‘এসএনসির নথিতে ঘুষের উল্লেখ থাকে সাংকেতিক ভাষায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রে অভিযুক্ত কানাডার নির্মাণপ্রতিষ্ঠান এসএনসি-লাভালিনের সাবেক কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জানিয়েছেন, বিভিন্ন প্রকল্পে গোপনে ঘুষ দিয়ে থাকে এসএনসি-লাভালিন। কোম্পানির কাগজপত্রে এই ঘুষের উল্লেখ করা হয় সাংকেতিক ভাষায়।কানাডার সিবিসি নিউজকে ইসমাইল এসব কথা বলেছেন। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত সিবিসির এক খবরে ইসমাইল জানান, কোম্পানি ঘুষ হিসেবে যে অর্থ দিয়ে থাকে, তা উল্লেখ করার জন্য ‘পিসিসি’ বা ‘সিসি’ শব্দগুচ্ছ সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।ইসমাইল বলেন, ‘এই পিসিসি বা সিসির আসল উদ্দেশ্য ঘুষ। বেশির ভাগ ক্ষেত্রে কোম্পানির আর্থিক প্রস্তাবে শীর্ষ কর্মকর্তারা এটি ব্যবহার করেন। সবার কাছে এটি পরিচিত এবং তাঁরা জানেন এর অর্থ কী।’পদ্মা সেতু প্রকল্পে ঘুষ দেওয়ার ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ইসমাইল এসএনসি-লাভালিন থেকে চাকরিচ্যুত হন। এরপর তাঁকে গ্রেপ্তার করা হয়। এখন তিনি জামিনে আছেন। তাঁর বিরুদ্ধে মামলা বিচারাধীন রয়েছে।তবে আদালতে নিষেধাজ্ঞা থাকায় পদ্মা সেতু প্রকল্পে দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগে তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা সম্পর্কে কিছু বলতে চাননি ইসমাইল।সিবিসির খবরে বলা হয়, এসএনসি-লাভালিনের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করছে দেশটির রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বা আরসিএমপি। এশিয়া ও আফ্রিকার বিভিন্ন প্রকল্পে গোপনে ঘুষ লেনদেনের সঙ্গে কর্মকর্তারা জড়িত থাকতে পারেন বা বিষয়টি জানতে পারেন।সিবিসি ও গ্লোব অ্যান্ড মেইল পত্রিকার অনুসন্ধানে জানা গেছে, এসএনসি-লাভালিনের শীর্ষ কর্মকর্তাদের অনেকের সই করা কাগজপত্র ও ব্যাংক চেক পর্যালোচনা করে ‘পিসিসি’ ও ‘সিসি’ শব্দগুচ্ছের ব্যবহার দেখতে পেয়েছেন তদন্তকারীরা। এসব নথিপত্র থেকে নাইজেরিয়া, জাম্বিয়া, উগান্ডা, ভারত, কাজাখস্তানসহ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের প্রকল্পে এসএনসির অবৈধ লেনদেনের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে নাইজেরিয়ার দুটি প্রকল্পে ‘পিসিসি’ বা তথাকথিত ‘প্রজেক্ট কনসালটেন্সি কস্ট’ সরাসরি সরকারি কর্মকর্তাদের দেওয়া হয়। সুব্রত নন্দী ও সিবিসি নিউজ।