‘ওপরে পরিষ্কার কিন্তু ভেতরে অন্ধকার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ও রেল মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ওবায়দুল কাদের গতকাল শুক্রবার রাতে আকস্মিক সফরে ফেনী রেলস্টেশন যান। স্টেশনের নানা অনিয়ম দেখে অসন্তোষ প্রকাশ করে মন্ত্রী বলেন, ‘তারা ওপরে ওপরে পরিষ্কার কিন্তু ভেতরে ভেতরে অন্ধকার।’ এ সময় রেলওয়ের স্টেট (ভূসম্পত্তি) বিভাগের একজন কর্মচারীকে খুঁজে না পেয়ে তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন।মন্ত্রী ফেনী রেলস্টেশনের বিভিন্ন অফিস কক্ষ ও আশপাশের পরিবেশ দেখে তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেন। তিনি পার্সেল বা মাল বুকিং অফিসে গিয়ে মালামাল মাপার যন্ত্রটি নষ্ট দেখতে পান। তিনি বলেন, রেলওয়ের লোকজন আগেই তাঁর নোয়াখালী ও চৌমুহনী পৌঁছার সংবাদ পেয়ে স্টেশনকে সুন্দর রাখার চেষ্টা করেছে। তবে তাঁরা ওপরে ওপরে পরিষ্কার, ভেতরে ভেতরে অন্ধকার। এ অন্ধকার অবশ্যই সরানোর চেষ্টা করা হবে বলেও তিনি মন্তব্য করেন।যাত্রীদের অভিযোগ, ট্রেনের সময়সূচি জানার জন্য বা অন্য কোনো তথ্য জানতে রেলস্টেশনে ফোন করা হলে কেউ ফোন ধরে না। তিনি সহকারী স্টেশন মাস্টারের কক্ষে ঢুকে দেখতে পান টিঅ্যান্ডটি ফোনসেটের সঙ্গে তারের সংযোগ নেই। এ সময় উপস্থিত লোকজন চিত্কার করে ফোনটি ইচ্ছাকৃতভাবে সংযোগ খুলে রাখার অভিযোগ করেন। রেলস্টেশনের পাশে বড় পুকুরটির ইজারাদার কে—জানতে চাওয়া হলে কোনো উত্তর পাওয়া যায়নি। এ সময় রেলের ভূসম্পত্তি সংশ্লিষ্ট কর্মচারী নুরু মিয়াকে খুঁজে না পেয়ে তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেন মন্ত্রী। এ ছাড়া তিনি আগামী সোমবারের মধ্যে ফেনী রেলওয়ের কী পরিমাণ সম্পত্তি জবর দখল হয়েছে, রেলের বরাদ্দ করা বাসাগুলোতে কারা থাকে, তাদের তালিকাও দিতেও বলেছেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, তিনি কোনো অনিয়ম বরদাশত করবেন না। তবে কোনো দিনক্ষণ নয়, যতক্ষণ দায়িত্বে থাকবেন, ততক্ষণ আন্তরিকতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে সচেষ্ট থাকবেন।