‘এসএমএস টুইটি’র সঙ্গে সংগীতের ছয় শিল্পী, ৩ ব্যান্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এসএমএস টুইটি’ নামের নতুন একটি সেবার সঙ্গে যুক্ত হলেন দেশের ছয়জন জনপ্রিয় সংগীতশিল্পী আর তিনটি গানের দল। এই সার্ভিসে খুদে বার্তার মাধ্যমে মুঠোফোনের গ্রাহকেরা তাদের প্রিয় তারকাদের মনের কথাসহ সব ধরনের কর্মকাণ্ড সম্পর্কে আগাম খবরাখবর জানতে পারবেন।মাল্টিসোর্সিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান আজ বৃহস্পতিবার তাদের নতুন ভ্যালু অ্যাডেড সার্ভিস এসএমএস টুইটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ উপলক্ষে ঢাকার একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন মাল্টিসোর্সিং লিমিটেডের উচ্চপদস্থ কর্মকর্তা ও দেশের বর্তমান সময়ের জনপ্রিয় সংগীতশিল্পীরা। তাঁরা হলেন বাপ্পা মজুমদার, বালাম, হাবিব, হূদয় খান, কণা, অর্ণব, ব্যান্ড ওয়ারফেজ, নেমেসিস ও আর্টসেলের সদস্যরা। তাঁরা সবাই মাল্টিসোর্সিং লিমিটেডের নতুন এই সেবা সুবিধাটিকে স্বাগত জানিয়েছেন।মাল্টিসোর্সিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাফসির এম আওয়াল বলেন, ‘মাল্টিসোর্সিং লিমিটেড দেশের সব কটি টেলিকমিউনিকেশন প্রতিষ্ঠানের সঙ্গে খবর, গান, ব্যবসায়িক যোগাযোগ, ওয়াপ কনটেন্ট ও অন্যান্য বিষয়ে কাজ করে যাচ্ছে। এবার প্রতিষ্ঠানটি বাংলাদেশে প্রথমবারের মতো নিয়ে এলো এসএমএস টুইটি সার্ভিস।’ তিনি বলেন, ‘আমরা শুরুতে বর্তমান প্রজন্মের কয়েকজন জনপ্রিয় সংগীতশিল্পী যেমন হাবিব, হূদয় খান, বালাম, কণা, বাপ্পা মজুমদার, অর্ণব এবং তিনটি ব্যান্ড আর্টসেল, নেমেসিস ও ওয়ারফেজকে নিয়ে এসেছি। ভবিষ্যতে অন্যান্য বিভাগ যেমন টেলিভিশন, চলচ্চিত্র ও ক্রীড়াজগতের জনপ্রিয় তারকারাও এর সঙ্গে যুক্ত হবেন। আশা করি, এই সেবার মাধ্যমে ভক্তরা তাদের পছন্দের তারকাদের জানা-অজানা, অনেক কথা জানতে পারবেন।’এ সেবার পরিকল্পকদের পুরোধা ওয়ারফেজের শেখ মনিরুল আলম বলেন, ‘বর্তমান যুগে শিল্পীদের গান ছাড়াও উপার্জনের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। এর মাধ্যমে শিল্পীরা আরও বেশি সমৃদ্ধশালী হয়ে উঠবেন। এমনকি ভক্তদের আরও কাছে যাওয়ার সুযোগ পাবেন। আমি মনে করি, এ ধরনের সেবার মাধ্যমে শিল্পী ও ভক্তদের মধ্যে সরাসরি সেতুবন্ধ তৈরি হবে।’