‘এহন কেউ কটু কথা কয় না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘প্রথম দিকে অনেকেই রেলগেট পার হওয়ার সময় আমাগো নানা কটু কথা বলত। কিন্তু তোয়াক্কা না কইরা কাজ কইরা গেছি। এহন আর কেউ কটু কথা কয় না। রেলক্রসিংয়ে পাহারার কাজে নারীগোরেও যেন নেওয়া হয়।’ কথাগুলো বলছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহনতলী রেলক্রসিংয়ে পাহারার দায়িত্বে থাকা সেলিনা বেগম। সেলিনা বেগমের মতো জয়দেবপুর-বঙ্গবন্ধু সেতু রেলপথের আরও চারটি রেলক্রসিংয়ে পাহারার দায়িত্ব পালন করছেন আরও চারজন নারী। প্রতিদিন আট ঘণ্টা দায়িত্ব পালন বাবদ তাঁরা ১০০ টাকা করে মজুরি পান।বাংলাদেশ রেলওয়ে পাকশি বিভাগের সহকারী প্রকৌশলী (সংকেত) অমিত তালুকদার জানান, দেশে এই প্রথমবারের মতো নারীকে রেলক্রসিংয়ে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। এখানে একটিই সমস্যা, তাঁরা রাতে দায়িত্ব পালন করতে পারেন না। তবে টাঙ্গাইলের পাঁচটি ক্রসিংয়ে দিনে তাঁরা যথাযথ দায়িত্ব পালন করছেন।টাঙ্গাইল জেলা প্রশাসন সূত্রে জানা যায়, যুক্তরাজ্য সরকারের আর্থিক সহায়তায় সংস্থাপন মন্ত্রণালয়ের ম্যাট-২ (ম্যানেজমেন্ট অ্যাট দ্য টপ-২) নামের একটি প্রকল্পের আওতায় গত বছরের জুলাইয়ে বিভিন্ন রেলক্রসিংয়ে পাহারার দায়িত্বে মোট ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়। তাঁদের মধ্যে পাঁচজন নারী। আগামী জুলাইয়ে প্রকল্পের মেয়াদ শেষ হবে। এ প্রকল্পে জেলা প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তি সহায়তা দিচ্ছেন। আর আর্থিক সহায়তা দিয়েছে গ্রামীণফোন, বাংলালিংক, সিঙ্গার ও নাসির গ্রুপ। সংশ্লিষ্ট প্রকল্পের প্রধান পেট্রোবাংলার পরিচালক আতাউল হক মোল্লা জানান, দেশে প্রায় দুই হাজার রেলক্রসিংয়ে কোনো গেটম্যান নেই। এসব ক্রসিংয়ে দুর্ঘটনার শিকার হয়ে অনেক মানুষকে প্রাণ হারাতে হয়। তাই রেলক্রসিংয়ে দুর্ঘটনা প্রতিরোধের জন্য প্রশিক্ষণের আওতায় এই কর্মসূচি নেওয়া হয়। এটি দুর্ঘটনা প্রতিরোধের পাশাপাশি নারীর ক্ষমতায়নেও ইতিবাচক ভূমিকা রেখেছে।গত বৃহস্পতিবার কথা হয় কালিহাতীর শল্লা রেলক্রসিংয়ে পাহারার দায়িত্বে থাকা জয়নবের সঙ্গে। তিনি বলেন, ‘প্রথম প্রথম ভয় লাগত, সময়মতো সংকেত দিতে পারব কি না। কিন্তু এহন আর ভয় লাগে না।’ কলিমাজানি রেলক্রসিংয়ের দায়িত্বরত রুখসানা বলেন, ‘দায়িত্ব পালনের জন্য ঘর দেওয়া হয়েছে। কিন্তু সেখানে কোনো শৌচারগার নেই। এতে প্রয়োজনের সময় আশপাশের বাড়িতে যেতে হয়।’ টেঙ্গুরিয়াপাড়া রেলক্রসিংয়ে দায়িত্ব পালন করছেন মর্জিনা। তিনি বলেন, ‘স্বামী মারা যাওয়ার পর দুই সন্তান নিয়ে খুব কষ্টে ছিলাম। এ কাজ পেয়ে সংসারে কিছুটা সচ্ছলতা এসেছে।’বাসাইল উপজেলার হাবলা রেলক্রসিংয়ে কর্মরত সুলতানা বলেন, ‘প্রথম প্রথম অনেকে বলত, মেয়েরা এ কাজ করতে পারবে না। কিন্তু পুরুষেরা পারলে আমরা পারমু না কেন ?’