দীর্ঘ দুই দশকেরও বেশি কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদকের চেয়ারে বসে আছেন মুনীর হোসেন। গত এশিয়ান গেমসের ভরাডুবির পর নানা সমালোচনার মুখোমুখি তাঁর নেতৃত্বাধীন কার্যনির্বাহী কমিটি। কাল এসব নিয়েই কথা বললেন তিনি আপনি দীর্ঘদিন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক। আপনার নেতৃত্বে কাবাডি কি এগিয়েছে?মুনীর হোসেন: কাবাডি ফেডারেশনের শুরু থেকেই আমি ছিলাম। প্রথম দিকে ছিল আর্থিক সমস্যা। যার জন্য আমরা যখন ইচ্ছা তখন কিছু করতে পারতাম না। শুধু আমাদের সামর্থ্যের আওতায় যা থাকত সেটিই করতাম। আমরা আবারও ফেডারেশনে আসার পর অনেক পরিবর্তন হয়েছে। আমি বলব কাবাডি এগিয়েছে। কিন্তু বাস্তব তা বলে না। এশিয়ান গেমসে তো দলের চরম ভরাডুবি হলো।মুনীর: কাবাডির জন্য দুর্ভাগ্যের একটা বছর বিডিআর বিদ্রোহের বছর। পুরো পুরুষ কাবাডি দল তছনছ হয়ে গেছে এ ঘটনায়। কাবাডির মূল শক্তিই বিডিআর। এই দলের সেরা পাঁচ খেলোয়াড়কে হারিয়েছি এ ঘটনায়। ওরা এখনো খেলতে পারছে না। গত এশিয়ান গেমসে জাপানের সঙ্গে পুরুষ দলের হারের কী ব্যাখ্যা?মুনীর: কারণ হিসেবে বলব, এশিয়ান গেমসের আগে আমরা ঢাকায় যে টুর্নামেন্ট করেছিলাম সেখানে জাতীয় খেলোয়াড়কে খেলতে অনুমতি দেয়নি অলিম্পিক অ্যাসোসিয়েশন। কেন অনুমতি দেয়নি?মুনীর: তাদের ব্যাখ্যা ছিল যদি ওরা খেলে তাহলে আমাদের স্ট্র্যাটেজি জেনে যাবে জাপান। এটা খোঁড়া যুক্তি। দল গঠন নাকি স্বচ্ছ ছিল না। কোচ নির্বাচন নিয়েও আপত্তি ছিল...মুনীর: সবই স্বচ্ছ ছিল। ভালো খেলোয়াড় বলতে শুধু জিয়াকে (জিয়াউর রহমান) বাদ দিয়েছিলাম। ও আসলে ফিট না। ও বিডিআর দলেই তো এবার খেলতে পারেনি। আগের জিয়া আর এখন নেই। ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে নাকি ভাতা নেওয়ার ব্যবস্থা করেছেন। স্বেচ্ছাসেবামূলক দায়িত্বে থেকে ভাতা নেওয়া কতটা নৈতিক?মুনীর: কথাটা সত্যি নয়। গত কার্যনির্বাহী সভার একটা এজেন্ডা ছিল এটা। আসল কথা হলো ঢাকার বাইরের কর্মকর্তাদের টিএ-ডিএ দেওয়া হবে। সাধারণ সম্পাদকের বেলায় যেটা হয়েছে তা হলো যদি প্রয়োজন মনে হয় তাহলে সাধারণ সম্পাদকও টাকা নেবেন। তবে যেখানে যে কাজ করবেন, সেটার ভাউচার দিয়ে দেবেন। কিন্তু এর জন্য কোনো সম্মানী দেওয়ার ব্যাপারে আলোচনা হয়নি। আগের কোনো টুর্নামেন্টের একটিরও নাকি হিসাব দেওয়া হয়নি?মুনীর: অভিযোগ পুরোটাই মিথ্যা। আমরা প্রথমে একটা কমিটি করি। ওই টুর্নামেন্ট কমিটির সম্পাদকই সবকিছু দেখে। এরপর ভাউচার জমা দেয়। পৃষ্ঠপোষক এডিবল অয়েলের কাছ থেকে তো বিশাল আর্থিক সহযোগিতা পাচ্ছেন?মুনীর: ভালোই পাচ্ছি। গত বছর কাবাডি ফেডারেশন এডিবল অয়েল কোম্পানির সঙ্গে চুক্তি করে। চুক্তি অনুযায়ী ৩ বছরে ওরা সব টুর্নামেন্টে পৃষ্ঠপোষকতা করবে। এই বছরেই ওরা নয়টি টুর্নামেন্টের জন্য দেবে ৬০ লাখ টাকা। এভাবে প্রতিবছর দেবে। এটা দিয়ে ৬৪টি জেলায় কাবাডি মেলা হচ্ছে। বলতে পারেন জেলায় জেলায় কাবাডির জাগরণ ঘটছে। আর কোনো পদক্ষেপ?মুনীর: প্রতিবছর একটা কাবাডি নাইট করবে ফেডারেশন। সারা বছরের সেরা খেলোয়াড়, আয়োজক, রেফারি, কোচ, জেলা, স্কুলের ছাত্রদের পুরস্কার দেওয়া হবে জাতীয় পর্যায়ে। ক্রীড়াঙ্গনে চালু যে, কাবাডি শ্যালক দুলাভাইয়ের ফেডারেশন?মুনীর: আমার শালার (মুকিদুর রহমান, বর্তমানে সহসভাপতি) ব্যাপারে বলব, ও মন্ত্রণালয়ের সচিব ছিল। ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক ছিল। ১৯৯৬ সাল থেকে কাবাডি ফেডারেশনের সদস্য ও। তখন তো কেউ ওসব কথা বলেনি। কিন্তু আজ এসব কারা বলছে সব জানি। কাবাডিতে কি সত্যি কোনো ভবিষ্যৎ আছে?মুনীর: অবশ্যই। দেখবেন ২০১৮ এশিয়াডে সোনা জিতবে বাংলাদেশ পুরুষ দল।