‘ওজনটাও একটু বাড়ানো দরকার’
সতীর্থরা সবাই যখন কন্ডিশনিং ক্যাম্পে, শফিউল ইসলাম তখন বগুড়ার জয়পুরপাড়ার বাসায়। বাঁ পায়ের গোড়ালির চামড়া শক্ত হয়ে যাওয়ায় লম্বা স্পেলে বোলিং করতে সমস্যা হতো জাতীয় দলের এই পেসারের। এখন চলছে সেটারই চিকিৎসা কোথায় এখন? ভালো আছেন নিশ্চয়ই?শফিউল ইসলাম: আমি বগুড়াতে...আছি মোটামুটি ভালোই। পায়ের ইনজুরির কারণে কন্ডিশনিং ক্যাম্প করতে পারছেন না। কবে যোগ দেবেন?শফিউল: আর আট-দশ দিনের মতো লাগবে হয়তো বা। পা-টা এখনো শুকায়নি। দেবাশিসদা (বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরী) বলেছিলেন ১৫ দিন পর দেখবেন। এরপর আট দিন গেল। শনিবারে ঢাকা ফিরতে পারি। তখন ওনাকে আবার দেখাব। এর চার-পাঁচ দিন পর থেকে আশা করি প্র্যাকটিস শুরু করতে পারব। পায়ে সমস্যাটা কী?শফিউল: সমস্যা বাঁ পায়ের গোড়ালিতে...চামড়াটা শক্ত হয়ে গিয়েছিল। একটু বড় জায়গা নিয়েই সমস্যাটা হয়েছে। পা বেশি ভিজলে বা ঘেমে গেলে জ্বলে আর ব্যথা করে। এই সমস্যা কত দিন ধরে?শফিউল: এটা অনেক দিন ধরেই আছে। বিশেষ করে টেস্ট ম্যাচে লম্বা স্পেলে বল করলে সমস্যা হতো। পরের স্পেলে বল করার সময় ব্যথা লাগত। এ রকম হলে অনেকে ব্লেড দিয়ে নিজে নিজে কাটে। আমিও সেটা করেছি। কিন্তু ব্লেড দিয়ে কাটায় জায়গাটা আরও ছড়িয়ে গেছে। আগে কখনো চিকিৎসা করাননি?শফিউল: ওইভাবে চিকিৎসা করাইনি। ফিজিও মাইকেল একটা জেল লাগিয়ে দিত, যেন জায়গাটায় বেশি চাপ না পড়ে। এখন কী ধরনের চিকিৎসা চলছে?শফিউল: ওষুধ দিয়ে জায়গাটায় একটা টেপ লাগিয়ে দিয়েছিলেন ডাক্তার। সাত দিন পর সেই টেপ তোলা হয়, কিন্তু তাতে পুরো চামড়াটা উঠে আসেনি। সেজন্য আবার টেপ লাগানো হয়েছে এবং এক সপ্তাহ পর তোলা হয়েছে। শক্ত চামড়া উঠে যাওয়ায় ভেতরের মাংস বের হয়ে গিয়েছিল। এখন সেটা শুকাতে যত দিন সময় লাগে। অ্যাপোলো হাসপাতালের ডাক্তার বলেছেন, এক মাস লাগবে। এ মাসের ৪ তারিখ থেকে এই চিকিৎসা চলছে। খেলা-টেলা কি তাহলে একদমই বন্ধ? বগুড়ায় আছেন, বন্ধুবান্ধবদের সঙ্গে কি টুকটাক খেলেন-টেলেন?.শফিউল: না না, খেলি-টেলি না। এমনি হয়তো বাসায় শর্ট পিচ বলে সামান্য ব্যাটিং করি, এই যা। বোলিং করা যায় না। এখন হাঁটতে পারছি, তবে জোরে চাপ পড়লে বা খোঁচা লাগলে জ্বলে। অনেক দিন ধরেই তো মাঠের বাইরে। কীভাবে কাটালেন সময়টা?শফিউল: চিকিৎসার সময় ডাক্তার বলে দিয়েছিলেন পানি বা ময়লা লাগানো যাবে না। তাহলে ইনফেকশন হতে পারে। সে জন্য বাসায়ই ছিলাম বেশির ভাগ সময়। ছুটির সময় চট্টগ্রাম বা কক্সবাজার যাওয়ার ইচ্ছা ছিল। চিকিৎসার জন্য যাওয়া হয়নি। পেস বোলার হিসেবে আপনার তো ওজনও একটু কম...মাত্র ৫৯ কেজি। ওজন বাড়ানোর জন্য কিছু করছেন?শফিউল: ওজনটা আসলেই একটু বাড়ানো দরকার। দেবাশিসদা দক্ষিণ আফ্রিকা থেকে একটা তরল খাবার এনেছেন। এটা নাকি ওজন বাড়াতে সাহায্য করে, ওটা খাচ্ছি। এ ছাড়া আরেকটা জিনিসও আছে। তবে সেটা খেলে সঙ্গে জিম করতে হয়। জিম করতে পারছি না বলে তা খাওয়াও হচ্ছে না।