‘এসবে কান দিয়ে লাভ নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রেক থ্রু দিতে পারেন না বলে লর্ডস টেস্টে তাঁকে নেওয়াই হলো না। অথচ ওল্ড ট্রাফোর্ডে ব্রিটিশ সাংবাদিকদের আগ্রহের কেন্দ্রে সেই শফিউল ইসলামই! পরশু দুই উইকেট পাওয়ার পর শুধু তাঁর ব্যাপারেই খোঁজখবর। দিন শেষে বাংলাদেশ দলের এই পেসার জানিয়েছেন নিজের কথা, দিয়েছেন পেসারদের নিয়ে সাম্প্রতিক সমালোচনার জবাব লর্ডসে খেলতে পারলেন না। একটু কি হতাশ?শফিউল ইসলাম: লর্ডসে খেলতে পারিনি বলে তেমন কোনো হতাশা নেই। প্র্যাকটিস ম্যাচে ভালো করার চেষ্টা করেছি। পণ ছিল, সুযোগ পেলে ভালো করব। এখানে (ওল্ড ট্রাফোর্ডে) ভালো খেলতে চাই। লর্ডস টেস্টে আপনাকে না নেওয়ার কারণ হিসেবে বলা হলো লাইন-লেংথ ঠিক থাকলেও আপনি উইকেট পাচ্ছিলেন না। এর কারণ কী?শফিউল: এখানে ব্যাটসম্যান ভুল না করলে উইকেট পাওয়াটা কঠিন ব্যাপার। আমি আমার জায়গা আর লাইন-লেংথ ঠিক রাখার চেষ্টা করেছি। কিন্তু ব্যাটসম্যানরা আমার বলগুলোয় ভুল করেনি। আসলে উইকেট পেতে ভাগ্যও লাগে। প্রথম দিনে পাওয়া দুই উইকেটের মধ্যে কোনটা বেশি তৃপ্তি দিয়েছে?শফিউল: উইকেট পাওয়াটাই আনন্দের। দুটি উইকেট পেয়েই ভালো লেগেছে। উইকেট পাওয়া দুটি বলই আসলে ভালো হয়েছে। তবে ট্রট যে কাট করতে গিয়ে আউট হলো, ওটা বেশি ভালো লেগেছে। ওল্ড ট্রাফোর্ডের উইকেট কেমন মনে হলো, এখানে পেস ভালো হবে না স্পিন, তা নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্ব ছিল...শফিউল: আমার তো মনে হয়, পেসারদের জন্যও ভালো, স্পিনারদের জন্যও ভালো। জায়গামতো বল করতে পারলে সব বোলারের জন্যই ভালো উইকেট। ইনজুরির অবস্থা কী? মাঠে ফিরে তো আর মাত্র এক ওভার বল করলেন...শফিউল: এখন কিছুটা ভালো। তবে ব্যথা আছে, বল করার সময় সেটা আরও বেশি লাগছিল। সেজন্যই বেশি বল করিনি। গত কয়েকটা সিরিজে বাংলাদেশ যে সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারছে না, এর জন্য মূলত পেসারদেরই দায়ী করা হচ্ছে। একজন পেস বোলার হিসেবে আপনি কী বলবেন?শফিউল: আমরা পেস বোলাররা আসলেই ভালো সমর্থন দিতে পারছি না। তবে আমরা চেষ্টা করছি, কঠিন পরিশ্রমও করছি। ভবিষ্যতে হয়তো পারব। এ রকমও বলা হচ্ছে, বাংলাদেশের পেস আক্রমণটা ঠিক টেস্ট মানের না। কোচও আপনাদের ওপর সন্তুষ্ট নন....শফিউল: এ ধরনের কথা আসলে ঠিক নয়। আমরা তো ভালো করার চেষ্টা করছি...। সব সময় হয়তো ভালো হচ্ছে না। তবে পেস বোলিং নিয়ে আমরা অনেক কাজ করছি। কোচের আশা হয়তো আমরা পুরোপুরি পূরণ করতে পারছি না, সে জন্য ও রকম বলে থাকতে পারেন। তবে জেমি, চাচা (খালেদ মাহমুদ) আমাদের অনেক সাহায্য করছেন।  জেফ্রি বয়কট বললেন, বাংলাদেশের বোলিং নাকি মাইনর কাউন্টি মানের! আসলেই কি বাংলাদেশের বোলিং এতটা খারাপ?শফিউল: আমার তা মনে হয় না। অনেকে অনেক কিছুই বলে। এসবে কান দিয়ে লাভ নেই। আমরা আমাদের কাজ করে যাব। কিন্তু বাংলাদেশের পেসারদের ধারাবাহিকতাও মনে হয় সমস্যা আছে। এক ম্যাচে কেউ ভালো বল করলে পরের ম্যাচেই তাকে খুঁজে পাওয়া যায় না...শফিউল: সবাই তো চায় ভালো খেলতে, উইকেট পেতে। সব সময় হয়তো হয় না। তবে আমাদের চেষ্টা আছে।