২০০২ সালের ঘটনা। বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্পে এসেই চোখ কপালে উঠে গেল। ঠান্ডার মধ্যে আইস বাথ! ক্যাম্প ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। মায়ের বকুনি খেয়ে শেষ পর্যন্ত সিদ্ধান্ত বদলানো নাজিমউদ্দিন প্রায় ১০ বছর আগের সে ঘটনা মনে করলেন এবারের কন্ডিশনিং ক্যাম্পে কেমন লাগছে কন্ডিশনিং ক্যাম্প?নাজিমউদ্দিন: খুবই ভালো লাগছে। অনেক উপভোগ করছি। সবচেয়ে বড় কথা, সবাই একসঙ্গে আছি। এটার খুব দরকার ছিল। ব্যক্তিগতভাবে তো আপনি অনেক দিন পর এ রকম সুযোগ-সুবিধা পাচ্ছেন...নাজিমউদ্দিন: জাতীয় দলের সঙ্গে না থাকলে বা এ রকম ক্যাম্পে ডাক না পেলে তো চট্টগ্রামেই থাকি। এবারও ডাক না পেলে হয়তো এখন চট্টগ্রামেই থাকতাম, তখন এ রকম ট্রেনিংয়ের সুযোগ পেতাম না। সামনে খেলা আছে, এটা অনেক কাজে দেবে। এই কয় দিনে কী বুঝলেন...আপনার ফিটনেসের অবস্থা কী?নাজিমউদ্দিন: প্রায় ১৫-১৬ দিন হয়ে গেল ক্যাম্প করছি। আমার তো মনে হচ্ছে, প্রথম দিনের তুলনায় অনেক উন্নতি হয়েছে ফিটনেসের। যে কঠিন ট্রেনিং...২-৩ কেজি ওজন কমে গেছে। অনেকেই বলে চট্টগ্রামের ক্রিকেটাররা নাকি একটু অলস, কিন্তু আপনি তো অনেক কষ্ট করছেন এখানে...নাজিমউদ্দিন: (হাসি) এমন অনেকে আছে, যারা কম কষ্ট করলেও তাড়াতাড়ি ফিট হয়ে যায়। আমার ফিটনেসটা সম্ভবত সে রকম নয়, ফিটনেসের দিক দিয়ে একটু ঘাটতি আছে। আমাকে কষ্ট করেই ফিটনেসটা ধরে রাখতে হবে। সেই কষ্ট আমি করছিও। অনূর্ধ্ব-১৯ দলে থাকার সময় একবার কষ্ট সইতে না পেরে ক্যাম্প ছেড়ে চলে যেতে চেয়েছিলেন। মনে আছে নিশ্চয়ই...নাজিমউদ্দিন: (হাসি) আসলে চট্টগ্রাম থেকে বিকেএসপিতে এসেই দেখলাম, এখানে আইস বাথ করাচ্ছে। শুধু আমার নয়, ঠান্ডার মধ্যে আইস বাথ করা সবার জন্যই কষ্টকর ছিল। এই ক্যাম্পের চেয়েও রিচার্ড ম্যাকিন্সের ওই ক্যাম্পটা ছিল অনেক বেশি কঠিন। আর বয়সও ছিল কম, বাসা-পরিবারের সবাইকে খুব মিস করতাম। ওই ট্রেনিংটা এখন করালে ও রকম হতো না। পরে তো মায়ের বকা খেয়ে ক্যাম্পে থেকে গিয়েছিলেন...নাজিমউদ্দিন: আমি তার আগে কখনো আইস বাথ করিনি। অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল। বাসায় ফোন করে মাকে বলি, আমি এত কষ্ট করতে পারব না। বাসায় চলে যাব। মা অনেক বোঝালেন। বললেন, ক্রিকেট খেলতে হলে কষ্ট করতে হবে। থাকো। মায়ের সেই কথাটা কি এখনো মনে রাখেন?নাজিমউদ্দিন: অবশ্যই, পরিশ্রম ছাড়া তো কিছু সম্ভব নয়। মাঝেমধ্যে এ নিয়ে গল্প করি। অন্যরাও মনে করিয়ে দেয়, তুমি তো এ রকম বলেছিলে। চট্টগ্রামের আরেক খেলোয়াড় আফতাব আহমেদের সঙ্গে যোগাযোগ আছে? এই ক্যাম্পে এসে তাঁর কথা মনে পড়ছে না?নাজিমউদ্দিন: হ্যাঁ, কথাও হয়। জিজ্ঞেস করে, কেমন ক্যাম্প হচ্ছে। ওর তো পরিশ্রমকে ভয়। আজ (গতকাল) নির্বাচক সুমন ভাইকে (হাবিবুল বাশার) দুষ্টুমি করে বলেছিও, ভাই, আফতাবকে একটা ফোন দিয়ে বলেন এসে দেখে যেতে, কী কষ্ট করছি (হাসি)। জাতীয় দলে ফেরার স্বপ্ন তো নিশ্চয়ই দেখেন, তাই না?নাজিমউদ্দিন: অবশ্যই। জাতীয় দলে খেলার স্বপ্ন সব সময় ছিল, এখনো আছে। আশা ছাড়িনি। জাতীয় লিগে চারটা ম্যাচ খেলে একটা সেঞ্চুরি করেছি। গত প্রিমিয়ার লিগে মোহামেডানের হয়ে ৪৬৫ রান করেছি। কিন্তু জাতীয় দলে ফিরতে হলে আরও ভালো করতে হবে।