‘এসব লিগেও শেখার আছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাজ্য সফর থেকে দলের সঙ্গে দেশে ফেরেননি। ছুটি কাটাতে থেকে গিয়েছিলেন ইংল্যান্ডে। প্রায় এক মাসের ইংল্যান্ড সফরে ম্যানচেস্টার ও ল্যাঙ্কাশায়ার লিগ ছাড়াও মোহাম্মদ আশরাফুল সাবেক ক্রিকেটারদের দল ল্যাসিংস ওয়ার্ল্ড ইলেভেনের হয়ে খেলেছেন দুটি চ্যারিটি ম্যাচ। দেশে ফিরে সেসব অভিজ্ঞতাই জানালেন জাতীয় দলের এই ক্রিকেটার কেমন কাটল ইংল্যান্ড সফর?মোহাম্মদ আশরাফুল: খারাপ না। ল্যাঙ্কাশায়ার ও ম্যানচেস্টার লিগে দুটি ম্যাচ খেলেছি। সাবেক খেলোয়াড়দের দল ল্যাসিংস ওয়ার্ল্ড ইলেভেনের হয়েও প্রীতি ম্যাচ খেলেছি দুটি। আরও অনেক আগেই এই দলে খেলার অফার পেয়েছিলাম। রিচি রিচার্ডসন ওদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। ক্রিস হ্যারিস অধিনায়ক। এ ছাড়া ওয়াসিম জাফর, হামিশ মার্শাল, জেসন গিলেস্পি, ইয়ান হার্ভি, সাকলায়েন মুশতাকের মতো ক্রিকেটাররা আছেন খেলোয়াড় তালিকায়। আপনার পারফরম্যান্স কেমন ছিল?আশরাফুল: ওয়ান ডাউনে ব্যাট করে চার ম্যাচে দুটি ফিফটি করেছি। একটি ল্যাসিংসের হয়ে, অন্যটি ল্যাঙ্কাশায়ার লিগে। বল করে ৩ উইকেট নিয়েছি এক ম্যাচে। ওয়ান ডাউনে নামার সিদ্ধান্ত কি আপনারই ছিল?আশরাফুল: এসব লিগে বিদেশি খেলোয়াড়দের ওয়ান ডাউনেই ব্যাট করতে হয়...হা হা হা। টাকা দেয়, তাই যত বেশি সম্ভব ব্যাট করাতে চায় বিদেশিদের দিয়ে। বলও করতে হয় অনেক।  এসব লিগ তো শুনেছি অনেকটা পাড়ার ক্রিকেটের মতো। এই মানের ক্রিকেট খেলে আসলে কি কোনো লাভ হয় আপনাদের?আশরাফুল: পাড়ার ক্রিকেট ঠিক না, প্রিমিয়ার লিগের খেলা। খেলায় প্রতিদ্বন্দ্বিতা আছে। আর অবসরে ঘরে বসে থাকার চেয়ে এসব লিগে হলেও খেলা ভালো। খেলার মান হয়তো খুব ভালো না, তবে এসব লিগেও অনেক কিছু শেখার আছে। পুরো দল আপনার ওপর নির্ভর করছে, বেশি সময় ধরে ব্যাটিং-বোলিং করার সুযোগ পাচ্ছেন। লু ভিনসেন্ট, ওয়াসিম জাফরও এই ক্রিকেট খেলে। বিশ্বকাপের আগে তো নিউজিল্যান্ড আর জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ। ব্যক্তিগত লক্ষ্য কী?আশরাফুল: টার্গেট ভালো কিছু করা। এই দুটি সিরিজ ছাড়া এবার ঘরোয়া ক্রিকেটেও ভালো খেলতে চাই। দেশের মাটিতে বিশ্বকাপের আগে ভালো কিছু তো করতেই হবে। ব্যাট হাতে খারাপ সময় পার করছেন। ফাঁকা সময় পেয়ে কি নিজের সমস্যা নিয়ে কোনো কাজ করেছেন?আশরাফুল: আমার ব্যাটিং নিয়ে অনেকে অনেক কথা বলে, অনেক পরামর্শ দেয়। এখন আর এসব নিয়ে ভাবি না। আমি আছি আমার মতো। যেভাবে ব্যাট করলে রান পাব, সেভাবেই ব্যাট করব। হল্যান্ড আর আয়ারল্যান্ডের কাছে হারার পর বাংলাদেশের সামর্থ্যটাই আবার প্রশ্নের সম্মুখীন। দলের কোন কোন জায়গায় উন্নতির দরকার আছে বলে মনে হয়?আশরাফুল: উন্নতির তো আসলে সব জায়গায়ই দরকার আছে। তবে গত এক বছরে বাংলাদেশ দলটা প্রচণ্ড ব্যস্ত ছিল। সবাই হোম সিক হয়ে পড়েছিল। মাঝের এই বিরতিটা ভালো হয়েছে। তবে দলের মধ্যে জেতার মানসিকতাটা আরও বেশি করে আনা দরকার। ভালো করতে হবে—এ চিন্তাটা আনতে হবে। নতুন বোলিং-ফিল্ডিং কোচের নাম শোনা যাচ্ছে। কেমন হতে পারেন ওনারা?আশরাফুল: ফিল্ডিং কোচ হিসেবে যাঁর নাম শোনা যাচ্ছে তাঁর সম্পর্কে সে রকম ধারণা নেই। তবে ল্যান্স ক্লুজনার নিঃসন্দেহে ভালো হবেন। ক্লুজনার ভালো পারফর্মার ছিলেন, তাঁর কাছ থেকে অনেক কিছু শেখার থাকবে।