‘ও মুখ মরার আগ পর্যন্ত ভুলতে পারব না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যারা আমাকে পরিবারসহ অস্ত্র ঠেকিয়ে বাসা থেকে ধরে নিয়ে গেল, সেই মুখ মরার আগ পর্যন্ত ভুলতে পারব না।’ এক সৈনিকের জেরার জবাবে এভাবেই বিদ্রোহের সময় নিজের অভিজ্ঞতা তুলে ধরেন লে. কর্নেল আসিফ আবদুর রউফ।গত মঙ্গলবারের ধারাবাহিকতায় গতকাল বুধবার ২৪ জন আসামি লেফটেন্যান্ট কর্নেল আসিফ আবদুর রউফকে জেরা করেন। পিলখানায় বিডিআর সদর দপ্তরের দরবার হলে স্থাপিত বিশেষ আদালত-৭-এ গতকাল তৃতীয় দিনের ২৪ রাইফেল ব্যাটালিয়নের সদস্যদের বিরুদ্ধে সাক্ষ্য-প্রমাণ উপস্থাপন করা হয়। এ সময় অভিযুক্তরা সংশ্লিষ্ট সাক্ষীদের জেরা করেন।আদালতের কার্যক্রম শুরু হয় সকাল ১০টায়। মাঝে দুই দফা বিরতি দিয়ে তা চলে বেলা আড়াইটা পর্যন্ত। বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল মো. রফিকুল ইসলাম আদালতের নেতৃত্ব দেন।আসিফ আবদুর রউফকে জেরা শেষে সেপাই ফরিদ আফ্রাদ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দেন। তাঁকে জেরা করেন ২৫ আসামি।২৪ রাইফেলসের সাবেক অধিনায়ক লে. কর্নেল রউফ জাতিসংঘ মিশন থেকে ছুটিতে এসেছিলেন। এ সময়ই পিলখানায় তাঁর বাসায় হামলা চালিয়ে বিদ্রোহীরা তাঁর ৮৫ বছরের বৃদ্ধা মা, স্ত্রী, দুই সন্তানসহ কোয়ার্টার গার্ডে আটকে রাখে।সৈনিক ফয়সাল প্রশ্ন করেন, ‘আপনি আমাকে শনাক্ত করলেন কীভাবে।’ প্রশ্নের জবাবে আসিফ আবদুর রউফ বলেন, ‘সবার মুখে তখন রুমাল ছিল। কিন্তু কোনো এক সময় আপনার মুখের কাপড় (পট্টি) সরে গেলে আপনার চেহারা আমি দেখি। সেই চেহারা মৃত্যুর আগ পর্যন্ত কখনো ভুলবো না। আপনার কণ্ঠস্বর এখনো আমার কানে বাজে।’আসামিদের জেরার উত্তরে সাক্ষী ফরিদ জানান, বিদ্রোহের সময় তিনি সৈনিক লাইনে বিশ্রামে ছিলেন। তাঁর দায়িত্ব ছিল বিডিআর জাদুঘর পাহারা দেওয়া। বেলা ১১টায় তাঁর কর্তব্যে যাওয়ার কথা ছিল।তখন অন্য আসামিরা জানান, বিডিআর জাদুঘর পাহারার দায়িত্বটা ২৪ ঘণ্টাব্যাপী হয়। এই দায়িত্ব যাঁদের ওপর থাকে, তাঁরা বিডিআর চার নম্বর ফটকে গার্ডরুমেই থাকেন। সেখানে খাওয়া, গোসলসহ সব রকমের সুবিধা রয়েছে।সেপাই রেজাউল আলম প্রশ্ন করেন, ‘আপনি কেন গার্ডরুমে না থেকে লাইনে ছিলেন, তখন আপনার কর্তব্য কী ছিল?’ এ প্রশ্নের পর আদালত রুলিং দিয়ে বলেন, ‘এটা জানা আপনার দায়িত্ব না।’রেজাউল আবার প্রশ্ন করেন, ‘গোলাগুলি হচ্ছে, এ বিষয়ে আপনি কাউকে প্রশ্ন করেছিলেন কি না।’ সাক্ষী ফরিদ জবাব দেন, ‘আমি সাধারণ সৈনিক। ওই সময় বিদ্রোহীরা যে তাণ্ডব শুরু করেছিল, তাতে কাউকে কোনো প্রশ্ন করার অবস্থা ছিল না।’ সেপাই সেলিম রেজা প্রশ্ন করেন, ‘আপনার ১১টায় কর্তব্য পালনে যাওয়ার কথা ছিল, আপনি কয়টায় গিয়েছিলেন?’ সাক্ষীর জবাব, ‘সাড়ে ১২টায় গিয়ে একটার মধ্যেই চলে এসেছি।’ সেলিম এরপর প্রশ্ন করেন, ‘আপনি কর্তব্য পুরো পালন না করে চলে এলেন কেন?’ সাক্ষী ফরিদের জবাব, ‘অস্ত্র ছাড়া ডিউটি ছিল। এ কারণে নিরাপদ বোধ না করায় চলে এসেছি।’এরপর সুবেদার জালালউদ্দীন প্রশ্ন করেন, ‘আপনি কি কাউকে বাধা দিয়েছিলেন বা বিদ্রোহের খবর কাউকে দিয়েছিলেন?’ সাক্ষী ফরিদ জবাব দেন, ‘সেখানে আমার বাধা দেওয়া বা পরিস্থিতি মোকাবিলা করার সুযোগ ছিল না।’ সেপাই মাহতাবের প্রশ্নে ফরিদ জানান, তিনি আহত হয়নি। আসামিরা প্রশ্ন তোলেন, মামলার বাদী মতিউর রহমান ও তিন নম্বর সাক্ষী ল্যান্স নায়েক মোতালেব মিয়া তাঁদের জবানবন্দিতে উল্লেখ করেছেন, সকাল ১০টা থেকে ১১টার মধ্যে তাঁরা দুজনই ১ নং সৈনিক লাইনের আশপাশে ছিলেন। সাক্ষী ফরিদের সঙ্গে তাঁদের কারও দেখা হয়েছে কি না জানতে চাইলে ফরিদ জানান, তাঁদের কারও সঙ্গেই তাঁর দেখা হয়নি।আসামিদের মধ্যে কয়েকজন সাক্ষী ফরিদের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। কেউ কেউ আদালত সভাপতির সঙ্গেও তর্ক করেন। আসামিদের তর্ক না করা এবং একই প্রশ্ন বারবার না করার নির্দেশনা দেন আদালত।পরে সংবাদ সম্মেলনে আসামিদের আচরণ নিয়ে মামলার প্রসিকিউটর লে. কর্নেল সামছুর রহমান বলেন, আসামিরা আদালতে যেভাবে ঔদ্ধত্য নিয়ে কথা বলছে, সেদিন (বিদ্রোহের সময়) তারা কী রকম আচরণ করেছিল, তা সহজে অনুমেয়। ভিডিওচিত্রে ছবি ভেসে ওঠার পরও সেপাই হেলালউদ্দীন ও সিপাহি আবদুর রহিম দাবি করেন, ওই ছবিগুলো তাঁদের নয়।