২০০৯ সালের ৫ সেপ্টেম্বর সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান সড়ক দুর্ঘটনায় মারা গেলে ১৩ সেপ্টেম্বর সিলেটে শোকসভায় দলীয় বিভক্তি দূর করে বিএনপির নেতা-কর্মীরা একাত্ম হন। শোকসভায় সিলেটে ‘ঐক্যবদ্ধ’ বিএনপি ঘোষণা হয়।শোকের আবহে দলের কর্মী-সমর্থকদের মধ্যে এক১ংুধরনের স্বস্তি ফিরে এসেছিল। সেই স্বস্তি থাকেনি এক সপ্তাহও। তীব্রভাবে রয়ে গেছে এম সাইফুর রহমান ও এম ইলিয়াস আলীর সমর্থকদের দ্বন্দ্ব। দ্বন্দ্বটি প্রকাশ্য। সাংগঠনিক কর্মসূচিও দুটি পক্ষ পৃথকভাবে পালন করছে।দলীয় সূত্র জানায়, সাইফুর ও ইলিয়াস গ্রুপের দ্বন্দ্ব এড়াতে জেলা শহরের বাইরে ২০০৯ সালের ২৫ নভেম্বর জেলা বিএনপির সম্মেলন ও কাউন্সিল হয়। দক্ষিণ সুরমা উপজেলার একটি কমিউনিটি সেন্টারে ওই সম্মেলনে কাউন্সিলের মাধ্যমে গঠিত কমিটির সভাপতি নির্বাচিত হন এম ইলিয়াস আলী। সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ইলিয়াস আলী পক্ষের আবদুল গফফার ও আলী আহমদ নির্বাচিত হন। তখন সম্মেলনস্থলে ঘোষণা করা হয়, অচিরেই পূর্ণাঙ্গ কমিটি হবে। প্রায় দেড় বছরেও হয়নি সেই পূর্ণাঙ্গ কমিটি। এ নিয়ে বর্তমানে ইলিয়াস অনুসারীদের মধ্যেই বিরাজ করছে কোন্দল। অন্যদিকে ইলিয়াসবিরোধী নেতা-কর্মীরা ঘোষিত কমিটির কোনো কর্মসূচিতে একাত্ম হচ্ছেন না।কমিটি নিয়ে নিজেদের মধ্যে কোন্দলের কথা স্বীকার করেননি এম এ গফফার। প্রথম আলোকে বলেন, ‘ছয়-সাত মাস আগে কেন্দ্রে পূর্ণাঙ্গ কমিটির তালিকা পাঠানো হয়েছে। এটির অনুমোদন না হলেও তেমন সমস্যা হচ্ছে না। কারণ, কেন্দ্র থেকে আমাদের পাঠানো ওই তালিকা তো আর বাতিল করেনি। তাই কমিটি এক অর্থে পূর্ণাঙ্গই বলা যেতে পারে।’সাইফুর-ইলিয়াস গ্রুপের সেই পুরোনো বিবাদ প্রসঙ্গে এম এ গফফারের ভাষ্য—‘সুবিধাবাদী হাতেগোনা কয়েকজন অযথাই মাঝেমধ্যে আলাদাভাবে কার্যক্রম চালান, সেটা বড় দলে টুকটাক থাকেই। আমি বলব, দলের প্রতি ওই ব্যক্তিরা যদি সত্যি সত্যি অনুগত থাকেন, তাহলে মূলধারায় মানে আমাদের সঙ্গে এসে কাজ করার জন্য।’বিভক্তি শুরু: সিলেট বিএনপি সাইফুর-ইলিয়াস দুটো ধারায় বিভক্ত বিগত জোট সরকারের সময় থেকে। ২০০৫ সালে ইলিয়াস আলী সিলেট জেলা বিএনপির আহ্বায়ক মনোনীত হন। পরে সাইফুর রহমানের বিরোধিতায় ওই কমিটি বাতিল হয়। এ নিয়ে প্রকাশ্যে বিভক্তি শুরু হয়। জোট সরকারের আমলে সিলেটে প্রভাবশালী আরিফুল হক চৌধুরীর নেতৃত্বাধীন মহানগর কমিটি নিয়ে ইলিয়াস আলী অনুসারী নেতা-কর্মীদের বিরোধ চলছিল। ২০০৭-এর ১/১১-পরবর্তী সময়ে আরিফুল হক চৌধুরী কারাবন্দী হন। কোণঠাসা হয়ে পড়েন সাইফুর অনুসারীরা। ২০০৯ সালের ৯ জুন সাইফুর পক্ষের নেতা শাহরিয়ার হোসেন চৌধুরীকে আহ্বায়ক করে কেন্দ্র থেকে সিলেট নগর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এতে সাইফুর অনুসারীরা আবার চাঙা হয়ে ওঠেন। আরিফুল হক চৌধুরী বাদ পড়েন ওই কমিটি থেকে। জানা গেছে, নির্ধারিত সময়ের মধ্যে কাউন্সিল করে কমিটি গঠনে ব্যর্থ হওয়ায় এক বছর চার মাসের মাথায় গত বছরের ৫ নভেম্বর কেন্দ্র থেকে ঘোষিত হয় নগর বিএনপির নতুন কমিটি। ওই কমিটিতে জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ হক সভাপতি এবং ওয়ার্ড কাউন্সিলর আবদুল কাইয়ূম জালালী সাধারণ সম্পাদক মনোনীত হন। ২২ সদস্যবিশিষ্ট ওই কমিটিকে ‘অগঠনতান্ত্রিক’ দাবি করে সাইফুর অনুসারী নেতারা তা বাতিলের দাবিতে বিক্ষোভ করেও কেন্দ্রের সাড়া পাননি। প্রায় ছয় মাস নীরব থেকে গত ৭ এপ্রিল মহানগর কমিটি থেকে বাদ পড়া নেতারা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঢাকায় গিয়ে সাক্ষাৎ করে গ্রহণযোগ্য নেতাদের দিয়ে মহানগর কমিটি পুনর্গঠনের আহ্বান জানান। শাহরিয়ার হোসেন চৌধুরী, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কাহের শামীম, নগর বিএনপির সাবেক পরিবহনবিষয়ক সম্পাদক সালেহ আহমদ খসরুসহ প্রমুখ নেতা কেন্দ্রীয় নেতার সঙ্গে সাক্ষাতের পর থেকে পৃথকভাবে দলীয় কর্মসূচি পালন করছেন।সালেহ খসরু বলেন, ‘বিবাদ ও বিভক্তি নিয়েই রাজনীতি। আমরা কেন্দ্রীয় নেতার সঙ্গে সাক্ষাৎ করে জানিয়ে এসেছি, সিলেটে নেতৃত্ব নিয়ে বড় ধরনের সংকট চলছে। কমিটি পুনর্গঠন ছাড়া এ সংকট-স্থবিরতা কাটানো যাবে না। ’কমিটি পুনর্গঠনের বিষয়ে কোনো মন্তব্য না করে সাংগঠনিক অবস্থা সম্পর্কে এম এ হক বলেন, ‘এক-দুজন নেতা আছেন, যাঁরা এখনো বিএনপির মিটিং-মিছিলে আসেন না। এখন না এলে হয় তো তাঁরা পরে আসবেন। এই নিয়ে আমাদের কোনো দুর্ভাবনা নেই।’দলের জেলা বা নগর কার্যালয় না থাকলেও সাইফুর রহমান পক্ষের নেতা-কর্মীরা আম্বরখানায় একটি বিপণিবিতানের কক্ষকে ‘নগর বিএনপির কার্যালয়’ হিসেবে ব্যবহার করছেন। অন্যদিকে শাহজালাল উপশহরে এম ইলিয়াস আলীর বাসভবন থেকে পরিচালিত হচ্ছে জেলা ও নগর কমিটির সাংগঠনিক কার্যক্রম।