আশির দশকে মোহামেডান ফুটবল দলের হয়ে ঢাকার মাঠ মাতিয়েছেন। সাদা-কালোর কোচ হওয়ার ইচ্ছাটাও পূরণ হলো এমেকা ইউজিগোর। স্বদেশি চার ফুটবলার নিয়ে পরশু ঢাকায় এসেছেন। রুগ্ণ মোহামেডানের ঔজ্জ্বল্য ফেরাতে চান এই নাইজেরিয়ান বাংলাদেশে কোচ হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন বরাবরই। এবার সুযোগ পেয়ে নিশ্চয়ই খুব খুশি?এমেকা ইউজিগো: শুধু খুশি নই, খুব নস্টালজিক হয়ে পড়ছি। মোহামেডানের প্রতি আমার অনুভূতি সবাই জানেন। নতুন করে কী বলব। কয়েক বছর আগে মোহামেডানের কোচ হতে ঢাকায় এসেও দায়িত্ব পাননি। ভেবেছিলেন আবার সুযোগ আসবে?এমেকা: মোহামেডানের জন্য কিছু করার আগ্রহ আমার সব সময়ই ছিল। মোহামেডানের সমর্থকেরা আমাকে অনেক সুখের অনুভূতি দিয়েছে। বাংলাদেশের ফুটবলের উন্নয়নে ভূমিকা রাখার ইচ্ছাটা আমার অনেক দিনের। তাই ভেবেছি, সুযোগ আসবে। কিন্তু সময়টা বেশ কঠিন। ফুটবল মাঠে মোহামেডানের সেই দাপট আর নেই...এমেকা: সবই জানি। সম্প্রতি মোহামেডানের পুনর্মিলনী, ঢাকায় আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের সময় এখানে এসে সবই জেনেছি। তা ছাড়া সব খবরই রাখি। এটা ঠিক, মোহামেডানের জন্য সাম্প্রতিক সময়টা চ্যালেঞ্জিং। মাঠে আপনি মোহামেডানকে অনেক দিয়েছেন। কোচ হিসেবে কতটা পারবেন মনে করেন?এমেকা: আমি খুবই আশাবাদী। লক্ষ্য তো একটাই—ক্লাবের সোনালি দিন ফিরিয়ে আনা। তবে এটা আমার একার কাজ নয়। ম্যানেজমেন্ট, খেলোয়াড়, আমি নিজে এবং সমর্থকেরা মিলে চেষ্টা করতে হবে। নতুন মিশনে বিদেশি ফুটবলারদের ওপরই আপনাকে বেশি নির্ভর করতে হবে। যাঁদের এনেছেন, তাঁরা কেমন খেলোয়াড়?এমেকা: আমার আনা খেলোয়াড়দের নিয়ে বেশি কিছু বলব না এখন। ৪ তারিখ প্রেস কনফারেন্সে বিস্তারিত জানাব। তার পরও সমর্থকেরা তো জানতে চায়...এমেকা: শুধু এটুকু বলি, অ্যাটাকিং মিডফিল্ডার ডেভিড আনেস্তার, ডিফেন্ডার চিনাগোরিও, স্ট্রাইকার যোসেফ ও ডিফেন্সিভ মিডফিল্ডার কেনেথ ভালো করবে (মোহামেডান ক্লাব লনে চারজনই তখন পাশে বসা)। সবাই নাইজেরিয়ায় প্রিমিয়ার লিগে খেলে। যোসেফ ও কেনেথ নাইজেরিয়ার অনূর্ধ্ব-১৯ দলে খেলেছে ২০০৯ সালে। আপনার কোচিং দর্শন কী?এমেকা: সবাইকে নিয়ে জয় ছিনিয়ে আনা। নাইজেরিয়ার জাতীয় দলে খেলার সময় কোচ হওয়ার ইচ্ছা জাগে। যা-ই হোক, খেলা ছেড়ে পেরুতে একটা পেশাদার দলকে ২০০০-০৩ সালে কোচিং করিয়েছি। তারপর যুক্তরাষ্ট্রে কলেজ-পর্যায়ে কোচিং করানোর অভিজ্ঞতা হয়েছে। ভারতেও তো কোচিং করিয়েছেন...এমেকা: ২০০৮ সালে ভারতের চার্চিল ব্রাদার্সের কোচ ছিলাম। এরপর নাইজেরিয়ায় ফিরে প্রিমিয়ারে অন্যতম বড় দল হার্টল্যান্ডের কোচ হয়েছি। এটা ২০০৯-১০ সালের কথা।বাংলাদেশের সবকিছুই যেহেতু পরিচিত, কাজের সুবিধা হবে নিশ্চয়ই?এমেকা: তা তো বটেই। আমি এখানে খেলেছি, মানুষকে চিনি, সিস্টেম বুঝি, বাংলা বুঝি। এখানে বিদেশি কোচের পক্ষে কাজ করা কঠিন। আমার জন্য সহজ। আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের সময় এখানে এসে একটা অপ্রীতিকর অবস্থায় পড়েছিলেন। অনেকের ধারণা, আপনি বেশি দিন থাকতে পারবেন না...এমেকা: কায়সার হামিদের পিস্তল আমার কাছে রাখা, পুলিশের হাতে কিছুক্ষণ আটক হওয়া, এসব ছিল নিছকই ভুল বোঝাবুঝি। আমার কোনো অন্যায় ছিল না। প্রেস কনফারেন্স করে ঢাকা ছাড়ার আগেই তা বলেছি। এখন কোচ হিসেবে কত দিন থাকব, তা জানেন সৃষ্টিকর্তা। আমি চাই, মোহামেডানকে বিশ্বের অন্যতম সেরা ক্লাবে পরিণত করতে। বিশ্বের অন্যতম সেরা ক্লাব!এমেকা: হ্যাঁ, সজ্ঞানেই বলছি। বিশ্বের সেরা ক্লাব বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানইউর মতো ক্লাবগুলোর কি মোহামেডানের মতো এত সমর্থক আছে? নেই। কাজেই হবে না কেন? এমেকা এবং তাঁর স্বদেশি খেলোয়াড়েরা ক্যারিশমা দেখাতে পারবেন?এমেকা: আমার আত্মবিশ্বাস আছে। মানুষ দেখতে চায় ভালো ফুটবল। গ্যালারি ভরবে...অপেক্ষা করুন। আমি এসেছি মোহামেডানের ঐতিহ্য ফেরাতে।