‘এ্যাটে কোনা পড়ি থাকলে না খায়া মরবার নাগবে’
‘এ্যাটে কোনা পড়ি থাকলে না খায়া মরবার নাগবে। কাম নাই, কাজ নাই ছাওয়া-ছোটক নিয়া কী করি। ক্যাঁয়ো হামার খোঁজ নেয় না। সেই তকনে সবায় বেরাক (ব্যারাক) ছাড়ি চলি যাওচে। সাত দিনের মধ্যে হামরাও যামো।’ কথাগুলো এভাবেই বলছিলেন রংপুরের বদরগঞ্জ উপজেলার আবাসন প্রকল্পের বাসিন্দা শামসুন্নাহার (৩৫)। ইতিমধ্যে আবাসন ছেড়েছেন জোবেদা বেগম, সৈয়দ আলী, মোসলেমা খাতুন, ইদ্রিস আলীসহ অনেকে।জানা গেছে, সরকারি ওই আবাসন প্রকল্পটি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের খামারেরডাঙায় অবস্থিত। এলাকায় কাজ-সংকট এবং তদারকির অভাবে ব্যারাক ছাড়ছেন ছিন্নমূল লোকজন। ২০০৬ সালে প্রায় পাঁচ একর জমির ওপর আবাসন প্রকল্পটি গড়ে তোলা হয়। এতে ব্যয় হয় প্রায় এক কোটি ৪০ লাখ টাকা। আবাসনে ২০০টি পরিবারের বসবাস উপযোগী ২০টি ব্যারাক নির্মাণ করা হয়। টিনের চালা ও বেড়া দ্বারা নির্মিত প্রতিটি ব্যারাকে রয়েছে ১০ পরিবারের জন্য ২০টি রুম, ১০টি রান্নাঘর, চারটি ল্যাট্রিন ও দুটি বাথরুম।প্রতিটি ব্যারাকে বসবাসকারী লোকজনের পানীয়জলের জন্য স্থাপন করা হয় একটি করে নলকূপ। এ ছাড়া রয়েছে দুটি কমিউনিটি সেন্টার ও দুটি সভাকক্ষ। আবাসন প্রকল্পটি নির্মাণের পর উপজেলার বিভিন্ন স্থান থেকে বাছাই করা ২০০টি ছিন্নমূল পরিবারকে সেখানে বসবাসের অনুমতি দেওয়া হয়। পরে সেখানে নির্মিত হয় একটি মসজিদ। ব্যারাকে বসবাসকারীদের আয় বর্ধনমূলক কাজে সম্পৃক্ত করতে একটি বিশাল পুকুর খনন করা হয়। আবাসন প্রকল্পের সঙ্গে সংযোগ রক্ষাকারী মেঠো পথটি পাকা করাসহ ব্যারাকগুলোতে বিদ্যুৎসংযোগ দেওয়ার প্রুতিশ্রুতি দেওয়া হলেও তা এখন পর্যন্ত বাস্তবায়ন করা হয়নি। এখন জীবন বাঁচাতে আবাসন ছেড়ে ছিন্নমূল মানুষ রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় ছুটছে কাজের সন্ধানে।সরেজমিন আবাসন এলাকা পরিদর্শনকালে কথা হয় আবদুল খালেকের (৫২) সঙ্গে। তিনি জানান, ‘এখানে (ব্যারাকে) আসার আগে মেম্বার-চেয়ারম্যানরা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক কালীন প্রত্যেককে ১৫ হাজার টাকা করে দেওয়া হবে। আবাসনে বসবাসকারী মানুষের সব ধরনের সরকারি সহযোগিতা করা হবে। কিন্তু এত দিনে তাঁরা শুধু পেয়েছেন ২০ কেজি করে চাল, কয়েক টুকরো দুম্বার মাংস আর ব্যবহার অনুপযোগী একটি করে কম্বল।আকলিমা (৩৮) বলেন, ‘এ্যাটে কাম নাই, খাবার নাই। হামরা পকির (পাখির) মতন আহার খুঁজি বাইরোত যায়া।’আবদুল মালেক বলেন, ‘এখানে সবচেয়ে বড় সমস্যা, কাজ নাই। ফাতেমা বেগম (৪৮) বলেন, ‘হামাক কাম দেবে কয়া ১৬ দিনের প্রশিক্ষণ দিছে। ওই পর্যন্তই শ্যাষ।’ মজিবর রহমান অভিযোগ করেন, মৎস্য চাষের জন্য খনন করা পুকুরটিতে পানি থাকে না।জানা গেছে, আবাসন প্রকল্পে ২০০টি ছিন্নমূল পরিবারকে বসবাসের অনুমতি দেওয়া হলেও বর্তমানে সেখানে অর্ধেক পরিবারও নেই। এ ছাড়া ব্যারাকের টিনের চালা ও বেড়া মরিচা ধরে নষ্ট হচ্ছে। লোকজন অনুপাতে নলকূপের সংখ্যা কম হওয়ায় পানির জন্য প্রায়ই একে অপরের সঙ্গে ঝগড়া বাঁধে। ল্যাট্রিন-বাথরুমের অবস্থাও জরাজীর্ণ। মাত্র দেড় কিলোমিটার রাস্তাটুকুও পাকা না হওয়ায় বর্ষায় আবাসনের বাসিন্দাদের ঘরে বন্দী হয়ে থাকতে হয়।এ ব্যাপারে সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার মহুব আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আবাসন এলাকায় বসবাসকারী লোকজনের অভিযোগ অকপটে স্বীকার করেন। তিনি বলেন, ‘এখানে বসবাসকারী পরিবারগুলোর সবাই দুস্থ। সব ধরনের সরকারি সহায়তা পাওয়ার অধিকার রাখে আবাসনের বাসিন্দারা। কিন্তু সে অনুযায়ী আলাদা সরকারি সহায়তা পাওয়া যায় না। একজন মেম্বার হিসেবে ওয়ার্ডের জন্য অন্যরা যেটুকু সরকারি বরাদ্দ পায়, আমিও তাই পাই। এ কারণে তাদের জন্য কিছু করতে পারি না।’ তিনি আরও বলেন, ‘কাজ ও খাবার সংকটেই আবাসন ছাড়ছে লোকজন। যারা আছে, তারাও ব্যারাকে মানবেতর জীবন যাপন করছে। আবাসনবাসীদের জন্য কিছু করতে না পারায় সেখানে যাওয়াই ছেড়ে দিয়েছি।’এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অনিছুর রহমান বলেন, আবাসন এলাকা উন্নত করার লক্ষ্যে প্রস্তাবনা পাঠানো হয়েছে। কিন্তু এখন পর্যন্ত বরাদ্দ আসেনি। তাই এখানকার বাসিন্দাদের জন্য তেমন কিছু করা সম্ভব হচ্ছে না।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার বলেন, আবাসন প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে প্রশিক্ষণসহ ঋণ দেওয়া হয়েছে। তার পরও লোকজন আবাসন ছাড়ছে কেন, তা খতিয়ে দেখা হবে।