‘এমন নির্যাতন সিলেটে নজিরবিহীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিএনপির ডাকা হরতালের আগের দিন ও হরতালের দিন সিলেটে র্যাব-পুলিশ যে অমানবিক, অগণতান্ত্রিকভাবে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ওপর লাঠিপেটা করেছে, তা ভাষায় প্রকাশ করার মতো নয়। অতীতের কোনো সময় এমন আচরণ দেখা যায়নি। মহাজোট সরকারের দমনপীড়ন ওয়ান-ইলেভেনকেও ছাড়িয়ে গেছে। কোনো কারণ ছাড়াই গত ২৯ নভেম্বর হরতালের সমর্থনে বের হওয়া মিছিলে আওয়ামী-পুলিশ বিনা উসকানিতে বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ওপর ন্যক্কারজনকভাবে বর্বরোচিত হামলা চালায়। এমন নির্যাতন সিলেটের রাজনীতিতে নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে। তাই এ নির্যাতনের বিচার না হলে এর ফল ভালো হবে না।’ ৪ ডিসেম্বর সিলেট নগরের একটি হোটেলের সম্মেলনকক্ষে র্যাব-পলিশ কর্তৃক বিএনপির শীর্ষস্থানীয় নেতাদের ওপর হামলা, নিযার্তনের প্রতিবাদ ও গ্রেপ্তারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে সিলেট জেলা ও মহানগর বিএনপির আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি সাবেক সাংসদ দিলদার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুল গফ্ফার। আবদুল গফ্ফার বলেন, ‘সেদিন আমাদের আহত অবস্থায় রশি দিয়ে বেঁধে গরুর মতো টেনেহিঁচড়ে থানায় নিয়ে যাওয়া হলো।’ বিএনপির নেতা আলী আহমদ সাংবাদিকদের কাছে প্রশ্ন রেখে বলেন, পুলিশের হাতে রড আর হকিস্টিক থাকবে কেন? দিলদার হোসেন বলেন, বিএনপি সহিংস আন্দোলনে বিশ্বাস করে না। সেদিন বিএনপি নেতাদের পিটিয়ে আহত করে গ্রেপ্তারের পর জনগণ আবেগতাড়িত হয়ে দুই-একটা গাড়ি ভাঙচুর করে থাকতে পারে। এতে বিএনপির কোনো নির্দেশ ছিল না। সংবাদ সম্মেলনের শুরুতে স্বাগত বক্তব্য দেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবদুল কাইয়ুম জালালী। নগর কমিটির সহসভাপতি নাসিম হোসাইন, মকসুদ আলী, জেলা বিএনপির সহসভাপতি শেখ মকন মিয়া, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক রেজাউল হাসান, সাবেক সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবি শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।