‘ওনাদের সঙ্গে যোগাযোগ রাখব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিকেট প্রসঙ্গে সাবেক অধিনায়কদের মতামত এখন বেশি জানা যায় পত্রিকা পড়লে আর টেলিভিশনে টক শো দেখলে। বিসিবির প্রধান নির্বাহী কর্মকর্তা মনজুর আহমেদের আহ্বানে সাড়া দিয়ে এই প্রথম ক্রিকেট বোর্ডের ছাদের নিচে এসেও তাঁরা দিয়ে গেলেন ক্রিকেটের উন্নয়নে কিছু পরামর্শ। বিসিবির প্রধান নির্বাহীও তাঁদের পরামর্শ মেনেই এগোতে চান ভবিষ্যতের দিকে জাতীয় দলের সাবেক অধিনায়কদের সঙ্গে মতবিনিময় করলেন। এর পেছনে বিশেষ কোনো উদ্দেশ্য আছে?মনজুর আহমেদ: ওনারা সবাই সাবেক অধিনায়ক, সম্মানীয় ব্যক্তি। আমাদের উদ্দেশ্য হলো তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ানো, ক্রিকেটের উন্নয়ন নিয়ে আলাপ-আলোচনা করা। তাঁদের কাছ থেকে পরামর্শ নেওয়া। ওনাদের চিন্তাভাবনা, অভিজ্ঞতাকে কীভাবে কাজে লাগানো যায়, আমরা সেই চেষ্টা করে দেখব। সাবেক অধিনায়কদের মতামত তো জানলেন। এখন বাস্তবে সেগুলো কীভাবে কাজে লাগাবেন?মনজুর: ওনাদের পরামর্শ আমরা সব জায়গায়ই কাজে লাগানোর চেষ্টা করব। তাঁরা সবাই বাংলাদেশ দলের হয়ে খেলেছেন। বাংলাদেশের ক্রিকেট সম্পর্কে তাঁরা জানেন। আমাদের ক্রিকেটের উন্নয়নে কি করা উচিত, সে ব্যাপারে ওনাদের পরামর্শ নেওয়ার চেষ্টা করেছি। ভবিষ্যতে আমরা চেষ্টা করব, ওনাদের পরামর্শ নিয়ে এগোতে। সাবেক অধিনায়কেরা কী কী পরামর্শ দিলেন যেসব কাজে লাগানো যায়?মনজুর: পরামর্শ তো অনেক। এটা আসলে একটা উন্মুক্ত আলোচনার মতো ছিল। এই প্রথম ওনাদের সঙ্গে এ রকম আলোচনা হলো। এটা শুরু। আমরা নিয়মিতই ওনাদের সঙ্গে যোগাযোগ রাখব। কখনো কখনো সুনির্দিষ্ট বিষয় নিয়েও আলোচনা করব। এটা তাহলে একটা চলমান প্রক্রিয়া?মনজুর: হ্যাঁ, এটা চলমান একটা প্রক্রিয়া।  এ রকম উদ্যোগ আরও আগেই নেওয়া উচিত হলেও কেউ নেননি। হঠাৎ করে আপনার মাথায় এটা কীভাবে এল?মনজুর: হঠাৎ করে নয়। আমি নিজেও তো আসলে খেলেছি। একজন সাবেক ক্রিকেটার হিসেবে আমি মনে করি এ রকম হওয়াই স্বাভাবিক। হয়তো কোনো কারণে এটা হয়নি। তবে আমি চেষ্টা করব ভবিষ্যতেও তাদের পরামর্শ শোনার। সাবেক ক্রিকেটারদের পক্ষ থেকে একটা দাবি আছে, তাঁদের নামে স্টেডিয়ামের স্ট্যান্ডগুলো করা হোক। এমন কি কোনো পরিকল্পনা আছে বোর্ডের?মনজুর: এটা করার চেষ্টা করব। এ রকম চিন্তাভাবনা এসেছে। বোর্ডকে আমি এই পরামর্শ দেব। মতবিনিময় সভায় বোর্ডের পেশাদারি নিয়েও আলোচনা হয়েছে। বিসিবিকে আরও বেশি পেশাদার করে তুলতে কী পদক্ষেপ নিতে হবে?মনজুর: পেশাদারি মানসিকতা রাতারাতি আসবে না। এর জন্য সময় দরকার। দায়িত্ব নেওয়ার পর আমি প্রথম দিনেই বলেছি, শুধু বিশ্বকাপ নয়, বিশ্বকাপের পর কী হবে, সেটাও আমার চিন্তায় আছে। বোর্ডে যে একেবারেই পেশাদারি দৃষ্টিভঙ্গি নেই, এটা ঠিক নয়। তবে আরও উন্নতি করতে হবে। আস্তে আস্তেই উন্নতিটা আসবে।