গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতির আদেশ চ্যালেঞ্জ করে করা রিটের ওপর শুনানি শেষে আজ মঙ্গলবার আদেশ দেওয়ার কথা। গতকাল তৃতীয় দিনের মতো শুনানি শেষে আদালত আদেশের সময় নির্ধারণ করেন।শুনানিতে অংশ নিয়ে ইউনূসের আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ন্যায়বিচার পাওয়া নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, ‘আমাদের তো আন্দাজ আছে, বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে।’নোবেল বিজয়ী এই অর্থনীতিবিদ ও ব্যাংকের পরিচালনা পর্ষদের নয় সদস্য গত ৩ মার্চ হাইকোর্টে পৃথক দুটি রিট করেন। এ রিটের ওপর ৩ মার্চ শুনানি শুরু হয়।গতকাল দুপুর সোয়া দুইটায় শুনানির শুরুতে রোকন উদ্দিন মাহমুদকে উদ্দেশ করে আদালত বলেন, পত্রিকা পড়েছেন? রোকন উদ্দিন বলেন, একটি পত্রিকা ছাড়া অন্য পত্রিকা দেখার সুযোগ হয়নি। এতে ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। একপর্যায়ে আদালত বলেন, বিকৃতভাবে সংবাদ পরিবেশন আমরা প্রত্যাশা করি না।রোকন উদ্দিন মাহমুদ বলেন, ১৯৯০ সালের আগস্টে মুহাম্মদ ইউনূসকে নিয়োগ দেওয়া হয়। সে সময় বাংলাদেশ ব্যাংকের অনুমোদন নেওয়া হয়। পরে আর নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। মুহাম্মদ ইউনূস যত দিন থাকতে চান, তত দিন এমডি পদে রাখার বিষয়ে ১৯৯৯ সালে ব্যাংকের পর্ষদ সিদ্ধান্ত নেয়। ফলে এটা ধারাবাহিকতা, নতুন নিয়োগ নয়। তাই পূর্বানুমোদনের প্রয়োজন নেই। আবার যুক্তির খাতিরে যদি মেনে নিই, অনুমোদন নিতে হবে। তাহলে অনুমোদনও হয়েছে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে যৌথ সভায়। এ সভায় কেন্দ্রীয় ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের জিএমের সভাপতিত্বে দুই পক্ষের আরও ছয় কর্মকর্তা ছিলেন। পরিদর্শন প্রতিবেদনের সুপারিশ প্রতিপালনে এই সভা হয়। এতেই অনুমোদন হয়েছে বলে প্রমাণিত হয়।রোকন উদ্দিন মাহমুদ বলেন, অন্যান্য বাণিজ্যিক ব্যাংকে এমডির অবসরের বয়সসীমা ৬৫ বছর। কিন্তু কর্মকর্তা-কর্মচারীদের ক্ষেত্রে ৬০ বছর। ফলে এমডির জন্য পৃথক বয়সসীমা বিভিন্ন দেশ ও বাংলাদেশে রয়েছে।রোকন উদ্দিন বলেন, ‘১৯৯৯ সালের পরিদর্শন প্রতিবেদন ধরে ১২ বছর পর আজ বৈধতার কথা বলা হচ্ছে। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত এ নিয়ে প্রশ্ন তুলেছেন। মার্কিন রাষ্ট্রদূত বুঝতে পারছেন। আর আমরা তিন দিন শুনানি করে আদালতকে বুঝাতে পারছি না।’রোকন উদ্দিন মাহমুদ প্রশ্ন তোলেন, ‘রুল পেতে এত সময় লাগে? আমাদের ভুল বুঝবেন না। অন্য কোনো কারণ থাকলে আমরা চলে যাই। এ মামলায় আমারও অসুবিধা আছে। আদালতেরও থাকতে পারে। কিন্তু আমি পেশাগত জায়গায় মুক্ত।’জবাবে আদালত বলেন, ‘আমাদের সীমাবদ্ধতা নেই। আমরাও মুক্ত। এটা বিশেষ আইন, তাই শুনানি প্রয়োজন।’ রোকন উদ্দিন বলেন, রুল হয়ে শুনানি হতে পারে। রুল দিয়ে হলফনামা নিয়ে শুনানি করা যায়। বাংলাদেশ ব্যাংকের বক্তব্য শোনার অধিকার রয়েছে। রোকন বলেন, ‘উনি (ইউনূস) আমার শিক্ষক। তাঁর মনেও প্রশ্ন আসছে, এখানে কি আমি বিচার পাচ্ছি? আমি দুঃখিত এসব বলার জন্য। এ জন্য যাতে সাপ মরে, লাঠিও না ভাঙে, সেটা চাইছি।’ তিনি বলেন, ‘আমাদের তো আন্দাজ আছে, বুঝতে পারছি কোন দিকে যাচ্ছে। আদালত যে প্রশ্নগুলো করেছেন, আমরা তো বুঝি। আপনাদের মামলা ছেড়ে দেওয়া উচিত।’রোকনউদ্দিন মাহমুদ আবারও বলেন, ‘১৯৯৯ সালের পর বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নেওয়া হয়নি বলা হচ্ছে। তাহলে বাংলাদেশ ব্যাংক কেন এত দিন সহ্য করল? কী হিসেবে লেনদেন করেছে? আমি এ প্রশ্নগুলোর উত্তর চাইছি। ১৯৯৯ সালে সিদ্ধান্ত হয়। ২০০৬ সালের নভেম্বরে তিনি নোবেল পুরস্কার পান। তাহলে কি অবৈধ ব্যক্তিকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? নোবেল পুরস্কার কি গাধাদের দেওয়া হয়? গ্রামীণ ব্যাংককেও পুরস্কার দেওয়া হয়। তাহলে কি অবৈধ নিয়োগের জন্য দেওয়া হয়েছে? তাহলে কি অবৈধ কার্যকলাপের বৈধতা দেওয়ার জন্য নোবেল পুরস্কার দেওয়া হয়েছে? আমি কোর্টে না এসে বলতে পারতাম, মানি না। আইন অনুসারে এমডি নিয়োগের এখতিয়ার পরিচালনা পর্ষদের। তারা বলতে পারত, মানি না। বাংলাদেশ ব্যাংকের ক্ষমতা নেই। ১২ বছর ধরে কোলাকুলি করলেন। এখন বলছেন অবৈধ। উড়ে এসে জুড়ে বসেছেন।’রোকন উদ্দিন মাহমুদ আরও বলেন, সভ্য সমাজে রীতিনীতির মধ্য দিয়ে চলতে হয়। কিন্তু আইনে ক্ষমতা নেই অথচ বললেন, চলে যান। উনি নোবেল পুরস্কারের সম্মান এনে দিয়েছেন। এ জন্য ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াতে পারি। একসময় বিভিন্ন দেশে আমাদের পাসপোর্ট দেখলে ছুড়ে ফেলে দেওয়া হতো। এখন তো বলে, আপনার দেশের একজন নোবেল পেয়েছেন। যে দেশে গুণীর কদর হয় না, সে দেশে গুণীর জন্ম হয় না। এরপর কেউ নোবেল পেলে হয়তো দেশে ফিরে আসবেন না।’রোকন উদ্দিন বলেন, ‘রুল দেওয়ার পর শুনানি হয়। কিন্তু আপনি শুনানি করছেন, আমাদের আপত্তি নেই। তবে শুনানি চলতে থাকলে ভাবতে পারছি না, ফেয়ার শুনানি হচ্ছে। আমরা চলে যাব।’আদালত এ পর্যায়ে বলেন, কীভাবে বুঝলেন? আমরা তো কোনো সিদ্ধান্ত দিইনি। জবাবে রোকন বলেন, ‘তিন দিনে হলো না, ১৫ দিনে হবে না। শিক্ষাবিদ মুহাম্মদ জাফর ইকবাল ও নুরে আলম সিদ্দিকীর লেখার প্রসঙ্গ তোলেন রোকন উদ্দিন মাহমুদ। বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বলতেন, রক্তের বিনিময়ে স্বাধীনতা অর্জন করেছি। তোমরা দেখো, সোনার ছেলে ইউনূস নোবেল এনে দিয়েছে। আমাদের জন্য সম্মান বয়ে এনেছে।’এরপর অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে অংশ নেন। আদালতের ঘড়িতে তখন তিনটা ৪০ মিনিট। অবশ্য অল্প সময়ের মধ্যে এজলাস ত্যাগ করেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। ১০ মিনিট পর এজলাস ত্যাগ করেন মুহাম্মদ ইউনূস। এর আগে শুনানিকালে আড়াইটার দিকে এজলাসে প্রবেশ করেন ইউনূস। বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত আদালত শুনানি গ্রহণ করেন।অ্যাটর্নি জেনারেল বলেন, ব্যাংক কোম্পানি আইনের ৪৫ ধারায় মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালত জানতে চান, সেটা তো চিঠিতে লেখা হয়নি। অ্যাটর্নি জেনারেল বলেন, সব আইনের ধারা উল্লেখ করা নাও হতে পারে। তিনি বলেন, উনি তো (ইউনূস) গর্ব করেন বলেন, দেখেন, এই মহিলাদের আমি বোর্ডে এনেছি। কিন্তু বাংলাদেশ ব্যাংকের পরিদর্শনে এসব মহিলার ভূমিকা পরিলক্ষিত হয়নি।অ্যাটর্নি জেনারেল বলেন, বাংলাদেশ ব্যাংক বলেছে, পুনঃ অনুমোদন লাগবে। আর ওনারা বলছেন, অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলেছে, যে শর্তের আওতায় ’৯০ সালে নিয়োগ দেওয়া হয়েছে, তার সঙ্গে নতুন বিধির সাংঘর্ষিক কোনো বিধান থাকলে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃ অনুমোদন লাগবে। এই পুনঃ অনুমোদন নেওয়া হয়নি।মাহবুবে আলম বলেন, নোবেল প্রাইজ পাওয়ার পর নির্মোহ হন মানুষ। কিন্তু উনি গ্রামীণ ব্যাংকে থাকতে চান। যেকোনোভাবেই তিনি ব্যাংকের দায়িত্বে থাকতে চান।আদালতে শুনানিকালে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন, মুস্তাফিজুর রহমান খান এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা ও বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ উপস্থিত ছিলেন।