‘ওই আংটিটা আমার বড় প্রেরণা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত সপ্তাহে কলম্বোতে শেষ হওয়া সার্ক ক্যারম চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। এমন সাফল্যের পর বাংলাদেশের ক্যারম ও অন্যান্য প্রসঙ্গ নিয়ে বললেন দলের সেরা খেলোয়াড় হাফিজুর রহমান।  প্রথমবারের মতো সার্ক ক্যারমে রানার্সআপ হয়েছে বাংলাদেশ। কেমন লাগছে?হাফিজুর রহমান: এই প্রতিযোগিতায় তৃতীয় হওয়াটা যেন নিয়ম হয়ে গিয়েছিল আমাদের। ধারাটা ভাঙতে পেরেছি বলে দারুণ খুশি। এই খেলায় আসার অনুপ্রেরণা কীভাবে পেলেন?হাফিজুর: ছোটবেলায় নানা আমাকে একটা ক্যারম বোর্ড উপহার দিয়েছিলেন। ওটা দিয়েই টুকটুক করে খেলতাম। একসময় পাড়া-মহল্লায় বেশ ভালোই নাম করতে লাগলাম। ১৯৯৯ সালে প্রথম জানলাম, জাতীয় পর্যায়ে ক্যারম খেলা হয়। এরপর পরিচয় হলো জাতীয় দলের খেলোয়াড় হুমায়ুন কবির ভাইয়ের সঙ্গে। উনিই আমাকে এখানে নিয়ে আসেন। বিশেষ কোনো অনুপ্রেরণা ছিল?হাফিজুর: একবার খুলনার কদমতলায় একটি আঞ্চলিক টুর্নামেন্টে ম্যাচ-সেরা হয়েছিলাম। পুরস্কার হিসেবে একটা সোনার আংটি পেয়েছিলাম। মা ওটা তুলে রেখেছেন এখনো। ওই পুরস্কার ছিল আমার জন্য বড় প্রেরণা। মনে হয়, ওই আংটিটা বিশ্বকাপ জেতার চেয়েও অনেক বড় পুরস্কার।  বাংলাদেশি হিসেবে তো প্রথম সার্ক ক্যারমে হোয়াইট স্লাম করেছেন। একটু ব্যাখ্যা করবেন? হাফিজুর: এক হিটে সবগুলো কয়েন (ঘুঁটি) ফেলতে পারলে সেটাকে স্লাম বলে, তখন পয়েন্ট আসবে ১২। সাদা নিয়ে খেলেছি বলে এটা হোয়াইট স্লাম। কালো ঘুঁটি নিয়ে করলে সেটা হবে ব্ল্যাক স্লাম। কখন বুঝলেন যে আপনারা রানার্সআপ হতে যাচ্ছেন?হাফিজুর: যখন আমাদের রবিন এককে শ্রীলঙ্কার এক নম্বর খেলোয়াড় চামিল কুরে ও ভারতের রাধা কৃষ্ণানকে হারাল তখনই রানার্সআপের সম্ভাবনা জেগে উঠল। এরপর দলগতভাবে পাকিস্তান ও মালদ্বীপকে হারালে নিশ্চিত হই। পাড়া-মহল্লা, চায়ের দোকানে যেভাবে খেলা হয় তার সঙ্গে আপনাদের খেলায় কি মৌলিক কোনো পার্থক্য আছে?হাফিজুর: পার্থক্য তো আছেই। পাড়া-মহল্লায় যে বোর্ডে খেলা হয় সেটির চেয়ে আরও ছোট বোর্ডে আমরা খেলি। আন্তর্জাতিক নিয়মে খেলতে হয় বিট (বরিক অ্যাসিড) ছাড়াই, কিন্তু স্থানীয় খেলাগুলোয় বিট দিয়েই খেলে বেশি।  খেলার নিয়মকানুন সম্পর্কে বলবেন?হাফিজুর: সাদা ও কালো ঘুঁটিতে ৯টি করে পয়েন্ট। লাল ঘুঁটি হলো কুইন। এটা পকেটে ফেলে কাভার দিলে বোনাস পয়েন্ট ৩। তবে সে ক্ষেত্রে বোর্ড জিততে হবে। ৮ হিটের খেলা হয় এক ম্যাচে। এই কটি হিটে যার যত বেশি পয়েন্ট থাকবে সেই জয়ী হবে। তিন গেমের দুটিতে জিতলেই চ্যাম্পিয়ন।  বাংলাদেশে ক্যারমের কি কোনো ভবিষ্যৎ দেখেন?হাফিজুর: এ দেশে ক্যারমের প্রসার খুব কম। তবে যদি ভারতের মতো আমাদের দেশেও খেলোয়াড়দের চাকরির ব্যবস্থা করা হয়, আর্থিক নিরাপত্তা দেওয়া হয়, তাহলে ক্যারমও জনপ্রিয় হবে খুব তাড়াতাড়ি।