‘এমন অভিজ্ঞতা কখনো হয়নি’
ঝড়টা সবচেয়ে বেশি গেছে তাঁর ওপর দিয়েই। তাঁর ১১ বলে ওয়াটসন নিয়েছেন ৩৯ রান, স্ট্রাইক রেট ৩৫৪.৫৪! এর মধ্যে এক ওভারে আছে ২৭। অথচ আগের ম্যাচেই দারুণ বোলিং করেছিলেন। সোহরাওয়ার্দী শুভ জানাচ্ছেন তাঁর ওয়াটসন-অভিজ্ঞতা কী বলবেন ওয়াটসনের ইনিংসটা নিয়ে?সোহরাওয়ার্দী শুভ: সত্যি বলতে, কিছু বলার নেই। কেউ যখন এমন খেলতে থাকে, তখন কী-ই বা আর করার থাকে! আজ (গতকাল) ছিল ওর দিন, ও যা চেয়েছে তা-ই হয়েছে। দেখলেন না, মিস-হিটগুলোও কীভাবে গ্যালারিতে চলে যাচ্ছে। এমন ইনিংস আসলে জীবনে কেউ একবারই খেলতে পারে। আপনাদের বোলিংয়ের তো কিছু দায় আছে?সোহরাওয়ার্দী: সেটা অস্বীকার করব না। দু-একটি বাজে বল যে আমরা করিনি, তা নয়। হয়তো আমরা আরও ভালো বোলিং করতে পারতাম। কিন্তু আপনারা হয়তো দেখেছেন, ও ভালো বলগুলোও কীভাবে মারছিল। বেশির ভাগ চার-ছয়ই কিন্তু মেরেছে ভালো বলে। আগের ম্যাচে যে বলগুলোতে আমরা উইকেট পেয়েছি, তেমন বলেও ও অনায়াসে ছয় মারছিল। ওই যে বললাম না, দিনটি ছিল ওর। ও চাইলেও হয়তো এমন ইনিংস আরেকটা খেলতে পারবে না। আগের ম্যাচের কথা যখন উঠলই, ওই ম্যাচে তো আপনি দারুণ বোলিং করেছিলেন। কাল মুদ্রার উল্টো পিঠটাও দেখা হয়ে গেল!সোহরাওয়ার্দী: সত্যি বলতে, খুব খারাপ লাগছে। গত ম্যাচে ভালো করার পর আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল। এদিন আবার এমন হলো...এই কথা আবার বলতে হয়, কেউ এমন খেললে বেশি কিছু করার থাকে না। প্রথম ইনিংস শেষে কি মনে হয়েছিল, ২২৯ করে ম্যাচ জেতা সম্ভব?সোহরাওয়ার্দী: আমরা আত্মবিশ্বাসী ছিলাম। এই উইকেটে এমন রান আমরা এর আগে অনেকবার ডিফেন্ড করেছি। কিন্তু ওয়াটসন সব উল্টাপাল্টা করে দিল। আপনার যে ওভারটায় ওয়াটসন টানা চার ছয় মারল...সোহরাওয়ার্দী: বুঝতে পারছিলাম না কোথায় বল করব। কোনো কিছুই ঠিকঠাকমতো হচ্ছিল না। মানে যেখানেই বোলিং করছি, ও মেরেই যাচ্ছে। বল ফেলার জায়গাই খুঁজে পাচ্ছিলাম না। মার তো আসলে সবাই খেয়েছে। মাঠে দলের বাকি সবার অবস্থা কী ছিল, কী কথা হচ্ছিল?সোহরাওয়ার্দী: আমরা সবাই তো বলছিলাম শুধু জায়গামতো বল ফেলে যেতে হবে। একটা না একটা সুযোগ আসবেই। কিন্তু ওর গায়ে প্রচণ্ড শক্তি। আমাদের আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। এমন অভিজ্ঞতা কি জীবনে আর কখনো হয়েছে?সোহরাওয়ার্দী: সত্যি বলতে, না। এমন অভিজ্ঞতা জীবনে আর কখনো হয়নি। বল ফেলার জায়গা পাচ্ছি না। এমন কখনো হয়নি। কোনো ধরনের ক্রিকেটেই না। দলের মনোবল তো তাহলে পুরোপুরি ভেঙে যাওয়ার কথা...সোহরাওয়ার্দী: না, আমরা জানি, এটা ছিল এক্সট্রা-অর্ডিনারি একটা ইনিংস। এমন ইনিংস প্রতিদিন খেলা যায় না। হয়তো ৫-১০ বছরে বা এক জীবনে একবার দেখতে পাবেন। চাইলেও এমন ইনিংস ও আর খেলতে পারবে না। আশা করি, আমরা ফিরে আসতে পারব।