‘এয়ারপোর্টে নেমেই ভয় পেয়েছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে যাওয়া না-যাওয়া নিয়ে অনেক কথা। শেষ পর্যন্ত বাংলাদেশ ফুটবল দল পাকিস্তানে গেল এবং গোলশূন্য ড্রয়ের পরও ফিরে এল বিজয়ীর বেশে। কাল দেশে ফিরে জাতীয় দলের স্ট্রাইকার জাহিদ হাসান এমিলি কথা বললেন এই সফর ও প্রাসঙ্গিক বিষয়ে পাকিস্তান সফর কেমন হলো?জাহিদ হাসান এমিলি: ভালোই হয়েছে। ঘরের মাঠে ৩-০ গোলে জিতেছিলাম। লাহোরে জিততে পারিনি। তবে তার পরও আমাদের লক্ষ্য পূরণ হয়েছে। বিশ্বকাপের প্রাক-বাছাইপর্বের দ্বিতীয় পর্বে উঠতে পারা আমাদের জন্য একটা সাফল্যই। তবে এয়ারপোর্টে নেমেই সবাই ভয় পেয়ে গিয়েছিলাম।  কেন, ভয় পেয়েছিলেন কেন? এমিলি: এয়ারপোর্টে নেমে দেখি গিজগিজ করছে নিরাপত্তারক্ষী। সামনে-পেছনে, ডানে-বাঁয়ে স্টেনগান হাতে সবাই। আমাদের তো বুক কাঁপা শুরু হয়েছিল দেখে। ওরা আঠার মতো লেগেছিল আমাদের সঙ্গে।  পাকিস্তানে ২০০৫ সাফ ফুটবলে আপনার উত্থান। ভারতের বিপক্ষে দুর্দান্ত গোল করেছিলেন। এবার গিয়ে সেই স্মৃতি নিশ্চয়ই মনে পড়েছে...এমিলি: ওই ম্যাচটা ছিল করাচিতে। আমি এর আগেও চার-পাঁচবার পাকিস্তান সফরে গিয়েছি। প্রতিবারই করাচিতে খেলা হয়েছে। করাচিতে অনেকেই আমাকে চিনত। পাকিস্তানি বা বাংলাদেশি অনেকে আসত হোটেলে। কিন্তু এবার লাহোরে খেলা হওয়ায় সব নতুন-নতুনই লাগল। লাহোরেও তো কিছু বাঙালি খেলা দেখেছে। কারও সঙ্গে কথা হয়েছে?এমিলি: অনেকে কাছে এসে কথা বলতে চেয়েছে। কিন্তু নিরাপত্তারক্ষীরা কাউকেই আমাদের কাছে ঘেঁষতে দেননি। তাহলে খেলার বাইরে সময়টা কীভাবে কেটেছে?এমিলি: ওখানে হোটেল গিয়ে ঢুকেছি, আর হোটেল থেকে বের হয়ে এসেছি। ম্যাচের আগের দিন অনুশীলন ছিল। এ ছাড়া বাকি সময় হোটেলেই। সিকিউরিটির লোকজন কাউকে বাইরে যেতে দিত না। হোটেলের করিডরেও প্রচুর নিরাপত্তাকর্মী ছিল। বলতে পারেন, এই ট্যুরটা আমাদের হোটেলেই কেটেছে। নতুন কোচকে আরও কদিন দেখার সুযোগ হলো। কেমন মনে হচ্ছে?এমিলি: কোচ তো খুব ভালো। টিম নিয়ে অনেক চিন্তা করে। কোন ফর্মেশনে খেলাবে, সেটা নিয়ে সারাক্ষণ ভাবে। বিগত দিনে দেখা যেত, ন্যাশনাল টিমের ২০ জনের মধ্যে ১৪-১৫ জনই শুধু খেলছে। হয়তো সবাইকে দেখার জন্যই ও এই দুই ম্যাচে আরও অনেক বেশি খেলোয়াড়কে খেলিয়েছে।  সব কোচকেই তো আপনারা ভালো বলেন। কিন্তু কোচ তো এ দেশে এসে টিকে না...এমিলি: কোচকে কাজ করার সুযোগ দিতে হবে। তাহলে তিনি থাকবেন। সময় পেলে তবেই না কোচ খেলোয়াড়দের ভেতর থেকে সব বের করতে পারবেন। তাঁকে কাজ দিলেন না, হঠাৎ করে টিম দিয়ে দিলেন, এতে আমাদের জন্য মাঠে খেলাটাও কঠিন হয়ে যায়।  অন্য প্রসঙ্গে আসি। এবার তো শেখ জামালে খেলারই তেমন সুযোগ পাননি। ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন?এমিলি: এই সিজনটা আসলে হারিয়েই গেছে আমার। নতুন করে আবার শুরু করব। পরের মৌসুমে ভালো এক জায়গায় ইনশাআল্লাহ দেখতে পাবেন।  কোন দলে যাচ্ছেন?এমিলি: এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব সুপার কাপের পর। এখন আর কিছু বলতে চাইছি না।  শোনা যাচ্ছে, জাহিদ ও আপনাকে নাকি সুপার কাপে মোহামেডানের হয়ে খেলতে দিতে চেয়েছে শেখ জামাল?এমিলি: এটা নিয়ে আমি আর কী বলব! আমি তো চাই খেলতে। তবে সুপার কাপ কমিটি তো ওই রকম কোনো নিয়ম করেনি। কাজেই শেখ জামালের হয়েই সুপার কাপে খেলব। আমি এখনো শেখ জামালেরই খেলোয়াড়।