‘এহন আমি সর্বহারা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নদী আমারে শেষ করে ফেলায়ছে। ঘরবাড়ি, ধানের জমি সব নদীতে ভাঙ্গে গেছে, এহন আমি ছেলেমেয়ে নিয়ে পরের জায়গায় ঘর বানইয়া থায়হি। নদীর দক্ষিণপাড় জাগতেছে আর উত্তরপাড় ভাঙ্গতাছে। এতে আমার ফসলের জমি ও বাড়ি নদীর পেটে চইলে গেছে। এহন আমি সর্বহারা। জোন বিক্রি করে সংসার চালাই।’ নদী ভাঙনের শিকার গোপালগঞ্জ সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা লুৎফর রহমান (৫০) গত ২৯ জুলাই এভাবে তাঁর প্রতিক্রিয়া ব্যক্ত করেন। খোঁজ নিয়ে জানা গেছে, গোপালগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত মধুমতী বিলরুট ক্যানেল। এই নদীর কারণে সদর উপজেলার হরিদাসপুর পশ্চিমপাড়া গ্রামের শতাধিক পরিবার ভাঙনের মুখে পড়েছে। অন্তত অর্ধশতাধিক পরিবার ইতিমধ্যে এলাকা ছেড়ে অন্যত্র বসত গড়েছে। গৃহহীন আর ভূমিহীন হয়ে পড়েছে অনেকে। নদীর পাড়ে এখন যাঁরা বসবাস করছেন, তাঁদের রাত কাটে আতঙ্কে। ভাঙনকবলিত এলাকার মো. কাফু মিয়া (৬৫), কুতুব উদ্দিন আহম্মেদ (৩৬), কলেজছাত্র শিপন মোল্লা (২৩), রফিকুল ইসলাম (২২), আহম্মেদ শেখ (২৫), নিজাম মোল্লা (২৮) ও নাসির মোল্লা (৩০) জানান, ১০ বছর ধরে ভাঙন চলছে। প্রতিবছর একরের পর একর জমি নদীগর্ভে চলে যাচ্ছে। ইতিমধ্যে তাঁদের ফসলি জমি, গ্রামের খেলার মাঠ, ৩৬ নম্বর হরিদাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদ্রাসার জায়গা নদীগর্ভে চলে গেছে। প্রায় এক কিলোমিটার এলাকা নদী ভাঙনের কবলে পড়েছে। ৭৫ বছর বয়সী ভানুমতি বলেন, ‘আমার যে জমি ছিল তা নদী খাইয়া ফেলছে। আর শেষ সম্বল বাড়ির জায়গা যদি নদী গিলে খায় তাহলে আমি ছেলে-নাতি-পোতা নিয়ে কোথায় দাঁড়াব জানি না। আমি সরকাররে কই, আমাগে মুহের দিকে চাইয়া যেন নদীর কূল ভালোভাবে বান্ধন দেয়। যাতে আমাগে আর বাড়িঘর নিয়ে সরতে না হয়।’ এলাকার বাসিন্দা শহিদুল ইসলাম (৪২), নদী ভাঙনের শিকার মনির হোসেন, ইলিয়াস মোল্লা, শহিদুল ইসলাম, লিমন মোল্লা (২৭), সামাদ মোল্লা (৭৪), কামরুল হোসেন (৫৮), আমিনুর মোল্লা (৩৫), জাফর মাস্টার (৫২), মনির মোল্লা (৪২) ও হারুন খান (৬৫) জানান, যাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাঁরা নদীর তীরেই ছাপরা তুলে বসবাস করছেন। কৃষিকাজ ছেড়ে শহরে রিকশা চালাচ্ছে অনেকে। অর্থনৈতিক সমস্যার পাশাপাশি সামাজিক সমস্যা প্রকট হয়ে দেখা দিয়েছে। এ ব্যাপারে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী নব কুমার চৌধুরী বলেন, ‘আমি গোপালগঞ্জে নতুন এসেছি। ভাঙন অনেক আগে থেকে চলে আসছে। প্রতিবছরই ভাঙে কিছু কিছু জমি। এ জন্য আমরা প্রকল্প দিয়েছিলাম। কোনো অর্থ বরাদ্দ পাইনি। পরে বৃহত্তর পশ্চিম গোপালগঞ্জের জন্য একটি প্রকল্প পাঠিয়েছি। এই প্রকল্পের জন্য আগামী এক মাসের মধ্যে কনসালট্যান্ট নিয়োগ-প্রক্রিয়া শেষ হবে। তাঁরা ফিল্ড ভিজিট করার পর কোন কোন স্থানে কাজ করবেন তার তালিকা তৈরির পর কাজ শুরু হবে। তবে এটা করতে একটু সময় লাগবে।’