‘এমন মৃত্যু সত্যিই খুব কষ্টের’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসঙ্গে ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে ১০ মিটার এয়ার রাইফেলে দলীয় সোনা জিতেছেন। কাল নাটোরে এক সড়ক দুর্ঘটনায় ফিরোজ হোসেনের মৃত্যুতে সাইফুল আলম (রিংকি) বন্ধু হারানোর ব্যথায় কাতর। পাবনায় ফিরোজের মরদেহ দেখতে গিয়ে মুঠোফোনে সোনাজয়ী প্রয়াত শ্যুটারকে নিয়ে করলেন স্মৃতিচারণা আপনি এ মুহূর্তে কোথায় আছেন?সাইফুল আলম (রিংকি): আমি এই মাত্র পাবনায় এসে পাখির মরদেহ দেখলাম। গ্রামের বাড়ি কুষ্টিয়ায় ঈদ করতে এসেছিলাম। মর্মান্তিক এ দুর্ঘটনার খবর শুনে সাবরিনাকে নিয়ে চলে এসেছি। কীভাবে এ দুর্ঘটনা ঘটল? কিছু জানতে পেরেছেন?সাইফুল: পাখি প্রাইভেটকার ড্রাইভ করছিল। ওর স্ত্রী আঁখি ছিল ওর বাঁয়ে। আর ওর তিন বছরের মেয়েটা পেছনের সিটে ডান দিকে কাজের মেয়ের কোলে ছিল, ওরাও মারা গেছে। পেছন থেকে ট্রাক ডান পাশটা গুঁড়িয়ে দেয়। বাঁয়ে থাকায় আঁখি প্রাণে বেঁচে গেছে।  আঁখির অবস্থা এখন কেমন?সাইফুল: সে হাসপাতালে আছে। মনে হচ্ছে বিপদমুক্ত। মাথায় আঘাত পেয়েছে। তবে জ্ঞান আছে। কথাবার্তা বলছে। স্বামীর মৃত্যুর খবর ওকে দেওয়া হয়নি। একটু পর (তখন সন্ধ্যা ৬টা) পাখির মরদেহ দাফন করা হবে। তখন খবরটা দিতেই হবে। সাবরিনা আছে, ও বুঝিয়ে-সুঝিয়ে বলবে। আপনারা তিন জন তো ১৯৯৫ মাদ্রাজ সাফ গেমসে দলীয় সোনা জিতেছিলেন ১০ মিটার এয়ার রাইফেলে। আজ নিশ্চয়ই সেই দিনটির কথা আপনার খুব মনে পড়ছে?সাইফুল: খুব মনে পড়ছে। আমি, ফয়েজ আর ও টিম ইভেন্টে গোল্ড পাই। বাছাইয়ে আমি ৫৮৪ করি, তারপর দ্বিতীয় হয় ফয়েজ, ৫৭২ করে তৃতীয় পাখি। ফাইনালে ও ফয়েজকে হারিয়ে দ্বিতীয় হলো। ফাইনালের আগে ওকে দু-তিনটি পরামর্শ দিই, তাতেই কাজ হয়। তখন ছেলেদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের একক আধিপত্য। প্রথম তিনটি স্থান আমরা নেব—এ ঘোষণা আগেই দিয়ে দিতাম। ও সব সময় আমাকে ‘বস’ বলে ডাকত। একটু রাগী, একরোখা। তাই অনেক কিছুই মেনে নিতে পারত না। ব্যক্তিগত জীবনে গার্মেন্টসের ব্যবসা করত। আপনি তো কাছ থেকে দেখেছেন ফিরোজকে। শ্যুটার হিসেবে তাঁকে কীভাবে মূল্যায়ন করেন?সাইফুল: ও অনেক ভালো শ্যুটার ছিল। ১৯৯৭ সাফ শ্যুটিংয়ে দলীয় সোনা পেল। ১৯৯৯ কাঠমান্ডু সাফ গেমসে সম্ভবত ব্যক্তিগত রুপা পেয়েছিল। ২০০১ সালে করাচিতে সাফ শ্যুটিং করল, সেখানেও টিম গোল্ড পেয়েছে। ব্যক্তিগত দুটি সিলভার জিতেছে, প্রোন ও থ্রি-পজিশনে।  ফিরোজের ঢাকা আসা, আন্তর্জাতিক শ্যুটার হওয়ার পেছনে শুনেছি আপনার অনেক অবদান আছে...সাইফুল: ও পাবনা থেকে ঢাকা এল নব্বইয়ের শুরুতে। তারপর ইন্টার ক্লাব শ্যুটিং করালাম ওকে দিয়ে। তারপর সাফ গেমসে সোনা জিতল। ও ছিল সাবরিনাদের সমবয়সী। আমি একটু সিনিয়র। ২০০০ অলিম্পিকের আগে সাবরিনা ও ওর সঙ্গে আমি জার্মানিতে গেলাম প্রি-অলিম্পিক কোয়ালিফাইং প্রতিযোগিতায়। শেষ পর্যন্ত সাবরিনা সুযোগ পেল অলিম্পিকে।  খবরটা আপনি কখন শুনলেন?সাইফুল: কোচ শোয়েব আমাকে ফোন করে বলল, পাখি ভাই নেই। শুনে স্তম্ভিত হয়ে গেলাম। সাবরিনাও আপসেট হয়ে পড়ল। আজ দুপুরেই আমাদের ঢাকায় ফেরার কথা ছিল। কিন্তু এ খবর পেয়ে ঢাকায় না গিয়ে কুষ্টিয়া থেকে পাবনা এলাম। ঢাকা থেকে চন্দন, রত্নাসহ অনেকে পাবনা রওনা দিয়েছে শুনেছি।  বাংলাদেশে এমনিতেই শ্যুটিং কোচ হাতে গোনা। এর মধ্যে ফিরোজের মতো একজন কোচ চলে গেলেন। এ ব্যাপারটিকে কীভাবে দেখছেন?সাইফুল: শ্যুটিংয়ে অনেক বড় ক্ষতি হলো এই মৃত্যুতে। ২০০৮ সালের দিকে আমি আর্মি শ্যুটিং ক্লাবের কোচের দায়িত্ব ছাড়ার পর সেই দায়িত্বটা ও-ই নিল। এমন বিদায় সত্যিই খুব কষ্টের এবং দুঃখের।