‘এরিকসনের অভিনন্দন পেয়েছিলাম’
বাংলাদেশে আসার পর টুকটাক তাঁর সম্পর্কে কিছু জানা গিয়েছে। নিকোলা ইলিয়েভস্কি জানালেন আরও অনেক কিছুই। বাংলাদেশ ফুটবল দলের নতুন মেসিডোনিয়ান কোচের সাক্ষাৎকার নিয়েছেন মাসুদ আলম বাংলাদেশে আসার প্রস্তাবটা কীভাবে পেলেন?নিকোলা ইলিয়েভস্কি: এটা আমার জন্য অপ্রত্যাশিত। আমার সার্বিয়ান ম্যানেজার ফোন করে বলল, বাংলাদেশ একজন কোচ চাইছে। তুমি যাবে? সে আরও বলল, জর্জি ইয়োভানভস্কি (মেসিডোনিয়ারই কোচ) কথা দিয়েও বাংলাদেশকে না করে দিয়েছে। কাজেই বাংলাদেশের একজন কোচ খুব দরকার। নতুন কোচকে দল নিয়ে পাকিস্তান যেতে হবে। আমি সঙ্গে সঙ্গে বললাম, তুমি কথা বলো। খুব তাড়াহুড়ো করে এলেন। ব্যাগ গোছানোর সময়ও বোধহয় পাননি...ইলিয়েভস্কি: আমি পেশাদার কোচ, এক-দুদিনের নোটিশেও কোথাও যাওয়ার মানসিক প্রস্তুতি থাকেই। আলবেনিয়ার একটা ক্লাবে কাজ করে এপ্রিলে এসেছিলাম বাড়িতে। স্ত্রী এবং আমার একমাত্র ছেলে ও মেয়ের সঙ্গে পরামর্শ করেছি। ওরা বলল, তুমি যাও। তাই দুদিনের মধ্যে গোছগাছ করে চলে এসেছি। বাংলাদেশ তো আপনার কাছে অচেনাই হওয়ার কথা। আগে এ দেশের কথা শুনেছেন?ইলিয়েভস্কি: অনেক আগে শুনেছি। বাংলাদেশ নামে একটা দেশ আছে দক্ষিণ এশিয়ায়। আর কিছু জানতাম না। এই কদিনে কেমন লাগছে?ইলিয়েভস্কি: ভালোই। তেমন সমস্যা নেই। তবে একদিন বাইরে থেকে স্যান্ডউইচ খেয়ে পেটে গণ্ডগোল হয়ে গেল। এখানে সাদা ভাত, মাছ ভাজা, স্যুপ, জুস, এগুলোই বেশি খাই। রসুন দিয়ে দুধ খাই, হার্টের জন্য ভালো। আবহাওয়াটা এখানে বেশ গরম, আমাদের ওখানে ঠান্ডা। এখানে ট্রাফিকটা বেশি। আর সবই ঠিক আছে। ভাষা তো একটা সমস্যা। কীভাবে চালিয়ে নিচ্ছেন?ইলিয়েভস্কি: ব্যাংগলি কিছুই বুঝি না। তবে এটা জেনে গেছি, এ দেশে কিরকেট (ক্রিকেট) এক নম্বর খেলা (হাসি)। ক্রিকেট খেলাটা বোঝেন? কখনো দেখেছেন? ইলিয়েভস্কি: খেলাটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। তবে খুব ইন্টারেস্টিং। টিভিতে দেখি, বুঝি না কিছুই। কিন্তু ফুটবলটা তো খুব ভালো বোঝেন। আপনার কোচিং-দর্শন কী?ইলিয়েভস্কি: দর্শন—সব সময়ই আক্রমণ। এক গোল বেশি দাও। ৫ গোল দিলে ৬টি কেন নয়? কোনো কোচকে অনুকরণ করেন? কিংবা কেউ আদর্শ আছেন?ইলিয়েভস্কি: আজকের দিনে আর্সেন ওয়েঙ্গারের থিওরি ভালো লাগে, তিনি সব সময় তরুণদের বেশি সুযোগ দেন। নামের পেছনে ছোটেন না। সে অর্থে, অ্যালেক্স ফার্গুসন হতে পারেন আমার আদর্শ। একক কোনো খেলোয়াড় নয়, দলের সবাইকেই সমান গুরুত্ব দেন। একক খেলা তো নাদাল, জোকোভিচদের। কিংবা কোনো বক্সারের...। আপনার কোচিং জীবন বেশ সমৃদ্ধ দেখাচ্ছে। সব মিলিয়ে অভিজ্ঞতা কেমন?ইলিয়েভস্কি: আমার এখন ৫৬ বছর চলছে। পেশাদার কোচিং ২১ বছরের। ক্লাব, বয়সভিত্তিক এবং জাতীয় দল মিলিয়ে অন্তত এক হাজার ম্যাচে কোচ ছিলাম। মেসিডোনিয়ার অনূর্ধ্ব-২১ ও জাতীয় দলের কোচ হিসেবে সংখ্যাটা ৫৫-৬০। দেশের বাইরে স্লোভেনিয়া, আলবেনিয়া, রুমানিয়া, বুলগেরিয়াসহ অনেক দেশেই কাজ করেছি। কোচিংয়ে দুুটি ডিগ্রি নিয়েছি। এর মধ্যে আছে উয়েফা প্রো কোচ লাইসেন্সও। আপনি এই সময়ে গোটা বিশেক দলের সঙ্গে কাজ করেছেন। ঘন ঘন দল বদলানোর কারণ কী?ইলিয়েভস্কি: কারণ তো আছেই। টাকা-পয়সা ঠিকভাবে না পাওয়া, অনুশীলনের সুযোগ-সুবিধার অভাব...। এভাবে অনেকবার কাজ ছেড়েছি। হয়তো আমি ‘ভেরি কারেক্ট ম্যান’, তাই মানিয়ে নিতে পারি না। এটাই হয়তো আপনাকে বড় জায়গায় পৌঁছে দিয়েছে। ডাগআউটে আপনি আর সভেন গোরান এরিকসন পাশাপাশি ছিলেন। নিশ্চয়ই খুব বড় অভিজ্ঞতা ছিল সেটি?ইলিয়েভস্কি: তা তো অবশ্যই। ২০০৪ ইউরোর বাছাইয়ে আমার কোচিংয়ে মেসিডোনিয়া এরিকসনের ইংল্যান্ডের সঙ্গে সাউদাম্পটনে ২-২ ড্র করেছিল। বেকহামের মতো বিশ্বতারকা ছিল প্রতিপক্ষ দলে। ম্যাচের পর এরিকসনের অভিনন্দন পেয়েছিলাম, ‘তোমার দল ভালো খেলেছে। কনগ্র্যাটস।’ মেসিডোনিয়ার ফুটবল ইতিহাসে সেটিই সেরা ফল। স্কলারির সঙ্গেও তো বোধহয় একই রকম অভিজ্ঞতা আছে... ইলিয়েভস্কি: প্রদর্শনী ম্যাচ পর্তুগালের সঙ্গে আমরা ২-০ গোলে হেরেছিলাম। মনে আছে, স্কলারি চিৎকার করে ফিগোকে বারবার বলছিলেন, ফিগো গো গো...। ম্যাচের পর স্কলারি আমাকে বলেছিলেন, নিকোলা তোমার টিমটা তরুণ হলেও খুবই ভালো খেলেছে। মনে হচ্ছে তারুণ্যে আস্থা একটু বেশিই আপনার...ইলিয়েভস্কি: তা বলতে পারেন। প্রধান কোচ হিসেবে মেসিডোনিয়ার জাতীয় দলে ১৮ বছরের চারজন খেলোয়াড় নিয়েছি। আমার কোচিংয়ে খেলা অনূর্ধ্ব-২১ দলের ১০ জন তরুণকে পরবর্তী সময়ে জাতীয় দলে নিই। ডেনমার্ক, বেলজিয়ামের সঙ্গেও খেলেছে আপনার দল। ফলও খারাপ নয়। আপনি তো বেশ ভালো করেছেন মেসিডোনিয়ার কোচ হিসেবে...ইলিয়েভস্কি: ডেনমার্কের সঙ্গে অ্যাওয়ে ম্যাচে ০-১ হার, দেশে শেষ মিনিটে গোল খেয়ে ১-১। লারসেন, লাউড্রপরা খেলেছিল ডেনমার্ক দলে। বেলজিয়ামের সঙ্গে ১-১ করেছিলাম। আমার দল স্পেনের সঙ্গেও খেলেছে। যুগোস্লাভিয়ায় জন্ম আপনার। দেশটি তো ভেঙে গেছে, সবই এখন অতীত। এ নিয়ে কোনো দুঃখ হয় না? ইলিয়েভস্কি: দুঃখ তো হয়ই। ১৯৯০ ইতালি বিশ্বকাপে পঞ্চম হওয়া যুগোস্লাভিয়ার ফুটবলে সর্বশেষ বড় সাফল্য। ওই বিশ্বকাপে নজর কেড়েছিল দারকো পানচেভ, ৩৪টি গোল করে সে ১৯৯০-৯১ মৌসুমে ইউরোপে আলোচিত হয়েছিল। এখন আর সে রকম খেলোয়াড় আসছে না। তবে যুগোস্লাভিয়া ভেঙে হওয়া দেশগুলোর মধ্যে স্লোভেনিয়া, বসনিয়া-হার্জেগোভিনা, ক্রোয়েশিয়া থেকে ভালো খেলোয়াড় বেরোবে আশা করি। মেসিডোনিয়া ফুটবলের অবস্থা কেমন?ইলিয়েভস্কি: নিচের দিকে, কারণ প্ল্যান-প্রোগ্রাম নেই। ফেডারেশনে প্রেসিডেন্ট ফুটবলে কখনো লাথি মারেনি। দুজন ফুটবলার ফেডারেশনে আছে, যাদের নামও শুনিনি। আমি কোচ থাকার সময় র্যাঙ্কিং সম্ভবত ৬৫। এখন সেটি ৯৮। বছরে মাত্র চার-পাঁচটা আন্তর্জাতিক ম্যাচ খেললে তো উন্নতি হবে না। কিন্তু মেসিডোনিয়া নাকি ফুটবল কোচের খনি?ইলিয়েভস্কি: ঠিক খনি নয়, তবে অনেক কোচ আছে। এটা আমাদের ঐতিহ্য। মেসিডোনিয়ায় ফুটবল খেলাটাই এক নম্বর। তবে হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল খেলাও আছে। এই মুহূর্তে যদি ধরেন...সৌদি আরব, বুলগেরিয়া, ইরান, বাংলাদেশে আমিসহ পাঁচ-ছয়জন কোচ কাজ করছি বিশ্বের নানা প্রান্তে। পেছনে তাকিয়ে খেলোয়াড়ি জীবনের কথা মনে পড়ে না?ইলিয়েভস্কি: খুব মনে পড়ে। স্ট্রাইকার হিসেবে ক্যারিয়ার শুরু করে ৫ বছর পর আমি লেফট মিডফিল্ডার হয়ে যাই। যুগোস্লাভিয়ার যুবদলে ডাক পেয়েছিলাম। ১৯৮৭ সালে খেলোয়াড়ি জীবন শেষ করি। বাবা ফুটবল ভালোবাসতেন, তাই ৭-৮ বছর বয়সেই ফুটবল খেলতে পাঠাতেন। বাবা কী করতেন?ইলিয়েভস্কি: প্রায় ২০০ বাসের একটা সমিতি ছিল আমাদের শহরে...। সেটির অফিসে চাকরি করতেন। আমরা দুই ভাই, দুই বোন। আমি তৃতীয়। ১৯৮১ সালে বাবা, মা মারা গেছেন ৬ বছর আগে। এখন পরিবারে কে কে আছে?ইলিয়েভস্কি: স্ত্রী, এক ছেলে, এক মেয়ে। ছেলেমেয়ের বিয়ে দিয়েছি। স্ত্রী একসময় আইনজীবী ছিল, ছেলে কিছুদিন ফুটবল খেলে ছেড়ে দিয়েছে। সেও আইনজীবী। মেয়ের কসমেটিকসের দোকান আছে। অবসরে কী করেন। বিশেষ কোনো শখ?ইলিয়েভস্কি: বাড়িতে আমার একটা কুকুর আছে। নাম দামার। প্রতিদিন ওটাকে নিয়ে সাইকেলে দশ কিলো রেস করি। আমার চেস খেলার শখ আছে। একসময় বাড়িতে ২০টা অ্যাকুয়ারিয়াম ছিল। ছেলে মাছ পালত। এখন কমতে কমতে দুটিতে ঠেকেছে। ইলিয়েভস্কি মানুষটা কেমন?ইলিয়েভস্কি: ফুটবলপাগল। বন্ধুবৎসল। ছোটবেলার বন্ধুরাই আমার সারা জীবনের বন্ধু। প্রিয় বন্ধু কে?ইলিয়েভস্কি: প্রিয় বন্ধু পাঁচজন। ২ জন ফুটবল খেলেছে আমার সঙ্গে। আমরা একটা গ্রুপ। প্রত্যেক সপ্তাহান্তে একত্র হতাম, খাওয়া-দাওয়া করতাম। ইচের কথা বলি, সেন্টার ব্যাক ছিল সে। ২৫ মিটার দূর থেকে হেডে গোল করার কৃতিত্ব তাঁর। ১৯৮২ সালে যুগোস্লাভিয়ার ঘরোয়া ফুটবলে সেরা গোল ছিল সেটি। ওই বছর আমি গ্রিসে পেশাদার ফুটবল খেলি। শেষ প্রশ্ন, কোচিংজীবনে বাংলাদেশ-পর্বটাকে কীভাবে দেখতে চান?ইলিয়েভস্কি: এ দেশের ফুটবলকে সহযোগিতা করার জন্যই আমি এসেছি। আশা করছি, যাওয়ার সময় বর্তমান অবস্থা থেকে একটু ভালো জায়গায় রেখে যেতে পারব। এখন খেলোয়াড়, কর্মকর্তা, দর্শক, সাংবাদিক সবার সহযোগিতা চাই।বাফুফে ভবনে সাক্ষাৎকার দিতে বসে মাঝপথে মেসিডোনিয়া থেকে মুঠোফোনে ফোন পেলেন। নিজের ভাষায় প্রায় দশ মিনিট কী সব বললেন কিছুই বোঝা গেল না। তাঁর ইংরেজি বোঝাও কঠিন। অনেক প্রশ্ন আকার-ইঙ্গিতে বুঝিয়ে তবেই মিলেছে উত্তর।