দারুণ সম্ভাবনা নিয়ে এসেছিলেন, ১৮ বছর বয়সে খেলেছেন বাংলাদেশের অভিষেক টেস্টে। নানা কারণে পরে হারিয়ে গেছেন। ব্যক্তিগত জীবনেও হয়েছে ওলটপালট, নাম পাল্টে হয়ে গেছেন মাহমুদুল হাসান। তবে ক্রিকেট-অঙ্গনে এখনো পরিচিত বিকাশ রঞ্জন দাস নামেই। কাল মিরপুরে টেস্ট ক্রিকেটের যুগপূর্তি অনুষ্ঠানে কথা হলো সাবেক এই বাঁহাতি পেসারের সঙ্গে কেমন লাগছে এখানে এসে?বিকাশ রঞ্জন দাস: খুবই ভালো লাগছে। অনেক দিন পর এলাম, অনেকের সঙ্গে দেখা হলো। এ মুহূর্তে আরেকজনের কথা খুব মনে পড়ছে। আমাদের প্রথম টেস্টের কোচ ছিলেন এডি বারলো (আসলে ছিলেন ডিরেক্টর অব ডেভেলপমেন্ট), আমাদের সঙ্গে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল। উনি সবাইকে আপন করে নিয়েছিলেন। এখনো এডিকে মিস করি। এ আয়োজনটাকে কীভাবে দেখছেন?বিকাশ: বোর্ড প্রেসিডেন্ট একটু আগে বললেন এই আয়োজন আসলে পূর্বপরিকল্পিত ছিল না। তার পরও এই দিনটায় আমাদের স্মরণ করার জন্য বোর্ডকে ধন্যবাদ। ছোট হলেও একটা আয়োজন করে আমাদের সম্মানিত করেছে। এই দিনে বোর্ডের কাছে আমার প্রত্যাশা থাকবে অবকাঠামোর ঘাটতির জায়গাগুলো যেন পুষিয়ে দেওয়া হয়। ক্রিকেটারদের আরও বেশি সুযোগ-সুবিধা দেওয়া হয়। প্রতিবছরই এই দিনটা কি মনে পড়ে?বিকাশ: মনে তো পড়েই। কীভাবে ১২ বছর হয়ে গেল, সত্যি বুঝতেই পারিনি। মনে হচ্ছে এই তো সেদিনের কথা। সবকিছুই প্রায় স্পষ্ট মনে আছে। প্রথম টেস্টে আমরা যারা খেলেছিলাম, দুর্জয় ভাই, অপি ভাই...আমরা মাঝেমধ্যে একসঙ্গে হই, আড্ডা দিই। স্মৃতিচারণা করি ওই সময়ের। টেস্ট ক্রিকেটে আপনার প্রথম বলটার কথা মনে পড়ে?বিকাশ: শান্ত ভাই প্রথম ওভার করেছিল, আরেক দিক থেকে আমি শুরু করি। প্রথম বলটা করেছিলাম এস রমেশকে...তবে আমি অপেক্ষা করছিলাম টেন্ডুলকার, সৌরভদের জন্য। ভীষণ রোমাঞ্চিত ছিলাম। ম্যাচের আগে যখনই ভাবতাম শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলীকে বোলিং করব, নিজেরই অবাক লাগত। মজার ব্যাপার হলো, টেন্ডুলকার-দ্রাবিড়-সৌরভরা কেউ বড় রান করতে পারেনি। এটা তখন দারুণ উৎসাহ দিয়েছিল আমাদের। কিন্তু পরে সুনীল যোশি নেমে ঝামেলা করে দিল। প্রথম টেস্ট উইকেটের স্মৃতি?বিকাশ: রমেশকে বোল্ড করলাম, বাড়তি বাউন্সে বল ওর ব্যাটে লেগে স্টাম্পে লাগে। আম্পায়ার স্টিভ বাকনার একটু পর এসে আমাকে বেলটা দিয়ে বলল, ‘এটা যত্ন করে রেখো, তোমার প্রথম টেস্ট উইকেটের স্মৃতি।’ দেখি, বেলটা ভেঙে গেছে! ওই বেল এখনো যত্ন করে রেখে দিয়েছি। পরে দুর্জয় ভাই ৬ উইকেট নিল। আরও ভালো লাগত যদি ম্যাচটা পাঁচ দিনে নিতে পারতাম। কিন্তু দ্বিতীয় ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে চার দিনেই শেষ হয়ে গেল। আপনিও এরপর আস্তে আস্তে হারিয়ে গেলেন...বিকাশ: আসলে পিঠের চোটের সঙ্গে লড়াইয়ে পেরে উঠিনি। তখন আমি এত কিছু বুঝতাম না, আমরা কেউই আসলে ওভাবে বুঝতাম না। আর দলের সবচেয়ে কম বয়সী ছিলাম আমি। একজন পেস বোলারকে যে নিজের যত্ন নিতে হয়, এ ব্যাপারটাই বুঝতাম না। তেমন দিকনির্দেশনাও নিশ্চয়ই পাননি কারও কাছ থেকে?বিকাশ: এত দিন পর ম্যানেজমেন্ট নিয়ে কিছু বলতে চাই না। তখন ক্রিকেটটা অনেকটাই অ্যামেচারিশ ছিল। এখন যেমন ট্রেনার, খুব ভালো ফিজিও, ডাক্তার, বোলিং কোচ, কত স্টাফ দলের সঙ্গে। তখন এসব ভাবাই যেত না। কীভাবে ইনজুরি থেকে নিজেকে রক্ষা করতে হয়, কিংবা ইনজুরিতে পড়লে কী করতে হয়, এসব গাইড করার তেমন কেউ ছিল না। ব্যক্তিগত জীবনেও বেশ কিছু ওলটপালট হয়ে গেল, সেটাও নিশ্চয়ই প্রভাব ফেলেছে?বিকাশ: ব্যক্তিগত জীবন...আসলে এত কিছু বলতে চাই না। খুব ভালো আছি এখন, একটা প্রাইভেট ব্যাংকে চাকরি করছি। স্ত্রী গৃহবধূ, একটা ছেলে আমার, এক বছর চার মাস বয়স। নাম আয়ান। খুব ভালো আছি। ক্রিকেটের খোঁজখবর রাখা হয়? এই মাঠে কত দিন পর এলেন?বিকাশ: গত বিশ্বকাপের পরপর যখন অস্ট্রেলিয়া এল, খেলা দেখতে এসেছিলাম। ওটাই সর্বশেষ। খোঁজখবর এমনিতে রাখি। এই দলের ইলিয়াস সানি, সুহাসের (শফিউল ইসলাম) সঙ্গে নিয়মিত কথা হয় আমার। সুহাসকে তো আমিই বের করেছিলাম। পিংক সিটি একটা প্রতিভা অন্বেষণ কর্মসূচি নিয়েছিল, আমি তখন ওদের পাবলিক রিলেশন ম্যানেজার। আমিই নওগাঁয় নেটে সুহাসকে বাছাই করেছিলাম।