‘এমন ভাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এখনো তাঁর পরিচয় হ্যামিল্টন মাসাকাদজার ছোট ভাই। তবে তিন বছরের বড় ভাইয়ের ছায়া থেকে বেরিয়ে নিজের পরিচয়ে পরিচিত হতে শুরু করেছেন। জিম্বাবুয়ের ২৪ বছর বয়সী অলরাউন্ডার শিঙ্গিরাই মাসাকাদজা কথা বললেন তাঁর উঠে আসা ও বড় ভাইকে নিয়ে আপনাকে খুব উৎফুল্ল মনে হচ্ছে?শিঙ্গিরাই মাসাকাদজা: আমি সব সময়ই হাসিখুশি থাকি, ইতিবাচক থাকি। আগের ম্যাচের পারফরম্যান্সও (৮-০-৩৪-১) নিশ্চয়ই উৎফুল্ল থাকার আরেকটা কারণ?শিঙ্গিরাই: খুব ভালো কিছু করিনি, তবে খুব একটা খারাপও নয়। আকাশ মেঘলা ছিল, উইকেটে সামান্য ঘাসও ছিল। কন্ডিশন খানিকটা সিমার-বান্ধব ছিল। আমি স্রেফ ওটাকেই কাজে লাগানোর চেষ্টা করেছি। সেদিন অনেক শর্ট বল করেছিলেন, এটা কি পূর্বপরিকল্পিত ছিল?শিঙ্গিরাই: না, উইকেট দেখার পর ভাবলাম শর্ট বল কার্যকর হতে পারে। শর্ট অব গুড লেন্থ আমার ন্যাচারাল লেন্থ। সুইংটা এখনো ভালোভাবে আয়ত্ত করতে পারিনি, আচমকা একটু বাড়তি লাফিয়ে ওঠা বলটাই আমার স্টক ডেলিভারি। আপনার উইকেট নেওয়ার ক্ষমতা নিয়ে কারও সন্দেহ নেই, কিন্তু একটু বেশিই খরুচে। গত ম্যাচেই প্রথম ওয়ানডেতে ওভারপ্রতি সাতের কম রান দিয়েছেন...শিঙ্গিরাই: দক্ষিণ আফ্রিকায় কিন্তু আমি তিন ম্যাচে সাতটি উইকেট পেয়েছি। রানটা বেশি দিয়ে ফেলেছি, কারণ উইকেটগুলো ছিল একেবারেই প্রাণহীন। বোলারদের জন্য কিছু ছিল না, দক্ষিণ আফ্রিকার বোলাররাও তো অনেক রান দিয়েছে। আমার ক্যারিয়ারের কেবল শুরু, আশা করি দ্রুতই উন্নতি হবে। বোলিং কোচ হিথ স্ট্রিকের সঙ্গে এটা নিয়ে কাজ করছেন না?শিঙ্গিরাই: দেখুন, স্ট্রিকি আমাকে বলেছে আক্রমণাত্মক মানসিকতা ধরে রাখতে। অভিষেক ওয়ানডেতে ৩ ওভারে ৩৬ রান দিলেও শেষ ওভারে ২ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দলকে জেতাতে পেরেছি এই মানসিকতার কারণেই। সময় আর অভিজ্ঞতার সঙ্গে লাইন-লেন্থ উন্নতি হবে। তবে অবশ্যই আমি চাই আরও নিয়ন্ত্রিত বোলিং করতে, যেমনটা করেছি গত ম্যাচে। আপনি তো দলে সুযোগ পেয়েছেন বোলিং অলরাউন্ডার হিসেবে, কিন্তু ব্যাট হাতে এখনো তেমন কিছু করতে পারেননি...শিঙ্গিরাই: দেখানোর সুযোগ পেলাম কোথায়! যখনই ব্যাটিংয়ে নেমেছি, তেমন কিছু করার সুযোগ ছিল না। তার পরও আয়ারল্যান্ডের বিপক্ষে একটি ম্যাচে ৪৫ করেছি। তবে ওই যে বলেছি, ক্যারিয়ারের কেবল শুরু, উন্নতির জায়গা অনেক আছে। আপনার উঠে আসার কথা কিছু বলুন...শিঙ্গিরাই: আমি সব সময় বোলিং অলরাউন্ডারই ছিলাম। ক্রিকেট শুরু করেছিলাম প্রাইমারি স্কুলে, এরপর খেলেছি স্থানীয় একটি ক্লাবে। বছর তিনেক আগে প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক, ২০টির মতো উইকেট নিয়েছিলাম সেবার। গত মৌসুমে ৪০ উইকেট নেওয়ার পর সুযোগ পাই দলে। ভাইয়ের কথা যে কিছু বলছেনই না! আপনার ক্যারিয়ারে হ্যামিল্টনের প্রভাব কতটুকু?শিঙ্গিরাই: অনেক। ও সব সময়ই আমার পাশে আছে, আমাকে যতটা পারে সাহায্য করে। ফ্র্যাঞ্চাইজি দলেও ও আমার অধিনায়ক, আমরা ক্রিকেট নিয়ে অনেক কথা বলি। ও অনেক দিন ধরে আন্তর্জাতিক ক্রিকেট খেলছে, অনেক অভিজ্ঞতা। আমাকে অনেক পরামর্শ দেয়, বলে নিজেকে কীভাবে পরের ধাপে নিয়ে যেতে হবে। হ্যামিল্টনের মতো ভাই পাওয়া সৌভাগ্যের ব্যাপার। মাঠের বাইরে আপনাদের দুজনের সম্পর্ক কেমন?শিঙ্গিরাই: খুবই কাছের, অনেক কিছু শেয়ার করি আমরা। প্রচুর সময় একসঙ্গে কাটাই।