‘এর জন্য দায়ী ভোলার জনগণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেঘনা-তেঁতুলিয়ায় ইলিশ পড়ছে না। এর জন্য জেলে, মৎস্যজীবী ও ভোলার মৎস্য কর্মকর্তারা অবৈধ জালকেই দায়ী করেছেন। এই অবৈধ জাল মাছের গতিপথে বাধা হয়ে থাকায় জেলেরা তাঁদের জালে মাছ পাচ্ছেন না। আর এসব অবৈধ জাল পাতছে ক্ষমতাসীন দলের সমর্থক প্রভাবশালী মৎস্য ব্যবসায়ীরা। তাঁরা মেঘনা-তেঁতুলিয়া দখল করে কয়েক হাজার অবৈধ জাল পাতছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ জাল পাতা স্থানে কোনো সাধারণ জেলেকে মাছ ধরতে দেওয়া হয় না বলেও অভিযোগ আছে।জেলেদের অভিযোগ, ভোলার মেঘনা নদীতে মশারি জাল, খরচি জাল, বিন্দি জাল, পিটাইন্যা জাল ও কারেন্ট জাল দিয়ে জাটকা ও রেণু পোনা ধরা হচ্ছে। কিন্তু প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুধু কারেন্ট জালের দিকেই নজর দিচ্ছে। অথচ অবৈধ জালের দিকে প্রশাসনের কোনো নজর নেই। জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশচন্দ্র মল্লিক প্রথম আলোকে বলেন, মশারি জাল, খরচি জাল, বেহুন্দি (বিন্দি) জাল ও পিটাইন্যা জাল মাছের গতিপথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাই এ জাল অবৈধ। এ ছাড়া কারেন্ট জালও অবৈধ। এসব জাল দিয়ে মাছের গতি রোধ করার ফলে ইলিশ মাছের ঝাঁক আগের মতো ভোলার মেঘনা তেঁতুলিয়ায় আসছে না। পেটানো জালতিন-চার হাজার মিটার লম্বা একটি পিটাইন্যা জাল দিয়ে ডুবাচর ঘেরাও করে। তারপরে চারপাশ থেকে ৩০-৪০ জন জেলে লাঠি দিয়ে পিটিয়ে জালের মধ্যে মাছ ঢোকায়। একপর্যায়ে পুকুরে পোনা ধরার মতো পানি ছেঁকে মাছ ধরে। পেটানো জালের ক্যাডার জেলেদের হাতে মার খাওয়া আহত সফিউল মাঝি (৫৫) বলেন, ‘পিডাইন্যা জাল দিয়া একবারে দেড়-দুই লাখ টাকার জাটকা ধরা পড়ে। এই জাল পাতোনের সময় আশপাশে দুই-এক মাইলের মইধ্যে কোনো দাঁড় বাওয়া নৌকা থাকতে দেয় না পিডাইন্যা জাইল্যারা। জাল পাতোনের আগে পটকা ফুডাইয়্যা লয়। অনেক সুম গুল্লিও করে। যদি ভুল কইর‌্যা কোনো জাইল্যা নৌকা লইয়্যা হেগো খেওয়ের মাইধ্যে ডুইক্যা যায়, তাইলে হেরে পিডাইয়্যা আধমরা কইর‌্যা লয়।’ভোলা সদর, দৌলতখান, মনপুরা, বোরহানউদ্দিন উপজেলার ডুবোচর দখল করে এ পেটানো জাল পাতা হচ্ছে। একই দিনে লাখ টাকার মাছ ধরা পড়ায় দিনে দিনে অনেক বড় বড় নেতাও ভাগ বসাচ্ছেন। ফলে ভোলা ও দৌলতখানে পালা করে তাঁরা এ জাল পাতছেন।নাম প্রকাশ না করার শর্তে জেলেরা জানান, মেঘনার তরমুজের খেও, জেলের খেও, হাঁটু ভাঙার খেও, খরচির খেও, আগার খেও, লোঙ্গার খেও, কান্দার খেও, তলীর খেও, বালির খেও নামক ডুবোচরসহ ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন ও মনপুরা মেঘনায় শতাধিক ডুবোচর রয়েছে; যেখানে অবৈধ পেটানো জাল পাতা হচ্ছে। মেঘনার তরমুজের খেও নামক ডুবোচর দখল করে মাছ ধরেন ক্ষমতাসীন দলের নেতা-কর্মী, নয়তো নেতার আশীর্বাদপুষ্ট মৎস্য ব্যবসায়ীরা। এখানে প্রতি খেওয়ে দুই-আড়াই লাখ টাকার মাছ ধরা পড়ায় ভাগ হয়েছে ৩২টি। পালাক্রমের সদস্যরা জানান, নাগর, কামাল, সাজল বেপারী, জিন্নাহ, আ. মান্নান, ঝিন্টু হাওলাদার, সোহেল পাটওয়ারী, পিয়াস, আবদুল মালেক, শাহেদ আলী, নীরব, নওশাদ, আজিজুল হক, জাকির পাটওয়ারী, মন্টি পাটওয়ারী, বিপ্লব, মো. ফয়েজ, নান্নু ডাক্তার, সুজন, সাজল হক বেপারী, আজাদ, ফেরদৌস, নিজাম, মো. কামরুল, নোমান পাটওয়ারী, ইব্রাহীম, বাবুল পোদ্দার, জাহিদ, জয়নাল হাওলাদার, মনির পাটওয়ারী, মো. পাভেল, শাহিন, জসিম, শাহেদ আলী, লাভলু হাওলাদার। ৩২ দিনের দুই দিন ‘শান্তি দা’র নামে বরাদ্দ। তাঁরা জানান, ‘শান্তি দা’ হচ্ছে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ খেওয়ের প্রধান নেতৃত্ব দিয়ে থাকেন জামাল উদ্দিন সকেট। যাঁর বিরুদ্ধে একাধিক নদীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মামলা আছে। তিনি বলেন, ‘প্রতিবছর ডুবোচর দখল করে জাল পাতা নিয়ে সংঘর্ষ হওয়ায় আমরা মৎস্য ব্যবসায়ীরা রোটেশন করে তরমুজের খেওয়ে মাছ ধরছি। এ খেওয়ের ভাগ আছে বড় বড় নেতার। পিটাইন্যা জাল পাতা অবৈধ কি না, তা আমরা জানি না। অন্যদিকে জেলেরা যখন পেটানো জাল দিয়ে ডুবোচরে মাছ ধরে তখন অন্য জেলেদের সরিয়ে দেওয়া হয় সত্য, কিন্তু তাদের মারধর করার বিষয়টি আমি জানি না।’দৌলতখানে অবৈধ পেটানো জাল পাতার নেতৃত্ব দিচ্ছেন আবদুল হাই, আলমগীর কমিশনার, ছোট মনু, আওলাদ, নবু, জাহাঙ্গীর মাঝি, বাবুল, নাজিম উদ্দিন, কামাল সারেং, সিরাজ, ভুট্টু। এঁদের প্রত্যেকেই রোটেশন করে সংঘবদ্ধভাবে এ অবৈধ জাল পাতছেন। আবদুল হাইয়েরই রয়েছে ৪০টি পেটানো জাল। আরও আছে মশারি জাল, খরচি জাল । আওলাদ-নবু জানান, পুরো মেঘনার রাজত্ব এখন আবদুল হাই আর ছোট মনুর কব্জায়। কিন্তু ছোট মনু জানান, এঁরা তাঁদের নামে মিথ্যা বদনাম ছড়াচ্ছেন। কারণ দীর্ঘদিন ধরেই এঁরা তাঁর প্রতিপক্ষ। মেঘনার রাজত্ব আওলাদ-নবুরও আছে।দৌলতখান-বোরহানউদ্দিন ছাড়াও মনপুরা, কলাতলী ও ঢালচরের আশপাশে ডুবোচর দখল করে পেটানো জাল পাতা হচ্ছে। খরচি জালতজুমদ্দিন উপজেলার চর মোজাম্মেল, চর জহিরুদ্দিন, বাসন ভাঙার চর, চর তাজাম্মুল, তেলিয়ার চর, মনপুরা উপজেলার কলাতলীর চর ও ঢালচরের মাঝখানে, কলাতলী ও ডাকাতিয়া চরের মধ্যখানে; ভোলা সদর উপজেলার ভোলা খালের মাথা, শিবপুর মেঘনা, গাজীপুর চর, কাচিয়াচর এলাকায় কমপক্ষে মেঘনার ৫০টি খরচি জাল পাতা আছে। জেলেরা জানান, একটি খরচি জাল তৈরি করতে ১০-১৫ লাখ টাকা ব্যয় হয়। প্রতিদিন এ জালে কমপক্ষে দুই থেকে আড়াই লাখ টাকার মাছ ধরা পড়ে। এর অধিকাংশই রেণু-জাটকা। এ জাল পাতা হয় প্রায় চার-পাঁচ বর্গকিলোমিটার ডুবোচর দখল করে তার চারপাশে গাছের খুঁটি পুঁতে। ওই খুঁটির সঙ্গে কয়েক হাজার মিটার জাল বাঁধা থাকে। জোয়ারের সময় ওই জাল পানির ওপরে উঠিয়ে রাখা হয়। আবার ভাটার সময় জাল পাতা হয়। ফলে জোয়ারে আসা মাছ আর বের হতে পারে না। এভাবে দিনে দুবার মাছ শিকার করছে।একটি খরচি জাল পাততে তিন-চার হাজার গাছ দরকার। তজুমদ্দিন ও মনপুরার জেলেরা রাতের আঁধারে মেঘনার মধ্যের চর জহিরুদ্দিন, চর মোজাম্মেল, কলাতলীর চরের সরকারি বন থেকে ওই গাছ সংগ্রহ করছেন।মশারি জালসদর উপজেলার ভোলা খাল মৎস্য অবতরণকেন্দ্রের বাবুল মাঝি (১৮) জানান, খরচি জালের মতোই একই পদ্ধতিতে মশারি জাল পাততে হয়। তবে খরচি জাল এক স্থান থেকে অন্য স্থানে নেওয়া যায় না। মশারি জাল নেওয়া যায়। এ জালে মাছ ধরা হয়ে গেলে জেলেরা তুলে নিয়ে আসেন। মশারির নেট দিয়ে এ জাল তৈরি। এ জাল উঁচু চরে (অর্থাৎ জোয়ারে ডুবে যায়, ভাটায় একদম শুকিয়ে যায়) পাততে হয়। প্রতিদিন দুবার এ জালে মাছ ধরা সম্ভব। শীতে এ জালে মাছ ধরার প্রবণতা বেশি। এর একটি জাল তৈরি করতে লক্ষাধিক টাকা খরচ হয়।এ জাল অবৈধ তা তিনি জানেন। এ জন্য তাঁদের কাছে সব সময় মোবাইল থাকে। যখনই পুলিশ বা কোস্টগার্ড নদীতে অভিযানে নামে তখন তাঁদের মোবাইলে আড়তদারেরা সতর্ক করে দেন। বিন্দি জালদুই পাশে দুই লোহার খুঁটির সঙ্গে গোলাকার জালের মুখ হাঁ করা থাকে। তার ৫০-৬০ হাত পেছনে আরেকটি লোহার খুঁটির সঙ্গে জালের শেষ অংশটি বাঁধা থাকে। এ জালের ফাঁকার মধ্যে চিকন আঙুল প্রবেশ করবে না। এর বিশেষত্ব হচ্ছে রেণু থেকে শুরু করে বড় যেকোনো মাছ এ জালে প্রবেশ করলে বের হতে পারবে না। এ জন্য এ জাল নিষিদ্ধ। মেঘনা নদীতে মাঝেমধ্যে এ জাল পাততে দেখা যায়। তবে তেঁতুলিয়া নদীতে ভেদুরিয়া, ব্যাংকেরহাট, চরগাজী, বিশ্বরোডের মাথা, ভেদুরিয়া দক্ষিণ মাথা, দিঘলদী বালিয়া, শান্তিরহাট, গঙ্গাপুর থেকে লালমোহন পর্যন্ত কয়েক হাজার অবৈধ বিন্দি জাল পাতা হচ্ছে। ভেলুমিয়া শাজাহান বাজারের জেলে জাহাঙ্গীর মাঝি (৪০) জানান, ‘এ বিন্দি জালের লাইগ্যা তেঁতুলিয়া নদীত কেউ ছান্দি জাল পাতত পারে না। জাল পাতলে বিন্দির লগে আটকায় গিয়া।’ সাত্তার মাঝি (৫০), আবুল কালাম মাঝি (৩০), মো. মহসিন মাঝি (৩৫),আবুল বাছেত (৩২) একই অভিযোগ করেন। জেলা মৎস্যজীবী সমিতির সভাপতি নূর ইসলাম প্রথম আলোকে বলেন, প্রতিটি আইনশৃঙ্খলা মিটিংয়ে অবৈধ পেটানো জাল, খরচি জাল, মশারি জাল, বিন্দি জাল ও কারেন্ট জাল এবং সাধারণ জেলেদের মারধর করার বিষয়ে আলোচনা হয়। কিন্তু কোনো কিছু হচ্ছে না।গত ১৬ সেপ্টেম্বর জেলা প্রশাসকের কার্যালয় মিলনায়তনে আইনশৃঙ্খলা সভায় রাজনীতিবিদ, সাংবাদিকসহ বিভিন্ন কর্মকর্তার অভিযোগের ভিত্তিতে কোস্টগার্ডের অভিযান (অপারেশন অফিসার) কর্মকর্তা শামিম আহাম্মেদ বলেন, অবৈধ জালে বাধা পেয়ে মাছ মেঘনা নদীতে প্রবেশ করছে না। এর জন্য দায়ী ভোলার লোকজন। এটা বন্ধে সবার সম্মিলিত প্রচেষ্টা চালাতে হবে।জেলা প্রশাসক মো, মেসবাহুল ইসলাম বলেন, ‘কোস্টগার্ড ও পুলিশের সাহায্য নিয়ে অবৈধ জাল ধরার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করেছি।’