বিপুল উৎসাহ-উদ্দীপনা ও বিভিন্ন কর্মসূচি পালনের মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের সার্ধশততম জন্মবর্ষ উৎসব উদ্যাপিত হয়। যৌথভাবে এ উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ, বাংলা সমিতি ও বাংলা গবেষণা সংসদ। উৎসবের স্লোগান ছিল ‘ওই মহামানব আসে’। উৎসব উপলক্ষে গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ্ কলাভবন প্রাঙ্গণে সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্ল্লাহ্ জাতীয় পতাকা এবং কোষাধ্যক্ষ এম আবদুর রহমান বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করেন। উপস্থিত সবাই সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। সেখান থেকে শিক্ষক-শিক্ষার্থীসহ আমন্ত্রিত অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ক্যাম্পাসে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। উদ্বোধনী অধিবেশনে সফিকুন্নবী সামাদীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য মুহম্মদ নূরুল্লাহ্ ও কোষাধ্যক্ষ এম আবদুর রহমান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অধ্যাপক মিজানুর রহমান খান। উদ্বোধনী অধিবেশন শেষে ‘অমরত্বের জ্বালা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক চৌধুরী জুলফিকার মতিন। অধ্যাপক খন্দকার ফরহাদ হোসেনের সভাপতিত্বে এতে আলোচক ছিলেন অধ্যাপক সনৎ কুমার সাহা ও অধ্যাপক খোন্দকার সিরাজুল হক। দুপুরে শিক্ষার্থীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় রবীন্দ্রসংগীতের অনুষ্ঠান ‘সার্থক জনম আমার’। বিকেলে দ্বিতীয় অধিবেশনে ‘লোকদর্পণে রবীন্দ্রনাথ’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সত্যবতী গিরি। অধ্যাপক আবদুল জলিলের সভাপতিত্বে আলোচক ছিলেন কথাসাহিত্যিক হাসান আজিজুল হক এবং বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এম আবদুল খালেক। সবশেষে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় সংগীতানুষ্ঠান ‘জয় তব বিচিত্র আনন্দ’ এবং নৃত্যানুষ্ঠান ‘নহি সামান্যা নারী’।সিলেট বিভাগীয় বইমেলা শেষসিলেট প্রতিনিধি জানান, জাতীয় গ্রন্থকেন্দ্রের উদ্যোগে এবং বিভাগীয় প্রশাসনের ব্যবস্থাপনায় সিলেটে ১০ দিনব্যাপী বিভাগীয় বইমেলা শেষ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সিলেটের বিভাগীয় কমিশনার এন এম জিয়াউল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংসদ সৈয়দা জেবুন্নেসা হক ও শিক্ষা মন্ত্রণালয়ের সচিব কামাল আবদুল নাসের চৌধুরী। স্বাগত বক্তব্য দেন কবি রফিক আজাদ। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাউল আবদুর রহমান, অতীন্দ্র দেবনাথ, লিংকন দাস প্রমুখ।