‘এশিয়ার নোবেল’ গ্রহণ করলেন রিজওয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়ার নোবেল খ্যাত র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার গ্রহণ করেছেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান। গত ৩১ আগস্ট ফিলিপাইনের রাজধানী ম্যানিলায় এক অনুষ্ঠানে রিজওয়ানাসহ এশিয়ার ছয় বিশিষ্ট ব্যক্তি এ পুরস্কার গ্রহণ করেন। ম্যানিলায় ফিলিপাইন ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে (পিআইসিসি) আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট বেনিগনো অ্যাকুইনো সবার হাতে পুরস্কার তুলে দেন। এ পুরস্কারে রয়েছে একটি সনদ, পদক ও ৫০ হাজার মার্কিন ডলার।পুরস্কার গ্রহণের পর প্রথম আলোকে টেলিফোনে দেওয়া প্রতিক্রিয়ায় রিজওয়ানা হাসান বলেন, ‘একটি যৌক্তিক আন্দোলনের বিষয়ে নিজ দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি আনন্দিত। আমার কাজে যাঁরা সহায়তা করেছেন, তাঁদের প্রতি আমি কৃতজ্ঞ।’র‌্যামন ম্যাগসাইসাই ফাউন্ডেশন গত ২৫ জুলাই র‌্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড-২০১২ ঘোষণা করে। ফাউন্ডেশনের পক্ষ থেকে বলা হয়, পরিবেশ রক্ষার আন্দোলনে ন্যায়বিচারের বিষয়টি আপসহীন ও সাহসিকতার সঙ্গে সামনে আনায় সৈয়দা রিজওয়ানা হাসানকে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে। আইনি লড়াইয়ের মাধ্যমে পরিবেশদূষণ রোধের ক্ষেত্রেও সফল হয়েছেন তিনি। এবার ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া অন্য পাঁচজন হলেন: ইন্দোনেশিয়ার অ্যাম্ব্রোসিয়াস রুবিন্দ্রিজার্তো, কম্বোডিয়ার ইয়াং সায়িং কোমা, ভারতের কুলেন্দি ফ্রাঙ্কিস, ফিলিপাইনের রোমুলো ডেভিড ও তাইওয়ানের শেন সু-জিয়ু।রিজওয়ানা হাসান পেশায় পরিবেশবিষয়ক আইনজীবী। পরিবেশ রক্ষায় কৃতিত্বপূর্ণ অবদানের জন্য এর আগে বিশ্বখ্যাত টাইম সাময়িকী তাঁকে ‘হিরোজ অব এনভায়রনমেন্ট’ খেতাব দেয়। তিনি ম্যাগসাইসাই পুরস্কার পাওয়া দশম বাংলাদেশি। এর আগে ড. মুহাম্মদ ইউনূস, অ্যাঞ্জেলা গোমেজ, স্যার ফজলে হাসান আবেদ, তাহেরুন্নেসা আবদুল্লাহ, জাফরুল্লাহ চৌধুরী, আবদুল্লাহ আবু সায়ীদ, মতিউর রহমান প্রমুখ এ পুরস্কার লাভ করেন। এ ছাড়া বাংলাদেশে কাজ করে এ পুরস্কার পেয়েছেন মার্কিন নাগরিক রিচার্ড উইলিয়াম টিম, যিনি এ দেশে ‘ফাদার টিম’ নামেই বেশি পরিচিত।ফিলিপাইনের প্রেসিডেন্ট র‌্যামন ম্যাগসাইসাই ১৯৫৭ সালে বিমান দুর্ঘটনায় নিহত হন। তাঁর স্মৃতি ধরে রাখতে যুক্তরাষ্ট্রের রকফেলার ব্রাদার্স ফান্ডের সহযোগিতায় ওই বছরই এ পুরস্কার প্রবর্তন করা হয়। সামাজিক নেতৃত্ব, সাংবাদিকতা, সাহিত্য ও সৃজনশীল যোগাযোগ কলা, শান্তি ও আন্তর্জাতিক সমঝোতা এবং উদীয়মান নেতৃত্বসহ কয়েকটি বিষয়ে বিশেষ অবদানের জন্য প্রতিবছর এ পুরস্কার দেওয়া হয়। গত ৩১ আগস্ট র‌্যামন ম্যাগসাইসাইয়ের জন্মদিনে এ পুরস্কার দেওয়া হলো। এএফপি ও দ্য ফিলিপাইন স্টার।