আগামী ২১ অক্টোবর মাঠে গড়াচ্ছে মহানগর মহিলা ফুটবল লিগ। বাংলাদেশ লিগের মতো এখানেও চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। দলের স্ট্রাইকার জাতীয় দলের সাবিনা খাতুন জানাচ্ছেন নিজের ও দলের প্রস্তুতির কথা প্রথমবারের মতো মাঠে গড়াচ্ছে মহানগর মহিলা ফুটবল লিগ। প্রস্তুতি কেমন চলছে?সাবিনা খাতুন: প্রস্তুতি ভালোই হচ্ছে। আমরা প্রতিদিন দুই বেলা অনুশীলন করছি। অবশেষে বাফুফে এমন একটা টুর্নামেন্ট আয়োজন করায় তাদের ধন্যবাদ। এটা যদি প্রতিবছর মাঠে থাকে তাহলে আমাদের জন্য খুবই ভালো হয়। ক্লাব থেকে টাকাপয়সা কেমন দিচ্ছে আপনাদের? সাবিনা: আমাদের এখনো সে রকম কিছু বলা হয়নি। তবে শুনেছি, ৫০ হাজার টাকা করে দিতে পারে। এতে কি আপনারা সন্তুষ্ট?সাবিনা: আপাতত এটা দিয়ে শুরু করলাম। যেহেতু প্রথম শুরু হয়েছে তাই এতেই খুশি। তবে এটা যদি নিয়মিত চলে তাহলে হয়তো পরে আরও বেশি পাব। আরেকটা কথা, আমাদের সব মেয়ে তো আর জাতীয় দলে খেলতে পারে না। ক্লাব থেকে আর্থিক সাহায্য পেলে তাদের জন্য ভালো হয়। প্রতিযোগিতা কেমন জমবে বলে মনে হয়?সাবিনা: কারা কেমন দল গড়েছে, সেটা জানি না। তবে আমরা দল গড়েছি চ্যাম্পিয়ন হওয়ার জন্যই। বাংলাদেশ লিগে নতুন দল গড়েই শেখ জামাল চ্যাম্পিয়ন হলো। আপনাদেরও নিশ্চয়ই সেই রকম ইচ্ছা?সাবিনা: আমরাও চ্যালেঞ্জটা নিচ্ছি। আমাদের লক্ষ্য একটাই—চ্যাম্পিয়নের ট্রফিটা শেখ জামাল কর্মকর্তাদের উপহার দিতে চাই। নিজেদের মধ্যে সব সময় সেই অনুপ্রেরণা কাজ করে। সে রকম প্রস্তুতিও নিচ্ছি। কোচ স্যার (মোশাররফ বাদল) আমাদের নিয়ে যথেষ্ট পরিশ্রম করছেন। কক্সবাজারে গত ডিসেম্বরে সাফ ফুটবল খেললেন, এরপর তো কোনো খেলা নেই। লিগ খেলে মেয়েদের খেলার কতটুকু উন্নতি হবে? সাবিনা: মেয়েদের উন্নয়নে ক্লাব ফুটবলের এসব কার্যক্রম কতটুকু কাজে দেবে জানি না। তবে আমাদের এখন কোনো আন্তর্জাতিক টুর্নামেন্টের আগে অবশ্যই বেশি বেশি ম্যাচ খেলতে হবে, প্রীতি ম্যাচ খেলতে হবে। আমি মনে করি, আমাদের সারা বছর ক্যাম্পে রাখা উচিত। সাতক্ষীরার হয়ে আন্তজেলা ফুটবলে সর্বোচ্চ ১৩ গোল করেছিলেন? এখানে লক্ষ্য কী? সাবিনা: ইনশাআল্লাহ, সুযোগ পেলে আরও বেশি গোল করব। সুযোগ পেলে তো আর ছেড়ে দেব না। আমি অন্যদের কথা জানি না। তবে যদি বল পাই এবং সুযোগ পেয়ে গোল করতে পারি, তাহলে সেটা অবশ্যই আমার ক্রেডিট। আমার কাজই হচ্ছে গোল করা। কদিন আগে আর্জেন্টিনা দল ঢাকায় ঘুরে গেল। মেসির খেলা কেমন লাগল?সাবিনা: আমরা তো রূপসী বাংলা হোটেলেও ছিলাম, মাঠেও ছিলাম। আসলে ওকে দেখার পর আমরা সবাই খুব উত্তেজিত হয়ে পড়ি। আর্জেন্টিনার মতো একটা দল বাংলাদেশে এসেছে, আমরা তাদের অভ্যর্থনা জানিয়েছি, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। আমরা কখনোই ভাবিনি এটা। ওকে কাছ থেকে দেখলাম। মাঠে মেসির খেলা দেখে আমি ওকে ফলো করার চেষ্টা করছি। বিশেষ করে ওর পাস, রানিং স্টাইল খুবই সুন্দর। জানি না মাঠে সেটা কতটুকু করতে পারব। মেসিকে দেখার পর ভাবছি, এত সুন্দর ফুটবল খেলেন কীভাবে?