‘ওকে ছুটি নিতে বলেছিলাম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওর শরীরটা ভালো ছিল না। জ্বর জ্বর ভাব ছিল। ওকে ছুটি নিতে বলেছিলাম। কিন্তু চাকরির প্রতি এত মায়া ছিল যে, সহসা ছুটি নিতে চাইত না। তাই সকাল সাড়ে সাতটায় দায়িত্ব পালনে ছুটে যায়। সাড়ে ১১টার দিকে কুড়িগ্রাম থেকে মামা ফোন (মুঠোফোন) দিয়ে বলেন, টিভিত (টেলিভিশন) দেখাইতোছে চিরিরবন্দরোত একজন পুলিশোক মারতোছে। ওইটা জামাইর মতো মনে হইল। তুই খোঁজ নেতো।’ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত পুলিশ সদস্য আবদুস সবুরের স্ত্রী নিলুফার ইয়াসমিন কথাগুলো বলছিলেন। গতকাল মঙ্গলবার দিনাজপুরের চিরিরবন্দরে হরতালের সময় জামায়াত-শিবিরের সহিংস হামলায় গুরুতর আহত হন দিনাজপুর পুলিশের বিশেষ শাখার উপপরিদর্শক মো. আবদুস সবুর। পিটিয়ে তাঁর মাথার খুলি ভেঙে দেওয়া হয়েছে। বর্তমানের তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। নিলুফার আরও বলেন, ‘আমি তাঁকে চিরিরবন্দর যেতে নিষেধ করেছিলাম। বলেছিলাম, আজ না গেলে হয় না। এমনিতেই তোমার শরীরটা ভালো যাচ্ছে না। একটা দিন না গেলে হয় না? উত্তরে ও (স্বামী) বলেছিল, “তুমি বুঝতে পারছ না। এটা সরকারি চাকরি।” তাই হরতালের দায়িত্ব পালনে সকালেই ছুটে যায়।’কথাগুলো বলতে বলতে বার বার থেমে যাচ্ছিলেন নিলুফার। ধরা গলায় তিনি বলেন, ‘মামার সঙ্গে কথা বলার পরপরই তাঁর (স্বামী) মুঠোফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাই। তারপর থানার ওসিকে ফোন দিয়ে ঘটনা জানতে পারি, তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে ছুটে যাই।’ রংপুর মেডিকেলের আইসিইউ বিভাগের দায়িত্বরত চিকিত্সক বিধু ভূষণ জানান, আবদুস সবুর এখনো শঙ্কামুক্ত নন। ঘটনার সময় থেকে ৭২ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু বলা সম্ভব নয়। তিনি আরও জানান, মাথার খুলির সামনে বাম দিকে আঘাত রয়েছে। সেখানে রক্তক্ষরণ হয়েছে। সাধারণত এ ধরনের আঘাত গুরুতর। আহত আবদুস সবুরের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বোয়ালমারি গ্রামে। তাঁর এক মেয়ে সুলতানা পারভীন নবম ও এক ছেলে মাহবুব রহমান কেজি শ্রেণীতে পড়ছে।