বাফুফের ২৮ এপ্রিলের নির্বাচনে দুই পক্ষের মধ্যে সমঝোতা আলোচনা চলছে। একপক্ষে কাজী সালাউদ্দিন। অন্যপক্ষের নেতৃত্বে বাদল রায়। পুরো বিষয়টা নিয়ে চলমান নানা বিতর্ক এবং প্রাসঙ্গিক আরও নানা প্রশ্নের উত্তর দিলেন বাফুফের বর্তমান কমিটির এই সহসভাপতি আপনারা কেন আবার বাফুফের পরিচালনার দায়িত্বে আসতে চান? বাদল: ফুটবলার হিসেবে আমাদের কিছু প্রতিশ্রুতি আছে। সেটা পূরণ করতেই আরেক মেয়াদে আসা দরকার। তাই ঐক্যবদ্ধ হওয়ার চেষ্টা করছি। এই প্রতিশ্রুতি পূরণের কথা তো গত চার বছরে সেভাবে আপনার ও আপনার সমমনাদের মুখে সেভাবে শোনা যায়নি...বাদল: কথাটা ঠিক নয়। আমরা কাজ করেছি। ঢাকার ফুটবলটা চালু হয়েছে। ফুটবলে একটা আকর্ষণ ফিরিয়ে এনেছি। সালাউদ্দিন ভাইয়ের যতটুকু সাফল্য, তার ৯০ শতাংশই আমাদের সহযোগিতার কারণে হয়েছে। দু-একজন হয়তো কাজ করতে পারেনি। তবে আমরা করেছি। আমাদের ইমেজের কারণে ফুটবল আজ একটা পর্যায়ে এসেছে। তৃণমূলের জন্য আমাদের পদক্ষেপ হয়তো অপর্যাপ্ত ছিল। এসব নিয়ে বাইরে থেকে সস্তা কথা বলে মাঠ গরম করার কিছু নেই। বাফুফেতে সালাউদ্দিন ও আপনার নেতৃত্বাধীন দুটি গ্রুপ আছে বলে শোনা যায়। এখন পদ ভাগাভাগি নিয়ে দর-কষাকষির কথাও শোনা যাচ্ছে। এই পদ ভাগাভাগির বিষয়টা কি ফুটবলের জন্য ভালো হচ্ছে?বাদল: আমরা একটা ভালো কমিটি চাই। সে জন্যই আলোচনা হচ্ছে। ঐক্যপ্রক্রিয়াও এগিয়েছে অনেক দূর। দু-চার দিনের মধ্যে সব স্পষ্ট হবে। একটা ঐক্যবদ্ধ প্যানেল করার চেষ্টা করছি আমরা। তাতে সালাউদ্দিন ভাই-ই সভাপতি পদপ্রার্থী। ঐক্য না হলে ভিন্ন পরিস্থিতি হবে। সেটা নিয়ে এখনই কিছু বলতে চাই না। আপনারা নাকি সালাউদ্দিনকে সভাপতি পদে রেখে বাকি ২০ পদে নিজেদের পছন্দের লোক নিতে চান?বাদল: পছন্দ-অপছন্দ নয়। ফুটবলের জন্য যাঁরা কাজ করেছেন, তাঁরাই থাকবেন প্যানেলে। এটুকু বলতে পারি, বর্তমান কমিটি থেকে ৬-৭ জন বাদ পড়তে পারেন। ভোটাররা যদি প্রশ্ন করেন, ফেডারেশনের সহসভাপতি এবং জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির সভাপতি হিসেবে আপনি কতটা কী করতে পেরেছেন?বাদল: নিজেকে সফল বলা ঠিক হবে না। তবে আমি দায়িত্ব পালন করেছি। ফুটবলে সময় দিয়েছি। আমার লক্ষ্য ছিল, ভালো একটা জাতীয় দল দাঁড় করানো। এটা হয়তো পারিনি। কারণ দেশে ভালো খেলোয়াড়ের অভাব। তবে খেলোয়াড়দের ইন্স্যুরেন্স প্রবর্তন (এখন নেই), বোনাস দেওয়া, বিদেশি কোচ আনা...এগুলো কম নয়। লেবাননকে হারানো, এসএ গেমসে সোনা জয়ের মতো সাফল্য আছে। আপনারা সালাউদ্দিনের বিরুদ্ধে প্রার্থী খুঁজে না পেয়ে নাকি ঐক্য গড়ছেন। এটা কি সত্য?বাদল: সত্য নয়। ঐক্যপ্রক্রিয়া শুরুর পর আমরা কোনো প্রার্থী খুঁজিনি। প্রার্থী দাঁড় করাতে চাইলে আমাদের জন্য এটা কঠিন কিছু না। শোনা যায়, বাফুফের চেয়ে কোন ফেডারেশনে কাকে কোথায় ক্ষমতায় বসাবেন, কাকে নামাবেন, এ নিয়েই আপনি বেশি ব্যস্ত থাকেন। রাজনৈতিক প্রভাবের কারণে অনেকে আপনাকে ক্রীড়াঙ্গনের ‘সবচেয়ে বড় নেতা’ও বলে... বাদল: এটা ঠিক নয়। আমি খেলাধুলা ভালোবাসি। কেউ আমার কাছে পরামর্শ চাইতে পারে। হয়তো আমি তা দিই। কোথায় কাকে বসিয়েছি বা কোথায় কাকে সরিয়ে দিয়েছি, প্রমাণ নিয়ে কেউ আমার সামনে এসে বলুক। আমি ফুটবল ছাড়া কোথাও নেই। আমি ভাই নেতা নই। নেতা হয়ে কী লাভ! আমি তো ক্রীড়াঙ্গন থেকে কোনো সুবিধা নিই না।