চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের (২০১১-২০১২ শিক্ষাবর্ষ) ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষার ফলাফলে বিপর্যয় ঘটেছে। গতকাল শনিবার সকালে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিপর্যয়ের কারণে পূর্বঘোষণা অনুযায়ী, গতকাল রাতে ফল ঘোষণা করা যায়নি। পরবর্তী করণীয় নির্ধারণ করতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ সব অনুষদের ডিনদের নিয়ে আজ রোববার সকালে বৈঠক ডেকেছেন। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ‘এ’ ইউনিটের ৬৭৮টি আসনের বিপরীতে গতকাল সকালে ১০ হাজার ৬২২ জন পরীক্ষার্থী অংশ নেন। কিন্তু ফল ঘোষণা করার আগে দেখা যায়, ৬৭৮টি আসনের বিপরীতে ৪০০-এর কমসংখ্যক পরীক্ষার্থী পাস করেছেন। এ কারণে ফল ঘোষণা করা হয়নি। পাস করা পরীক্ষার্থীর সংখ্যা ৩৭০ বলে ভর্তি-প্রক্রিয়ার সঙ্গে যুক্ত একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানিয়েছেন।বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক আবুল কালাম আজাদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘বিজ্ঞান অনুষদের আসনসংখ্যার চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী পাস করেছেন। এ কারেণে ফল স্থগিত রেখেছি।’ আবুল কালাম আজাদ আরও বলেন, ‘এ বছর থেকে ভর্তি-ইচ্ছুক পরীক্ষার্থীদের নেগেটিভ মার্কিং চালু করা হয়েছে। অর্থাৎ প্রতি চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটার নিয়ম করা হয়েছে। পাশাপাশি বাংলা ও ইংরেজি বিষয়ে আলাদাভাবে পাস নম্বর থাকার বাধ্যবাধকতা রাখা হয়েছে।’ তিনি জানান, নেগেটিভ মার্কিং বাংলা বা ইংরেজির প্রাপ্ত নম্বর থেকে বাদ দেওয়া হবে নাকি প্রাপ্ত মোট নম্বর থেকে বাদ দেওয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি। এ বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ রোববার তাঁরা বৈঠক করবেন বলে তিনি জানান। গতকাল সকালে ‘এ’ ইউনিট (বিজ্ঞান অনুষদ) এবং বিকেলে ‘এফ’ ইউনিটের (বনবিদ্যা ও পরিবেশ বিজ্ঞান ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হয়।ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা যায়, ‘এ’ ইউনিটে ১৬ হাজার ২৪৬ জনের মধ্যে ১০ হাজার ৬২২ জন এবং ‘এফ’ ইউনিটে দুই হাজার ৫৭৯ জনের মধ্যে এক হাজার ৯০৫ জন পরীক্ষার্থী অংশ নেয়। ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন আজ রোববার সকালে এইচ ইউনিট (জীববিজ্ঞান অনুষদ) এবং বিকেলে ‘জি’ ইউনিটের (মেরিন সায়েন্সেস ও ফিশারিজ ইনস্টিটিউট) পরীক্ষা অনুষ্ঠিত হবে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ভর্তি পরীক্ষা চলাকালে উত্তরপত্র পরিবর্তনের সময় দুই পরীক্ষার্থীকে আটক করা হয়। তাঁরা হলেন: নাজিম উদ্দিন ও মোহাম্মদ গোলাম জাকারিয়া। গোলাম জাকারিয়া বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলী হায়দার প্রথম আলোকে বলেন, আটক দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির হেফাজতে রাখা হয়েছে।হাটহাজারী সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মো. বাবুল আকতার প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা উপলক্ষে ক্যাম্পাসজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় সূত্রমতে, বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.cu.ac.bd ও ক্যাম্পাসভিত্তিক ওয়েবসাইট www.cunews24.com-এ ফলাফল পাওয়া যাবে।