‘ওবামা জানে কীভাবে ভালোবাসতে হয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বারাক ওবামা দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। এ জয়ের উত্সব ছড়িয়ে পড়েছে সুদূর আফ্রিকা মহাদেশেও। কারণ, আফ্রিকায় তাঁর পৈতৃক নিবাস, কেনিয়াতে।নেচেগেয়ে ওবামার প্রেসিডেন্ট পুনর্নির্বাচিত হওয়া উদযাপন করেছে কেনিয়ার কোগেলো গ্রামের বাসিন্দা ও তাঁর আত্মীয়রা। উত্সব উদযাপনের মধ্যমণি ওবামার দাদি সারাহ ওবামা। তিনি বলেন, ‘ওবামা জানে কীভাবে সব মানুষকে ভালোবাসতে হয়। তাই সে (ওবামা) নির্বাচনে বিজয়ী হয়েছে।’ সারাহ স্থানীয় লু ভাষায় সাংবাদিকদের বলেন, ‘প্রথমত স্রষ্টা চেয়েছেন বলেই ওবামার জয় হয়েছে। দ্বিতীয়ত, সে (ওবামা) মানুষকে ভালোবাসতে জানে। সে মানুষের মধ্যে বিভাজন করতে শেখেনি।’ চার বছর আগে প্রথম জয়ের চেয়ে ওবামার এবারে পুনর্নির্বাচিত হওয়া বেশি গুরুত্বপূর্ণ বলেও মনে করেন ৯০ বছর বয়সী সারাহ। এনডিটিভির খবরে আরও বলা হয়, মাটির সন্তানের জয় দেখার জন্য রাত জেগে পশ্চিম কেনিয়ার ছোট্ট গ্রাম কোগেলোতে ফল জানতে অপেক্ষায় থাকেন উত্সুক জনতা। এদের অনেকেই ১২ ডলার টিকিটে একটি হোটেলে স্থাপিত বড় পর্দায় ফল দেখেন। ওবামার বিজয় নিশ্চিত হওয়ার পর তাঁরা রাত জাগার ক্লান্তি সত্ত্বেও মামা সারাহ খ্যাত ওবামার দাদিকে অভিনন্দন জানান। এদেরই একজন ৩৫ বছর বয়সী রসায়নবিদ কেলভিন ওডিঙ্গা। তিনি বলেন, ‘এ সময়ে এসে জেতা বেশ কঠিন ছিল। ওবামা সে বাধা পেরিয়েছে।’ এদিকে কেনিয়ার প্রধানমন্ত্রী রাইলা ওডিঙ্গা রাজধানী নাইরোবিতে এক বিবৃতিতে ওবামার বিজয়ের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, তাঁর বিজয়ের মাধ্যমে বিশ্বজুড়ে আস্থা তৈরি হবে। বিশেষত আফ্রিকাজুড়ে গণতান্ত্রিক ব্যবস্থার উন্নয়নের মাধ্যমে পরিবর্তন ও বৈষম্য বিলোপে এ বিজয় উদ্দীপনা জাগাবে। প্রেসিডেন্ট মওয়াই কিবাকি এক বিবৃতিতে বলেন, ‘বরাবরের মতো আবারও বারাক ওবামার প্রতি সমর্থন জানানো কেনিয়ার গর্বের বিষয়।’