একটা পর্যায়ে চলে এসেছে। একটা গেম হঠাৎ করে জিততে পারি, প্রতিপক্ষ হয়তো বাজে খেলতে পারে। কিন্তু দশটা দিন তো আর প্রতিপক্ষ বাজে খেলতে পারে না। তার মানে আমরা ভালো খেলছি। সবচেয়ে বড় ব্যবধানটা গড়ে দিচ্ছে সাকিব। শুধু অধিনায়কত্বে নয়, ব্যাটিংয়েও। আমার মনে হয়, কাউন্টিতে খেলার পর ওর খেলার অনেক উন্নতি হয়েছে। আগেও রান করেছে, ভালো খেলেছে। কিন্তু এখন মনে হয়, একটু দায়িত্বও চলে এসেছে। একটু ধরে খেলতে পারে। ছোট একটু অ্যাডজাস্টমেন্ট করেছে, এটাই দলের জন্য অনেক বড় ব্যবধান গড়ে দিচ্ছে। আপনি বললেন যে দলটা একটা পর্যায়ে চলে এসেছে। আশরাফুল, মাশরাফি, তামিমকে ছাড়াই এখন বাংলাদেশ জিতছে, এটা কি তারই প্রমাণ? আতহার: অবশ্যই, দলে এখন একটা সুস্থ প্রতিদ্বন্দ্বিতা গড়ে উঠেছে। মাশরাফি-তামিম বাইরে। নাজমুলের মতো সিনিয়র একটা বোলারও বাইরে, আশরাফুল-আফতাবেরা তো অনেক দিন থেকেই রানে নেই। তার পরও আমরা বড় একটি দলকে হেসেখেলে হারাচ্ছি। আগে আমরা কোনো এক-দুজনের ওপরে নির্ভরশীল ছিলাম, এখন একেক দিন একেকজন দলকে জেতাচ্ছে। এটাকে কীভাবে দেখছেন?আতহার: এটা আজকে (গতকাল) প্রমাণ করে দিয়েছে মাহমুদউল্লাহ রিয়াদ। সবাই এখন জানে, যে কেউ ব্যর্থ হতে পারে। এতে মুষড়ে পড়ল চলবে না। আরেকজনের দায়িত্ব নিতে হবে। দলের বিশ্বাস এখন অনেক উঁচুতে। আমরা বিশ্বকাপ খেলব এখানে। বিশ্বকাপ এখনো দূরে আছে, কিন্তু আমার ধারণা, এই আত্মবিশ্বাসটা বিশ্বকাপে দলের সঙ্গী হবে। সবাই বিশ্বাস করবে যে আমরা বড় দলকে হারাতে পারি। নিউজিল্যান্ড দলের এমন ব্যর্থতার কারণ কী?আতহার: ওরা আসলে স্পিনের বিপক্ষে খুব বেশি নড়বড়ে। আমাদের বোলাররা ওদের মিডল-অর্ডারকে দাঁড়াতে দেয়নি। ব্রেন্ডন ম্যাককালাম ও রস টেলরকে তাড়াতাড়ি ফেরত পাঠানোয় ওদের মেরুদণ্ড ভেঙে গেছে। টেলর কিছু রান করলেও আর কারও সহায়তা পায়নি। এমনকি ড্যানিয়েল ভেট্টোরির বডি ল্যাঙ্গুয়েজও ভালো মনে হয়নি। সব কথার মোট কথা আমাদের ক্রিকেটাররা ওদের সফল হতে দেয়নি।